অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় গ্রামীণ কাজের শর্ত বাড়ছে

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বছরের ওয়ার্কিং হলিডে ভিসা পেতে গ্রামীণ এলাকায় কাজের বাধ্যতামূলক সময়সীমা বাড়ানো হচ্ছে। ২০২৭ সালের ১ মার্চ থেকে এ ভিসার আবেদনকারীদের দ্বিতীয় বছরের অনুমতির জন্য চার মাস গ্রামীণ এলাকায় কাজ করতে হবে। বর্তমানে এ সময়সীমা তিন মাস। তবে তৃতীয় বছরের ভিসার জন্য ছয় মাস কাজের শর্ত অপরিবর্তিত থাকছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, অস্ট্রেলিয়ার আঞ্চলিক এলাকাগুলোতে শ্রমিকসংকট মোকাবিলা এবং অভিবাসনের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে দেশটির সরকার শর্ত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তবে যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা আগের মতোই গ্রামীণ এলাকায় কাজের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ওয়ার্কিং হলিডে মেকার (ডব্লিউএইচএম) কর্মসূচির আওতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণেরা এক বছরের কাজ ও ভ্রমণের ভিসা পেয়ে থাকেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট আঞ্চলিক এলাকায় কাজ করলে দ্বিতীয় ও তৃতীয় বছরের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। এ কর্মসূচিতে অংশ নেওয়া তরুণেরা সাধারণত কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, খুচরা ব্যবসা ও শিশু পরিচর্যার মতো খাতে কাজ করেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, কৃষি, পর্যটন ও আতিথেয়তা খাতসহ আঞ্চলিক অর্থনীতিতে বিদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা দ্রুত বাড়লে তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নতুন নিয়ম ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মপ্রত্যাশী উভয়ের জন্যই পরিকল্পনা করা সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমানে ওয়ার্কিং হলিডে ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থানকারীরা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যমান নিয়মে নির্ধারিত কাজ সম্পন্ন করে দ্বিতীয় বা তৃতীয় ভিসার আবেদন করতে পারবেন।
নতুন নিয়ম কার্যকর হলে দ্বিতীয় বা তৃতীয় ভিসার আবেদনকারীদের ‘নেক্সট ইয়ার রিজিওনাল ওয়ার্ক গ্যারান্টি’ নিতে হবে। এ জন্য আগ্রহীদের নিবন্ধন পোর্টাল খুলবে ২০২৬ সালের ১ ডিসেম্বর। প্রথম দফার আমন্ত্রণ জানানো হতে পারে ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে।
২০২৬-২৭ অর্থবছরে দ্বিতীয় বছরের ভিসার জন্য ৪৫ হাজার এবং তৃতীয় বছরের জন্য ২৫ হাজার আবেদনকারীকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ইতিপূর্বে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের সঙ্গী ও সন্তানদের যাওয়ার সুযোগ সীমিত করেছে এবং ব্যাকপ্যাকারদের জন্য লটারিভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।









