ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সোমবার (৯ নভেম্বর) প্রায় দুই দশক আগে চার নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এই রায় দেন।
একসময় যুক্তরাজ্যের অন্যতম পরিচিত সম্প্রচারক ও হলিউড তারকা ছিলেন ৫১ বছর বয়সী ব্র্যান্ড। যুক্তরাষ্ট্রের পপ সংগীতশিল্পী কেটি পেরির সাবেক স্বামী তিনি। সাম্প্রতিক বছরগুলোতে মূলধারার বিনোদনজগৎ থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছিলেন।
রয়টার্স জানায়, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সংঘটিত অপরাধগুলোর ঘটনায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাসেল ব্র্যান্ডকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে একটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি।
আজ সাজা ঘোষণার সময় বিচারক জোয়েল বেনাথান বলেন, ব্র্যান্ড ছিলেন একজন যৌন শিকারি। তাঁর ধারণা ছিল, খ্যাতি অর্জনের ফলে তিনি যা ইচ্ছা, যখন ইচ্ছা করতে পারেন এবং সাধারণ মানুষের মতো নিয়মকানুন মেনে চলার প্রয়োজন নেই।
আদালত জানান, সাজাপ্রাপ্ত ব্র্যান্ডকে কারাগারে দুই-তৃতীয়াংশ সময় কাটাতে হবে। এরপর নির্দিষ্ট শর্তে মুক্তি পাওয়ার সুযোগ থাকবে। সাজা ঘোষণার আগে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্ত্রীকে ‘আই লাভ ইউ’ বলতে দেখা যায় তাঁকে। পরে কারা কর্মকর্তারা তাঁকে আদালতকক্ষ থেকে নিয়ে যান।
এদিকে ব্র্যান্ডের এক ভুক্তভোগী, যাকে ২০০৯ সালে তিনি ধর্ষণ করেছিলেন, আদালতে পাঠানো এক বিবৃতিতে নিজের দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেন। বিবৃতিটি প্রসিকিউটররা পড়ে শোনান। ওই নারী জানান, ঘটনার মানসিক আঘাত প্রতিদিন তাঁকে বয়ে বেড়াতে হয়। অনেক সময় তাঁর কাছে মনে হয়, এই যন্ত্রণার কোনো শেষ নেই।
তবে ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার আদালতে জানান, তাঁর মক্কেল এখন আগের মানুষটি নন। দীর্ঘদিন ধরেই তিনি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছেন। মদ ও মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা এবং সাম্প্রতিক সময়ে খ্রিষ্টধর্মের প্রতি নতুন করে বিশ্বাস স্থাপনের বিষয়েও প্রকাশ্যে কথা বলেছেন তিনি।
তবে ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগের তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে একটি ঘটনায় ভুক্তভোগীর বয়স ছিল মাত্র ১৬ বছর। পুলিশের প্রধান গত শুক্রবার বলেছেন, এ ঘটনায় আরও অনেক নারী অভিযোগ নিয়ে সামনে এলে তিনি অবাক হবেন না।
‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ ও ‘আর্থার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রাসেল ব্র্যান্ড। এর আগে তিনি দাবি করেছিলেন, সম্মতি ছাড়া কখনো কারও সঙ্গে যৌন সম্পর্কে জড়াননি। তবে বর্তমান মামলাগুলোর বাইরে আরও দুটি ধর্ষণ ও একটি অশালীন যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন।









