উচ্চমধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেলেও শ্রীলঙ্কার মানুষ ভালো নেই

বিশ্বব্যাংকের হিসাবে শ্রীলঙ্কা এখন উচ্চমধ্যম আয়ের দেশ। গত জুলাইয়ে দেশটিকে নিম্নমধ্যম আয়ের দেশ থেকে উচ্চমধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করা হয়েছে। তবে আন্তর্জাতিক এই স্বীকৃতির সঙ্গে দেশটির সাধারণ মানুষের বাস্তব জীবনের চিত্রের মিল নেই। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এখনো অর্থনৈতিক সংকটের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন লাখো মানুষ।
জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কলম্বোর ৫৩ বছর বয়সী তিন চাকার যান (টুকটুক) চালক সুসান্থা জয়াবীরার আয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। অর্থনৈতিক সংকটের আগে মাসে তাঁর আয় ছিল ১ লাখ ৪০ হাজার রুপির বেশি। এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ রুপিতে। জ্বালানি ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ ছোট দূরত্বেও টুকটুক ব্যবহার এড়িয়ে বাসে যাতায়াত কিংবা হেঁটে চলাচল করছেন।
একই পরিস্থিতি বেতনভোগী পরিবারগুলোরও। দুই সন্তান ও বৃদ্ধ মা-বাবাসহ পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কুশানি জোসেফ মাসে ১ লাখ ৮৫ হাজার রুপি আয় করেও সঞ্চয় করতে পারছেন না। সংসারের খরচ মেটাতে খাবারের তালিকাও ছোট করতে হয়েছে তাঁদের। আগে প্রতিবার খাবারের সঙ্গে চার ধরনের সবজি ও মাংস থাকলেও এখন দুই ধরনের সবজিতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। সপ্তাহে সর্বোচ্চ দুবার মাছ বা মুরগি খাওয়ার সুযোগ হচ্ছে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৪ সালে শ্রীলঙ্কার মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) ছিল ৩ হাজার ৮৭০ ডলার, যা ২০২৫ সালে বেড়ে ৪ হাজার ৬৭০ ডলারে দাঁড়িয়েছে। উচ্চমধ্যম আয়ের দেশের নির্ধারিত সীমা ৪ হাজার ৬৩৬ ডলার। অর্থাৎ মাত্র ৩৪ ডলার বেশি আয় করেই নতুন শ্রেণিতে উন্নীত হয়েছে দেশটি।
তবে অর্থনীতিবিদদের মতে, জাতীয় আয়ের এই বৃদ্ধি সাধারণ মানুষের জীবনমানের উন্নতির প্রতিফলন নয়। শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের গবেষক আসাঙ্কা উইজেসিংহে বলেন, মূল্যস্ফীতি সমন্বয়ের পর ২০২৫ সালে দেশটির পারিবারিক ভোগব্যয় ২০১৯ সালের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বেশি হলেও ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকৃত শ্রম আয় ৪০ শতাংশের বেশি কমেছে। সেই ক্ষতি এখনো পুরোপুরি কাটেনি।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জ্যাকব এঙ্গেল জানান, সংকটের সময় দেশটির দারিদ্র্যের হার দ্বিগুণ হয়েছিল এবং তা এখনো সংকট-পূর্ব অবস্থার চেয়ে বেশি। প্রকৃত মজুরিও ২০১৯ সালের তুলনায় প্রায় ১২ শতাংশ কম।
সাবেক কেন্দ্রীয় ব্যাংক ডেপুটি গভর্নর ডব্লিউ এ উইজেবর্ধনে এই উত্তরণকে ‘কারিগরি পদোন্নতি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, জনসংখ্যা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমে যাওয়াও মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
তবে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের বাজারে শ্রীলঙ্কার রপ্তানি সুবিধা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির পণ্য রপ্তানির প্রায় ৩০ শতাংশ এ দুই বাজারে যায়। বিশেষ করে তৈরি পোশাকের শুল্ক শূন্য থেকে প্রায় ১২ শতাংশে উন্নীত হতে পারে।
সব মিলিয়ে বিশ্বব্যাংকের স্বীকৃতি শ্রীলঙ্কার অর্থনীতির পরিসংখ্যানগত অগ্রগতি তুলে ধরলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় তার প্রতিফলন এখনো নেই। কুশানি জোসেফের ভাষায়, ‘উচ্চমধ্যম আয়ের দেশ বলা হলেও আমাদের দৈনন্দিন জীবনে কোনো উন্নতি চোখে পড়ছে না। সাধারণ মানুষের কাছে এটি অর্থহীন একটি তকমা। আমাদের জীবন বরং দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।’









