বৃহস্পতিবার বিকেল। দেশের বাইরে কাজ করছি, স্বাভাবিকভাবেই পরিচয়পত্র ঝুলিয়ে ক্যামেরা হাতে একটা ফুলবাবু ভাব। ওই দিন (২১ জুলাই) সকালে শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। তারপর থেকেই গণমাধ্যমকর্মীদের আগ্রহের বিষয় ছিল কী করবেন বিক্ষোভকারীরা। কলম্বোর বাইরে শহর লাগোয়া সংসদ হয়ে দ্বিতীয় দফায় গল ফেস এলাকায় পৌঁছাতে বিকেল হয়ে গেছে।
ঘটনাস্থলে পৌঁছাতেই বোঝা গেল, আন্দোলনকারীদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। আগের মতো গণজমায়েত নেই। আন্দোলনকারী শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই স্পটে নেই। দু-তিনজন জানালেন, তাঁরা অনেক চাপে রয়েছেন, রাতে কী হয় বুঝতে পারছেন না। সরকারের পক্ষ থেকে প্রচুর চাপ আসছে। কী করা যায় ভাবছেন তাঁরা।
হঠাৎ কারও ডাক শুনতে পেলাম। মনে হলো, আমাকে কেউ ডাকছেন। চেহারার কারণে শুরু থেকেই স্থানীয় মানুষ আমাকে শ্রীলঙ্কান বলেই মনে করেন। তিনিও হয়তো সেরকম ভেবেই স্থানীয় ভাষায় ডাকছেন আমাকে। তাঁর কথা বুঝতে না পারায় পাশে দাঁড়ানো এক কিশোরকে ইংরেজিতে জিজ্ঞেস করলাম, উনি কী বলছেন? কিশোরটি জানাল—আপনার ক্যামেরায় তাঁর ছবি তুলে দিতে অনুরোধ করেছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কার্যালয়ের ঠিক সামনে নবজাতক শিশু, মায়ের কোলে শিশু এমন কয়েকটি পোস্টার নিয়ে বসে আছেন এক বৃদ্ধা। সেই বৃদ্ধাই আমাকে ডেকেছিলেন। বলেছিলেন তাঁর ছবি তুলে দিতে। পরে তিনি পোজ দিলেন, কয়েকটা ছবি তুললাম। তারপর বললেন ছবিগুলো তাঁর ফোনে দিতে। বলেই বের করলেন একটি বাটন ফোন। আমি সেই কিশোরের সাহায্য নিয়ে তাঁকে জানালাম, এই ফোনে তো ছবি দেওয়া যাবে না। পরে আমার ক্যামেরায় ছবিগুলো দেখে তিনি বললেন, ‘আমাকে প্রিন্ট করে দিও।’
আমিও এই সুযোগে জানতে চাইলাম, কেন এখানে এসেছেন, কী করেন, কোথায় থাকেন—এসব। তাঁর পুরো নাম পিয়াসিলি (৫৭)। বসবাস কলম্বোর নিকটবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা কুরুনেগালার গিরুল্লা এলাকায়। গুগল জানাল, মাত্র ৫ হাজার লোকের বাস সেখানে।
পিয়ার চার ছেলেমেয়ে, স্বামী নেই। আন্দোলনে এসেছিলেন, এখানেই রাত কাটান। একজনের পরামর্শে এই পোস্টার বিক্রি শুরু। তাঁর এলাকায় খাওয়াদাওয়ার অনেক সমস্যা। তাই রাজধানীতে আসা। পরদিন তাঁকে ছবি প্রিন্ট করে দেব এই আশ্বাস দিলাম। শুনে বেশ খুশি হলেন তিনি। কিন্তু রাতেই খবর পেলাম সেখানে অভিযান চালিয়েছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। পুরো এলাকা প্রশাসনের দখলে।
কোনোমতে রাতটা পার করেই সকালেই ছুটলাম গল ফেসে। তখন মাথায় শুধু কী একটাই ভাবনা—সেখানকার কী অবস্থা, পরিস্থিতি বোঝা। সকাল পেরিয়ে গেল ব্যস্ততায়। দুপুরের পর মনে পড়ল পিয়ার কথা। এখানে যেহেতু বিদ্যুৎ থাকে না, তাই সেদিন চেষ্টা করেও পিয়ার ছবিগুলো প্রিন্ট করা যায়নি।
কয়েকজনকে পিয়ার ছবি দেখালাম, কেউই নিশ্চিত করে বলতে পারলেন না। যদিও বিক্ষোভকারী তেমন ছিলেন না ওই এলাকায়। রাতে আবারও খোঁজ নিলাম, কিন্তু ছবির আশায় থাকা সেই নারীর দেখা মেলেনি। দেওয়া হয়নি তাঁর আগ্রহের ছবিগুলো।
তাঁর মতো অপেক্ষায় আমিও। আশা করি সুস্থ আছেন তিনি। হয়তো শিগগিরই কোনো এক দারুণ সকালে সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কার গল ফেসের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আবারও দেখা হয়ে যাবে পিয়াসিলির সঙ্গে। তখনো কি পোস্টার বিক্রি করবেন তিনি? কিংবা আমার কাছে তখন কি থাকবে তাঁর সেই কাঙ্ক্ষিত ছবিগুলো?

১৯৭৬ সালের ঐতিহাসিক এন্টেবে বিমানবন্দর জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি সেনা কমান্ডার ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই ইয়োনাতান নেতানিয়াহুর একটি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেছে উগান্ডা। এন্টেবে সামরিক অভিযানের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী কামপালা থেকে প্রায়...
৩ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার ১৪ নম্বর ইস্ট বে সংসদীয় আসনের এই বিশেষ নির্বাচনে আয়েশা ওয়াহাব তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত এপ্রিলে ওই আসনের তৎকালীন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
বাড়ির কাজ করে না আনায় ছয় বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্কুলেই লুটিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়। ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
৬ ঘণ্টা আগে