
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দুই শতাধিক মানুষের মৃত্যুর পর এবার যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত হতে পাকিস্তানের দ্বারস্থ হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন।
লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার নাওয়াফ সালাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেন। এ সময় তিনি দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি অনুরোধ জানান, যেন পাকিস্তান এটি নিশ্চিত করে যে—‘যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে’। নাওয়াফ সালাম বলেন, গতকাল বুধবার লেবাননে ইসরায়েল যে ধরনের রক্তক্ষয়ী হামলা চালিয়েছে, তার পুনরাবৃত্তি রোধে এই নিশ্চয়তা জরুরি।
পাকিস্তান ও ইরান এই যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত বলে দাবি করলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা শুরু থেকেই অস্বীকার করে আসছে।
গতকাল পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই লড়াইকে একটি ‘আলাদা সংঘর্ষ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হিজবুল্লাহর কারণে তাদের এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। ওটাও (লেবানন পরিস্থিতি) একসময় দেখে নেওয়া হবে। সব ঠিক হয়ে যাবে।
অথচ গত মঙ্গলবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবাননসহ সব স্থানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এই মুহূর্ত থেকেই এই ঘোষণা কার্যকর হবে।’
উল্লেখ্য, গতকাল লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত ও ১ হাজার ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানী বৈরুত ও এর আশপাশের কিছু শহর, দক্ষিণ লেবানন এবং পূর্বের বেকা উপত্যকায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো হতাহত ব্যক্তিদের উদ্ধারের কাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ আজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান লেবাননকে ‘যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে দেখে। তিনি হুমকি দিয়ে বলেন, যদি লেবাননকে এর বাইরে রাখা হয়, তবে ইরান ‘কঠোর জবাব’ দেবে। একই সঙ্গে আন্তর্জাতিক মহল থেকেও লেবাননকে এই শান্তিচুক্তির আওতায় আনার জন্য জোর দাবি জানানো হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক ঘণ্টা শান্তি বিরাজ করলেও লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে পুরো শান্তিপ্রক্রিয়া এখন সুতার ওপর ঝুলে আছে।

উগান্ডার কিবালে ন্যাশনাল পার্কে বসবাসকারী বিশ্বের বৃহত্তম পরিচিত বন্য শিম্পাঞ্জি দল নিয়ে চাঞ্চল্যকর এক গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা এই শিম্পাঞ্জি সম্প্রদায়টি গত আট বছর ধরে কার্যত এক ‘গৃহযুদ্ধ’-এ জড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মুখোমুখি বসার কথা। তবে আলোচনার সময় ঘনিয়ে এলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক সংলাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পাকিস্তান। ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি মধ্যস্থতার পর এই বৈঠকের আয়োজন করছে পাকিস্তান—যা শুধু আঞ্চলিক নয়...
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে পলিমার্কেটের একটি অ্যাকাউন্ট ইরান ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে বাজি ধরে ৫ লাখ ৫০ হাজার ডলারের বেশি মুনাফা করে। ওই হামলার পরই খামেনির মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে