ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পির হোসেইন কোলিবান্দ আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পির হোসেইন কোলিবান্দ দেশটির রাষ্ট্রীয় টিভিকে জানান, দুর্ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। এ সময় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয়েছে বলেও ঘোষণা দেন তিনি।
গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এই দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন বলে আজ দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও একই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থাটি এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ‘শহীদ’ বলে অভিহিত করে। ইরানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গিয়েছিল।
এদিকে ৫০ দিনের মধ্যেই সংবিধান অনুসারে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক পদাধিকারীদের নিয়ে গঠিত অভিভাবক পরিষদ, যা ফারসি ভাষায় শুরায়ে নিগাহবন নামে পরিচিত—এই সিদ্ধান্ত নিয়েছে। অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, খুব শিগগির ইরানের পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং পরিষদের অন্যান্য সদস্য মিলে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।
এর আগে, আজ সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম রাইসি ও আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তার আগে, গতকাল রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন আরোহী ছিলেন।
এদিকে ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ায় দেশটিতে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। আর তা কাটিয়ে উঠতেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তী দায়িত্ব নেবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সংবিধান অনুসারে কোনো কারণে মেয়াদ শেষ হওয়ার আগে দেশটির সরকারপ্রধান তথা প্রেসিডেন্টের পদ শূন্য হলে সেই পদে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট। মোহাম্মদ মুখবার বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
তবে মুখবারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন লাগবে। ইরানের সংবিধান অনুসারে মোহাম্মদ মুখবার আগামী ৫০ দিন দায়িত্ব পালন করতে পারবেন এবং এই সময়ের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেননি। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৬২ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর শাসনামলে চীন, রাশিয়া, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন করে তেহরান। ইসরায়েলে আলোচিত ইরানি হামলার সময়ও প্রেসিডেন্ট ছিলেন তিনি।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০ মিনিট আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১২ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৩ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৩ ঘণ্টা আগে