হংকংয়ে একটি মোবাইল গেম ডাউনলোড বা শেয়ার করলে কঠিন শাস্তি হতে পারে। ‘রিভার্সড ফ্রন্ট: বনফায়ার’ নামের এই গেমের বিষয়বস্তু ‘কমিউনিস্ট শাসনব্যবস্থার উৎখাত’। অর্থাৎ আপনি যদি গেমটি খেলেন, তাহলে খেলোয়াড় হিসেবে আপনাকে কমিউনিস্ট শাসকদের পরাজিত বা উৎখাত করতে হবে। দেশটির পুলিশ বলছে, যাঁরা এই গেম ডাউনলোড বা শেয়ার করবেন, তাঁদের জাতীয় নিরাপত্তা আইনে শাস্তি হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গেমটিতে খেলোয়াড়েরা ‘কমিউনিস্ট শাসনের পতনের’ জন্য তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, তিব্বত বা উইঘুরদের পক্ষের সৈনিক হিসেবে খেলতে পারেন। গেমটির ওয়েবসাইটে বলা হয়েছে, এটি কোনো ‘কাল্পনিক কাজ’ নয়। এই গেমের থিম যদি চীনের কোনো প্রতিষ্ঠান, নীতি বা জাতিগোষ্ঠীর সঙ্গে মিলে যায়, তাহলে তা ‘ইচ্ছাকৃত’। তবে এই গেমে খেলোয়াড়েরা কমিউনিস্টদের হয়েও শত্রুদের বিরুদ্ধে লড়তে পারবেন। চাইলে কমিউনিস্ট বিপ্লবকেও সমর্থন করতে পারবেন।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে হংকং পুলিশ জানায়, এই গেম ডাউনলোড করলে ‘উসকানিমূলক উদ্দেশ্য নিয়ে কিছু করার’ অভিযোগে অভিযুক্ত করা হতে পারে। পুলিশ আরও জানায়, গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ইএসসি তাইওয়ানকে আর্থিক সহায়তা দেওয়াও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
পুলিশের দাবি, ‘রিভার্সড ফ্রন্ট: বনফায়ার’ গেমটি ‘তাইওয়ানের স্বাধীনতা’ ও ‘হংকংয়ের স্বাধীনতা’র মতো বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়াতে ব্যবহার করা হচ্ছে। তারা সতর্ক করে বলে, যাঁরা এই অ্যাপ (গেম) ডাউনলোড করেছেন, তাঁরা যেন অবিলম্বে এটি মুছে ফেলেন এবং দেশের আইন মেনে চলেন।
এক দিন আগে অর্থাৎ গতকালও হংকংয়ে গেমটি গুগল প্লে বা অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যেত। তবে আজ বুধবার থেকে এটি আর প্লে স্টোরে নেই এবং ডাউনলোড করাও যাচ্ছে না। তবে পুলিশের এই নিষেধাজ্ঞাই যেন গেমটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। আজ হংকংয়ে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে গেমটির নাম।
তবে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন না হয়ে গেম নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লিখেছেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে গোটা হংকং আমাদের গেমটি চিনে ফেলেছে।’
হংকংয়ে ২০১৯ সালের ব্যাপক গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর থেকেই বেইজিং কঠোরভাবে বিরোধী মত দমন করে আসছে। বিশেষ করে ২০২০ সালে জাতীয় নিরাপত্তা আইন জারির পর এসব পদক্ষেপ আরও বেড়ে গেছে। জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী বিচ্ছিন্নতা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ ও বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ—এই চারটি অভিযোগে শাস্তির বিধান রয়েছে। এই আইনের আওতায় গণতন্ত্রপন্থী মিডিয়া মুঘল জিমি লাই, অ্যাকটিভিস্ট জোশুয়া ওয়াংসহ অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার ও দণ্ডিত হয়েছেন।
উল্লেখ্য, হংকং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় পরিচালিত হচ্ছে। ১৯৯৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলে চীন হংকংয়ের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে ৫০ বছর পর্যন্ত স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে অনেকের মতে, জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। অন্যদিকে বেইজিং ও হংকং কর্তৃপক্ষ বলছে, এই আইন ‘এক দেশ, দুই ব্যবস্থা’র পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়তা করছে।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
৬ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
১০ ঘণ্টা আগে