Ajker Patrika

অফিসের চাপে প্রাণ গেল কর্মীর, মৃত্যুর ৮ ঘণ্টা পরও এল কাজের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫৭
অফিসের চাপে প্রাণ গেল কর্মীর, মৃত্যুর ৮ ঘণ্টা পরও এল কাজের নির্দেশ
ছবি: সংগৃহীত

গাও গুয়াংহুই নামে ৩২ বছর বয়সী এক চীনা প্রোগ্রামার অতিরিক্ত কাজের চাপে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। চীনের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা কর্মঘণ্টা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ঘটনাটি ঘটে ২০২৫ সালের ২৯ নভেম্বর। সেদিন সকালে গাও অসুস্থ বোধ করলেও বাসা থেকে অফিসের কাজ চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে ‘হার্ট অ্যাটাক’ উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে পদোন্নতি পেয়ে টিম লিডার হওয়ার পর অতিরিক্ত কাজ করা গাওয়ের জন্য নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাঁর স্ত্রী লি প্রায়ই তাঁকে সময়মতো বাড়ি ফেরার অনুরোধ করতেন।

লি আক্ষেপ করে বলেন, ‘আমি যদি সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারতাম, তাহলে তাঁকে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য করতাম।’

এদিকে গাওয়ের মৃত্যুতে নেটিজেনদের স্তম্ভিত করেছে অন্য একটি বিষয়। তাঁর মৃত্যুর ৮ ঘণ্টা পর তাঁর ফোনে অফিস থেকে একটি জরুরি মেসেজ আসে, যাতে তাঁকে দ্রুত কোনো কাজ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল।

এই ঘটনা চীনের ‘সবসময় কাজের মধ্যে ডুবে থাকা’ কর্মসংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অথচ দেশটির শ্রম আইনে স্পষ্ট বলা আছে, একজন কর্মী দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৪৪ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না।

মধ্য চীনের হেনান প্রদেশ থেকে মা-বাবার সঙ্গে গুয়াংডং প্রদেশের গুয়াংঝু শহরে পাড়ি জমানো গাওয়ের শৈশব ছিল বেশ অর্থকষ্টের। হাতখরচের জন্য ছোটবেলায় তাঁকে রাস্তা থেকে ময়লা কুড়াতে হয়েছে। কলেজ জীবনেও তিনি পার্ট-টাইম কাজ করেছেন। স্কুলজীবনের সহপাঠীকে বিয়ে করা গাও নিঃসন্তান ছিলেন।

গাওয়ের স্ত্রী বিশ্বাস করেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিশ্রমই তাঁর স্বামীর মৃত্যুর কারণ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সিভিটিই গ্রুপ’ পরিবারটিকে কিছু ক্ষতিপূরণ দিলেও মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত