Ajker Patrika

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য ফাঁস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২২: ২৯
ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য ফাঁস
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের ওরঝিৎসি গ্রামে ইউক্রেন যুদ্ধে নিহত এক রুশ সেনার অন্ত্যেষ্টিক্রিয়া। ছবি: দ্য গার্ডিয়ান

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের (Rosstat) ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ৪ লাখ ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তবে প্রকৃত নিহত সেনার সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও ইউক্রেনের হ্যাকিং গ্রুপ সাইলেন্ট ক্রো যৌথভাবে রসস্ট্যাটের তথ্যভান্ডারে প্রবেশ করে এসব তথ্য সংগ্রহ করে। এতে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের তথ্য রয়েছে। মৃত ব্যক্তিদের বয়স, বসবাসের ও মৃত্যুর স্থানসহ বিভিন্ন বিবরণও রয়েছে। পরে তথ্যগুলো ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে সরাসরি যুদ্ধের সঙ্গে মৃত্যুর সম্পর্ক উল্লেখ রয়েছে। সরকারি মৃত্যুর কারণ-সংক্রান্ত কোড অথবা যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণের মাধ্যমে এসব মৃত্যুর বিষয়টি শনাক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ১ নভেম্বর হ্যাকিংয়ের ঘোষণা দিয়েছিল ওই দুই গোষ্ঠী। পরে তারা তথ্যগুলো প্রকাশ করে। রসস্ট্যাট হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করলেও কোনো সংবেদনশীল তথ্য চুরি হয়নি বলে দাবি করেছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখার চেষ্টা করে আসছে মস্কো। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে নিহত সেনাদের সংখ্যা প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ। সামরিক হতাহতের তথ্য দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তার অংশ।

ফাঁস হওয়া তথ্যের সত্যতা পুরোপুরি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য গার্ডিয়ান। তবে অন্যান্য আন্তর্জাতিক হিসাবের সঙ্গে এর সামঞ্জস্য রয়েছে। গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে প্রায় পাঁচ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।

এদিকে স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা ও কবরের ছবি বিশ্লেষণ করে নিহত প্রায় ২ লাখ ৮৬ হাজার রুশ সেনার পরিচয় শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান জানিস ক্লুগে বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো বিশ্বাসযোগ্য ও অত্যন্ত সমৃদ্ধ। রুশ সেনাদের হতাহতের বিষয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।

জানিস ক্লুগের মতে, তথ্যভান্ডারে মৃত্যুর ঘটনা অন্তর্ভুক্ত হতে প্রায় ছয় মাস সময় লাগে। এ ছাড়া অনেক সেনা নিখোঁজ রয়েছেন কিংবা তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। ফলে প্রকৃত নিহতের সংখ্যা চার লাখের চেয়ে পাঁচ লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি।

তথ্যে আরও দেখা গেছে, রাশিয়ার দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে যুদ্ধের ক্ষয়ক্ষতি তুলনামূলক বেশি। পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি অঞ্চলে যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই ছিল যুদ্ধসংশ্লিষ্ট। মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এই হার প্রায় ১০ শতাংশ।

২০২৪ সালের শেষ ভাগ ও ২০২৫ সালে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যায়। কোনো কোনো মাসে নিহত সেনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়, অর্থাৎ, প্রতিদিন গড়ে ৫০০ জনের বেশি। ক্লুগে এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত