
কোনো ধরনের প্রস্তুতি ছাড়া একপ্রকার দুর্ঘটনার শিকার হয়েই ৮ হাজার মিটার ওপরে উঠে গিয়েও জীবিত ফিরে এসেছেন চীনের প্যারাগ্লাইডার পেং ইউজিয়াং। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের স্বল্পতা ও বিপজ্জনক উচ্চতায় উঠে যাওয়ার পরও তিনি শেষমেশ নিরাপদে ভূমিতে নামতে সক্ষম হন। তবে অনুমতি ছাড়া এই ফ্লাইট পরিচালনার দায়ে তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
চীনের গানসু প্রদেশের ছিলিয়ান পর্বতমালায় প্রায় ৩ হাজার মিটার উচ্চতা থেকে পেং ইউজিয়াং যাত্রা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটি নতুন কেনা সেকেন্ড হ্যান্ড প্যারাগ্লাইডিং সরঞ্জাম পরীক্ষা করা—ফ্লাইট দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর ছিল না। কিন্তু যাত্রা শুরুর প্রায় ২০ মিনিট পর তিনি একটি প্রচণ্ড ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহে (আপড্রাফট) আটকা পড়ে আরও ৫ হাজার মিটার ওপরে উঠে যান। এতে তাঁর মোট উচ্চতা দাঁড়ায় প্রায় ৮ হাজার মিটার, যা নিয়মিত বিমান চলাচলের উচ্চতা এবং এভারেস্টের চূড়ার উচ্চতার কাছাকাছি।
পেংয়ের হেলমেটে লাগানো ক্যামেরার ভিডিওতে দেখা যায়, তিনি মেঘের ওপরে অবস্থান করছেন এবং তাঁর দেহ বরফে ঢাকা পড়ে যাচ্ছে। ধারণা করা হয়, সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পরে ভূমিতে নিরাপদে অবতরণ করে এক ভিডিওতে তিনি বলেন, ‘আমার হাত জমে গিয়েছিল। আমি বারবার রেডিওতে কথা বলার চেষ্টা করছিলাম।’
স্থানীয় ক্রীড়া কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘দুর্ঘটনা’ হিসেবে বিবেচনা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, একজন সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া ৮ হাজার মিটারে টিকে থাকতে পারে না। এটি স্বেচ্ছায় করা সম্ভব নয়। তবে পেং একজন অভিজ্ঞ প্যারাগ্লাইডার। তাঁর প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা দীর্ঘ পাঁচ বছরের। তাই, অভিজ্ঞতা কাজে খাঁটিয়ে টিকে ছিলেন পেং। কিন্তু যেহেতু পেং ফ্লাইটের কোনো পরিকল্পনা জমা দেননি এবং অনুমতি ছাড়াই যন্ত্র পরীক্ষা করছিলেন, তাই তাঁর এই উড্ডয়ন ‘প্রাসঙ্গিক অনুমোদনের আওতায়’ ছিল না।
তদন্তে আরও বলা হয়, পেং প্রায় এক ঘণ্টা আকাশে ছিলেন এবং নিচে থাকা তাঁর বন্ধু গু ঝিমিনের সঙ্গে রেডিও যোগাযোগ রাখছিলেন। তিনি নিচে নামার চেষ্টা করেছিলেন, কিন্তু উচ্চতা কমাতে ব্যর্থ হন এবং প্রচণ্ড ঠান্ডা ও দুশ্চিন্তায় একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। শেষমেশ তিনি যাত্রা শুরুর স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবতরণ করতে সক্ষম হন।
পরে গু ঝিমিন এই অবিশ্বাস্য অভিজ্ঞতার ভিডিও এবং ভূমিতে নামার পর পেংয়ের কিছু মন্তব্য ডৌইনে (চীনা টিকটক হিসেবে পরিচিত) পোস্ট করেন। স্বাভাবিকভাবেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। তাঁর এই কীর্তি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নেট জগতের বাসিন্দাদের। ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পেং। তবে, অনুমতি না নিয়ে এমন বিপজ্জনক উড্ডয়ন করায় কর্তৃপক্ষের নিন্দার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, `গু ঝিমিন অনুমতি ছাড়া ভিডিও পোস্ট করেছেন, যার নেতিবাচক প্রভাব পড়েছে।’ তাকেও ছয় মাসের জন্য প্যারাগ্লাইডিং নিষিদ্ধ করা হয়েছে এবং তাঁকে আত্মসমালোচনামূলক একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অনেকে বলছেন, পেংয়ের আগে কেউ অক্সিজেন ছাড়া এত ওপরে উঠতে পারেনি। ফলে, পেং একটি বিশ্ব রেকর্ড করেছেন। তবে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে—এই ফ্লাইট নিবন্ধিত না থাকায় এটি কোনো আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে গণ্য করা হবে না।
প্রসঙ্গত, ২০০৭ সালে জার্মান প্যারাগ্লাইডার এভা উইস্নিয়ার্সকা অস্ট্রেলিয়ায় অনুরূপ এক ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহে আটকা পড়ে ৯ হাজার ৯৪৬ মিটার উচ্চতায় উঠেছিলেন, যা এখনো পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ প্যারাগ্লাইডিং ফ্লাইটের রেকর্ড হিসেবে স্বীকৃত।

এপ্রিল মাসের প্রথম দিনটি বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুলস ডে’ হিসেবে পরিচিত। এ দিনে অনেকেই কাছের বা পরিচিত মানুষকে বোকা বানিয়ে মজা করার চেষ্টা করেন। কিন্তু এপ্রিলের প্রথম দিনটি কীভাবে বোকা বানানোর দিন হলো? এ নিয়ে মার্কিন সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরু করার ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে একটি মানসিক হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় স্বাস্থ্যসেবা খাতে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ইরানে স্থল সেনা মোতায়েনের প্রশ্নে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ‘অনিশ্চিত’ অবস্থান বজায় রাখতে চায়, যাতে প্রতিপক্ষ কখনোই নিশ্চিতভাবে বুঝতে না পারে
৫ ঘণ্টা আগে