Ajker Patrika

ব্রিটিশ জেন-জিদের এক-তৃতীয়াংশের কখনো যৌনমিলন হয়নি

আজকের পত্রিকা ডেস্ক­
ব্রিটিশ জেন-জিদের এক-তৃতীয়াংশের কখনো যৌনমিলন হয়নি
ছবি: ডয়েচভেল

ব্রিটেনে তরুণ প্রজন্মের মধ্যে যৌনমিলনের প্রবণতা কমছে। তবে একই সময়ে বাড়ছে পর্নোগ্রাফি দেখা এবং মোবাইল ফোনে যৌন আবেদনময় ছবি আদান-প্রদানের প্রবণতা। দেশটির মানুষের যৌন আচরণ নিয়ে পরিচালিত এক বৃহৎ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় এক-তৃতীয়াংশের কখনো যৌনমিলনের অভিজ্ঞতা হয়নি। ১২ বছর আগের জরিপে এই হার ছিল প্রায় এক-পঞ্চমাংশ। তবে একই বয়সী তরুণ-তরুণীদের অর্ধেক গত এক বছরে মোবাইল ফোনে যৌন আবেদনময় ছবি পাঠিয়েছেন বা গ্রহণ করেছেন। এ বয়সী নারীদের অর্ধেক এবং পুরুষদের ৮৬ শতাংশ পর্নোগ্রাফি দেখেছেন।

ব্রিটেনের মানুষের যৌন আচরণ ও জীবনধারা নিয়ে পরিচালিত ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিচিউডস অ্যান্ড লাইফস্টাইলসের (ন্যাটসাল) সর্বশেষ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রথমবারের মতো এই গবেষণায় মানুষের অনলাইনভিত্তিক যৌন আচরণ সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ।

গবেষণায় দেখা গেছে, ৪৫ বছরের কম বয়সীদের মধ্যে যৌনমিলনের হারও কমেছে। বর্তমানে এ বয়সীরা গড়ে মাসে দুবার যৌনমিলনে লিপ্ত হন। ১৯৯০ সালে এ হার ছিল সপ্তাহে একবার। যৌনমিলনে অভ্যস্ত নারীরা গড়ে মাসে একবার এবং পুরুষেরা দুবার যৌনমিলন করেন।

গত এক বছরে ৩৭ শতাংশ নারী এবং ৮১ শতাংশ পুরুষ পর্নোগ্রাফি দেখেছেন। তবে যাঁদের কখনো যৌনমিলনের অভিজ্ঞতা হয়নি, তাঁদের মধ্যে পর্ণ দেখা ও হস্ত মৈথুনের প্রবণতা তুলনামূলক কম। গবেষকদের মতে, অনলাইনভিত্তিক যৌন আচরণ সরাসরি যৌনমিলনের বিকল্প হয়ে উঠছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য নেই।

গবেষণার অন্যতম গবেষক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সোয়াজিগ ক্লিফটন বলেন, ২০২২ থেকে ২০২৪ সালে তথ্য সংগ্রহের সময় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রেমের চ্যাটবট বা ভার্চ্যুয়াল সম্পর্কের বিষয়টি বিজ্ঞান কল্পকাহিনির মতো মনে হয়েছিল। ভবিষ্যতে মানুষের যৌন আচরণ ও সম্পর্কে এআইয়ের প্রভাবও গবেষণায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন হতে পারে।

গবেষকেরা বলছেন, তরুণদের মধ্যে যৌনমিলন কমে যাওয়ার পেছনে শুধু স্ক্রিনে বেশি সময় কাটানো দায়ী নয়। মদ্যপানের প্রবণতা কমে যাওয়া, মা-বাবার সঙ্গে বসবাস, মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা এবং কোভিড মহামারির প্রভাবও এর কারণ হতে পারে। সম্মতি নিয়ে খোলামেলা আলোচনার ফলে তরুণেরা কখন এবং আদৌ যৌনমিলনে যাবেন কি না, সে বিষয়ে নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও মনে করছেন তাঁরা।

গবেষণায় আরও দেখা গেছে, ১৪ শতাংশ নারী তাঁদের অতীত যৌন অভিজ্ঞতায় অন্যদের আচরণের কারণে এখনো মানসিক অস্বস্তিতে ভোগেন। একই হারে পুরুষ নিজেদের কিছু যৌন চিন্তা ও আকাঙ্ক্ষা নিয়ে লজ্জা অনুভব করেন।

এ ছাড়া তরুণদের মধ্যে অনিরাপদ যৌনমিলনের প্রবণতা এবং যৌনবাহিত সংক্রমণের ঝুঁকিও উদ্বেগের বিষয়। তরুণীদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারের হার কমেছে। অন্যদিকে, ১৬ থেকে ৪৪ বছর বয়সী নারীদের মধ্যে সন্তান না চাওয়ার প্রবণতা গত এক দশকে ৮ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশ হয়েছে।

৬ হাজার ৭০০ জনের ওপর পরিচালিত এ গবেষণায় আরও দেখা গেছে, ব্রিটেনের প্রাপ্তবয়স্কদের তিন-চতুর্থাংশ গত এক বছরে যৌনমিলনে লিপ্ত হয়েছেন। তাঁদের জীবদ্দশায় যৌনসঙ্গীর গড় সংখ্যা পাঁচ। গবেষক লরা ওকলি মনে করেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু উদ্বেগ কিংবা জীবনের অগ্রাধিকার পরিবর্তনের মতো বিষয় সন্তান না চাওয়ার প্রবণতাকে প্রভাবিত করছে কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত