Ajker Patrika

পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম

আজকের পত্রিকা ডেস্ক­
পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম
মঙ্গলবার উত্তর কোরিয়ার সামজিয়নে পর্যটন এলাকায় কন্যাসহ কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি চীন সীমান্তবর্তী সামজিয়ন পর্যটন এলাকার নির্মাণকাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যের পর কিমের সম্ভাব্য চীন সফর নিয়ে জল্পনার মধ্যেই তাঁর এই পরিদর্শন সামনে এল।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, রোববার ও সোমবার সামজিয়ন এলাকায় বিমানবন্দরের পুনর্নির্মাণ, পর্যটকদের জন্য রেলপথ এবং একটি স্কি রিসোর্টের কাজ ঘুরে দেখেন কিম। এ সময় রিসোর্টের হোটেল, লজ ও আবাসনব্যবস্থার প্রশংসা করে সেগুলোকে নিখুঁত ও সর্বোচ্চ মানের বলে উল্লেখ করেন তিনি।

প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ছবিতে কিমের সঙ্গে তাঁর মেয়ে জু আয়ে-কে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে দেখা গেছে। বরফে ঢাকা পাহাড়ি এলাকায় স্কি করার ছবিও প্রকাশ করেছে কেসিএনএ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জু আয়েকে প্রস্তুত করা হচ্ছে।

বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন কিম। এ ছাড়া মাউন্ট পেকতুতে গিয়ে পুনর্নির্মিত ক্যাবল কার স্টেশন ও হেভেন লেক এলাকার উন্নয়নকাজ পর্যালোচনা করেন তিনি।

এদিকে, গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে চীনে কিমের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, এই সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে কিম যোগ দিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে।

এদিকে, উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জো ইয়ং ওন মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া প্রতি মাসে উত্তর কোরিয়া থেকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত