
ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট পোস্ট, মন্তব্য বা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয়ে একটি খসড়া ডিক্রি তৈরি করেছে দেশটির সরকার। সংবাদ সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা ওই খসড়া অনুযায়ী—শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে এটি ভিয়েতনামের একটি বড় পদক্ষেপ হতে পারে।
প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট অবশ্যই তাদের বাবা-মা বা আইনগত অভিভাবকের তথ্য ব্যবহার করে নিবন্ধন করতে হবে। শিশু কোন ধরনের কনটেন্ট দেখছে এবং কত সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটাচ্ছে, তা তদারকির দায়িত্বও থাকবে অভিভাবকের ওপর।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে প্রযুক্তিগত ব্যবস্থা ব্যবহার করে শিশু ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে এবং তাদের বয়স উপযোগী কনটেন্ট সরবরাহ নিশ্চিত করতে হবে।
গত ২৩ জুলাই নতুন বিধিমালা নিয়ে আয়োজিত এক বৈঠকে ভিয়েতনামের উপ-সংস্কৃতিমন্ত্রী ফান তাম বলেন, ‘মূল লক্ষ্য শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ বা অতিরিক্তভাবে সীমিত করা নয়। বরং শিশুরা যখন এসব সেবা ব্যবহার করবে, তখন তারা যেন বয়স উপযোগী পরিবেশে থাকে এবং অনুপযুক্ত ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।’
খসড়া ডিক্রিতে শিশুদের অ্যাকাউন্টে সর্বোচ্চ মাত্রার গোপনীয়তা সুরক্ষা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে সহিংসতা, পর্নোগ্রাফি, জুয়া, মাদক, আত্মহত্যা এবং অন্যান্য ক্ষতিকর কনটেন্ট শনাক্ত, সতর্ক এবং প্রয়োজন হলে ব্যবহারকারীর প্রবেশাধিকার বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।
শিশুদের অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্ষতিকর কনটেন্টের কারণে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশ শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নতুন আইন ও বিধিমালা প্রণয়ন করছে।
গত ২২ জুলাই ফ্রান্সের আইনপ্রণেতারা ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছেন। এর আগে অস্ট্রেলিয়া শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপকারী প্রথম দেশ হয়। আরও কয়েকটি দেশও একই ধরনের পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ভিয়েতনাম শিশু-কিশোরদের অনলাইন গেম খেলার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে। খসড়া ডিক্রি অনুযায়ী, গেম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাবা-মা বা আইনগত অভিভাবকের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
এ ছাড়া একই কোম্পানির সরবরাহ করা গেমে ১৬ বছরের কম বয়সী শিশুদের প্রতিদিন সর্বোচ্চ ৬০ মিনিট খেলার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তবে খসড়া ডিক্রিটি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্তভাবে অনুমোদনের আগে এতে পরিবর্তন আনা হতে পারে।

যন্তর মন্তর শব্দটি ভারতে জেন-জি বিক্ষোভকে কেন্দ্র করে আলোচনায় এসেছে। যন্তর মন্তর আসলে কী, এই নামের পেছনের ইতিহাস কী—চলুন জেনে নেই। ভারতের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে যন্তর মন্তর এক অনন্য নাম। পর্যটকদের কাছে এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বিজ্ঞান, স্থাপত্য ও ইতিহাসের..
১২ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় অন্তত ৩৪টি শিশুকে পাচার ও বিক্রির একটি হাই-প্রোফাইল মামলায় গত মঙ্গলবার দেশটির একটি আদালত ১৯ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। তবে আদালতের এই রায়ের মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হলেও একটি বড় প্রশ্ন অমীমাংসিতই থেকে গেছে—সিঙ্গাপুরে দত্তক নেওয়া ওই শিশুদের ভবিষ্যৎ এখন কী হবে?
১ ঘণ্টা আগে
ইয়েমেনে নিজেদের প্রভাব আরও সুসংহত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জ্যেষ্ঠ কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সংক্রান্ত সরঞ্জাম বহনকারী একটি ফ্লাইট চলতি মাসে ইয়েমেনে পাঠানো হয়েছে বলে একাধিক সূত্রের দাবি।
৩ ঘণ্টা আগে
ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আমির মোহাম্মদ আক্রমিনিয়া গতকাল বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখন যুদ্ধের এক নতুন পর্যায় প্রত্যক্ষ করছি।’ তাঁর এই মন্তব্যকে ভুল বলার সুযোগ নেই। ইয়েমেনের হুতি যোদ্ধারা দাবি করেছে, তারা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে বোমা হামলা চালিয়েছে।
৫ ঘণ্টা আগে