
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল সোমবার রাতে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে দেশটিতে অন্তত ৩০ জন আহত হয়েছে। সুনামির আশঙ্কায় হাজারো মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রাত ১১টা ১৫ মিনিটে (জিএমটি ১৪:১৫) আঘাত হানা ভূমিকম্পটির উৎস ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আওমোরি অঞ্চলের সাগরে ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিমি (৩১ মাইল) গভীরে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে তা প্রত্যাহার করা হয়।
ভূমিকম্পের পর কিছু এলাকায় রেলসেবা স্থগিত রাখা হয়। বাসাবাড়িতে বিদ্যুৎ-সরবরাহ বন্ধ রাখা হয়।
জাপানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আগামী কয়েক দিনে আরও শক্তিশালী কম্পন হতে পারে এমন সতর্কতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই অবস্থায় অন্তত এক সপ্তাহ উচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের উদ্দেশে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ‘ভূম্পিকম্পের প্রস্তুতি নিশ্চিত করুন। ঘরের আসবাব ঠিকমতো রাখুন। কোনো ধরনের কম্পন অনুভব করলে সঙ্গে সঙ্গে সরে যাওয়ার প্রস্তুতি নিন।’
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ৯০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আওমোরি প্রিফেকচারাল প্রশাসন জানিয়েছে, এলাকায় প্রায় ২ হাজার ৭০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইস্ট জাপান রেলওয়ে উত্তর-পূর্বাঞ্চলে রেল পরিষেবাও স্থগিত করেছে।
জাপানের প্রধানমন্ত্রীর সংকট ব্যবস্থাপনা কেন্দ্রে একটি প্রতিক্রিয়া দপ্তর খুলে জরুরি দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা।
তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার ও ত্রাণসহ জরুরি দুর্যোগ মোকাবিলা কার্যক্রম বাস্তবায়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।’
তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, তাদের হিগাশিদোরি এবং ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি।
জাপানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকাতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ পূর্ব উপকূলে ৯.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সময় ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ভূমিকম্পে সুনামি হয়ে হনশু দ্বীপের বিস্তীর্ণ অংশ তলিয়ে যায়। এতে ১৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং বহু শহর মানচিত্র থেকে প্রায় মুছে যায়।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় বছরে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প অনুভূত হয়।
এ বছরের শুরুর দিকে জাপানের ভূমিকম্প অনুসন্ধান প্যানেল জানায়, আগামী ৩০ বছরের মধ্যে নানকাই ট্রাফে একটি বৃহৎ ভূমিকম্প হওয়ার আশঙ্কা ৬০-৯০ শতাংশ। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এমন একটি কম্পনে ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে এবং বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে।
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বিস্তৃত ভূকম্পন-সক্রিয় একটি অঞ্চল নানকাই ট্রাফ। এই অঞ্চলের কাছাকাছি হওয়া ভূমিকম্পগুলোতে অতীতেও বহু মানুষের মৃত্যু হয়।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২০ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে