Ajker Patrika

চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে প্রায় ২০ লাখ মানুষ

আজকের পত্রিকা ডেস্ক­
চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে প্রায় ২০ লাখ মানুষ
টাইফুন বাভি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে। ছবি: এএফপি

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে টাইফুন বাভি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগের আগে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১১টা ২০ মিনিটে তাইঝৌতে টাইফুনটি আঘাত হানে। তখন এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। সাফির-সিম্পসন স্কেলে এটি ক্যাটাগরি-১ হারিকেনের সমতুল্য।

যদিও স্থলভাগে প্রবেশের পর বাভির গতি কমছে এবং এটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে, তবুও এতে থাকা বিপুল পরিমাণ জলীয়বাষ্পের কারণে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, টাইফুনটির বৃষ্টিবলয়ের বিস্তৃতি প্রায় ফ্রান্সের সমান।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ১৭ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিবেশী ফুজিয়ান প্রদেশ ও রাজধানী বেইজিং থেকে এক লাখের বেশি এবং সাংহাই থেকে প্রায় ৩৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

ঝেজিয়াংয়ের ওয়েনঝৌ শহরের বাসিন্দা ৫০ বছর বয়সী হুয়াং শিংহুয়ান বলেন, ‘কিছুটা উদ্বেগ আছে, তবে আমরা আগেও টাইফুন মোকাবিলা করেছি। এবারও পারব।’ তিনি জানান, তাঁর পরিবার দুই থেকে তিন দিনের জন্য প্রয়োজনীয় খাবার ও পানীয়জল মজুত করেছে। তবে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত খাদ্য মজুত না করারও পরামর্শ দেন তিনি।

তাইওয়ান বড় ক্ষয়ক্ষতি এড়ালেও আহত শতাধিক

টাইফুন বাভি তাইওয়ানে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে গেছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পাহাড়ি এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়।

প্রায় ৯২০টি আন্তর্জাতিক এবং ২৮২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে রাজধানী তাইপের কাছে অবস্থিত তাওইয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত বন্ধ হয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, তাইওয়ানের প্রায় সব শহর ও জেলায় শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। অধিকাংশ সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু রেস্তোরাঁ ও দোকান খোলা ছিল। এ ছাড়া রেল চলাচল সীমিত আকারে চালু রাখা হয়।

তাইওয়ানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, টাইফুনের প্রভাবে অন্তত ১১৩ জন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই মোটরসাইকেল বা সাইকেল থেকে পড়ে গিয়ে কিংবা উড়ে আসা বস্তুর আঘাতে আহত হয়েছেন। তাইপের পাহাড়ঘেঁষা বেইতো এলাকায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়ে এবং কয়েকটি নদীর পানি বেড়ে যায়।

ফিলিপাইনে নিহত ১৭

এদিকে টাইফুন বাভির প্রভাবে সৃষ্ট মৌসুমি ভারী বৃষ্টিতে ফিলিপাইনে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত