
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত করছে। এই অস্থিরতা কাটাতে এবং বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি ভারত ও ব্রাজিলের মতো উদীয়মান শক্তিগুলোকে ‘সক্রিয় হস্তক্ষেপ’ করার অনুরোধ জানিয়েছেন।
সাবেক এই জার্মান পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে এক সিম্পোজিয়ামে বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে এমন এক অবস্থায় যাওয়া থেকে রক্ষা করা, যেখানে এটি কেবল একদল ডাকাতের আস্তানা হয়ে উঠবে; যেখানে নীতিহীন শক্তিরা যা খুশি কেড়ে নেবে এবং একটি দেশ বা অঞ্চলকে গুটিকয়েক পরাশক্তির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে।’
জার্মান প্রেসিডেন্টের সুরেই কণ্ঠ মিলিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বৃহস্পতিবার প্যারিসের এলিসি প্রাসাদে রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আজ আন্তর্জাতিক নিয়মকানুন থেকে বেরিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে মিত্রদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
ইউরোপীয় নেতাদের এই ক্ষোভের অন্যতম প্রধান কারণ গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের ক্রমাগত হুমকি। ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটিকে ট্রাম্প ‘জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার’ হিসেবে ঘোষণা করায় ইউরোপে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস একে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহে কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে মার্কিন বাহিনী। ইউরোপীয় নেতারা মনে করছেন, এটি আন্তর্জাতিক সার্বভৌমত্বের ওপর বড় আঘাত।
তবে জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ার মনে করেন, কেবল ইউরোপের পক্ষে এই মার্কিন একতরফা নীতি ঠেকানো সম্ভব নয়। তাই তিনি গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের বিকল্প খোলা রাখার কথা বলার পর ডেনমার্ক ও তার মিত্ররা হুঁশিয়ারি দিয়েছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা ন্যাটো জোটের আনুষ্ঠানিক সমাপ্তি ডেকে আনতে পারে।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে একাধিক বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এসব হামলার পেছনে পারিবারিক বিরোধ বা গৃহস্থালি বিরোধের সূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর শরীরে নিজের গুলিতে সৃষ্ট ক্ষতচিহ্ন ছিল।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মঙ্গলবার ভোরে ইউক্রেনের কিয়েভ, দিনিপ্রো ও খারকিভে অন্তত নয়জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এর আগে কয়েক দিন ধরে সতর্ক করা হচ্ছিল যে, মস্কো বড় ধরনের একটি হামলার পরিকল্পনা করছে।
৪ ঘণ্টা আগে
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন, মিয়ানমারের ভূখণ্ড ‘ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না’। গতকাল সোমবার ভারত সফররত মিয়ানমারের প্রেসিডেন্ট এই আশ্বাস দেন।
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো মুসলিম প্রতিনিধি ছাড়া সরকার গঠিত হয়েছে। গতকাল সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
৬ ঘণ্টা আগে