
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নে চীন কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগামী বছরের মধ্যে বেইজিং দ্বীপটিতে হামলা চালাবে বলে তারা মনে করছে না। সর্বশেষ হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার।
স্থানীয় সময় গতকাল বুধবার প্রকাশিত মার্কিন ইন্টেলিজেন্স কমিউনিটির ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়নে বলা হয়, ‘চীনা নেতারা বর্তমানে ২০২৭ সালে তাইওয়ান আক্রমণ করার পরিকল্পনা করছেন না। এমনকি একীকরণ অর্জনের জন্য তাদের কোনো নির্দিষ্ট সময়সীমাও নির্ধারিত নেই।’
ওয়াশিংটনে ২০২৭ সালকে অনানুষ্ঠানিক এক সময়সীমা হিসেবে ধরা হয়ে আসছিল। ধারণা ছিল, ওই সময়ের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাইওয়ান আক্রমণের জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা অর্জন করবে। তবে মার্কিন গোয়েন্দারা বলেছে, এমন সক্ষমতা অর্জন মানেই যে বেইজিং হামলা চালাবে, তা নয়।
প্রতিবেদনে বলা হয়, ‘একীকরণে সামরিক পন্থা নেওয়া হবে কি না এবং কীভাবে নেওয়া হবে, সে সিদ্ধান্তে বেইজিং বহু বিষয় বিবেচনা করবে।’ এর মধ্যে রয়েছে পিএলএর প্রস্তুতি, তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতি ও কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্র তাইওয়ানের পক্ষে সামরিকভাবে হস্তক্ষেপ করবে কি না।
পিএলএ ‘ধীরে কিন্তু অসম অগ্রগতি’ অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সামরিক মহড়া ও কার্যক্রমের মাধ্যমে তারা কখনো কখনো তাইওয়ানের আশপাশে অভিযান পরিচালনার পরিসর, আকার ও গতি বাড়িয়েছে। তবু চীনা নেতৃত্বের জন্য ঝুঁকি এখনো অনেক বেশি।
বেইজিংয়ের কঠোর ভাষার পরও মার্কিন গোয়েন্দারা মনে করেন, সম্ভব হলে চীনা নেতৃত্ব শক্তি প্রয়োগ ছাড়া শান্তিপূর্ণ উপায়েই একীকরণ অর্জন করতে চায়। তাইওয়ানে চীনের সামরিক হামলা হলে বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধাক্কা লাগবে। কারণ, তাইওয়ান বিশ্বের শীর্ষ কম্পিউটার চিপ উৎপাদক এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ তাইওয়ান প্রণালি দিয়ে চলাচল করে।
প্রতিবেদনে বলা হয়, ‘ওয়াশিংটন সরাসরি জড়িত না হলেও যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনৈতিক এবং নিরাপত্তা স্বার্থ গুরুতর ও ব্যয়বহুল ক্ষতির মুখে পড়বে।’ প্রযুক্তি সরবরাহব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং বাজারজুড়ে বিনিয়োগকারীদের আতঙ্ক ছড়িয়ে পড়বে। আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র, চীন এবং বৈশ্বিক অর্থনীতি নজিরবিহীন ব্যয়ের মুখে পড়বে।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সরকারকে স্বীকৃতি দেয় না। তবে ১৯৭৯ সালের তাইওয়ান রিলেশনস অ্যাক্টসহ পরবর্তী নীতিমালার আওতায় ওয়াশিংটন তাইপেইকে আত্মরক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাপক অস্ত্র বিক্রি এবং তাইওয়ানের সেনাবাহিনীর জন্য সামরিক প্রশিক্ষণ। তবে চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠাবে কি না, সে বিষয়ে ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জার্মান মার্শাল ফান্ডের ইন্দো-প্যাসিফিক কর্মসূচির ব্যবস্থাপনা পরিচালক বনি গ্লেজার বলেছেন, তিনি মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে একমত। তাঁর ভাষায়, ‘সি চিন পিংয়ের একীকরণ অর্জনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং তিনি সম্ভব হলে শক্তি প্রয়োগ ছাড়াই সেই লক্ষ্য অর্জন করতে চান।’
গ্লেজার আরও বলেন, পিএলএর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযানে যেভাবে ‘শুদ্ধি অভিযান’ চালানো হয়েছে, তাতে আগামী কয়েক বছরে তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক পদক্ষেপের আশঙ্কাা কমে গেছে। প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সিএসআইএসের চায়না পাওয়ার প্রজেক্টের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে দুর্নীতিবিরোধী অভিযানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রায় ১০০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করেছেন বা অপসারণ করতে পারেন।
তাইওয়ানের ডাবলথিংক ল্যাবের সাইবার ও সামরিক-বিষয়ক পরামর্শক কিটস লিয়াও আল জাজিরাকে বলেন, ২০৩০-এর দশক তাইওয়ানের জন্য সম্ভাব্যভাবে আরও বিপজ্জনক সময় হতে পারে। তিনি বলেন, ‘২০৩০-এর দশক নিয়ে গোয়েন্দা মহলে একধরনের ঐকমত্য রয়েছে এবং এটি অভিপ্রায় নয় বরং সামর্থ্যের ভিত্তিতে বলা হচ্ছে।’
বেইজিং তাইওয়ানকে নিজের একটি প্রদেশ বলে দাবি করে এবং ২০৪৯ সালের মধ্যে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তির সময়, শান্তিপূর্ণ বা সামরিক যেকোনো উপায়ে দ্বীপটিকে যুক্ত করার অঙ্গীকার করেছে। চীন তাইওয়ানের সরকারকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সম্পৃক্ততাকে তারা চীনের অভ্যন্তরীণ বিষয়ে ‘বিদেশি হস্তক্ষেপ’ বলে মনে করে।

ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, এই হামলায় একজন সামান্য আহত হয়েছেন। তবে দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, অবকাঠামোগত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুৎ সংযোগ দ্রুত অধিকাংশ এলাকায় পুনঃস্থাপন করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে
লেবাননে পেশাগত দায়িত্ব পালনকালে রুশ সংবাদমাধ্যম আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি বিমান হামলাকে ‘পরিকল্পিত’ এবং ‘ইচ্ছাকৃত’ বলে অভিহিত করেছে রাশিয়া। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের লক্ষ্য করে এই আক্রমণ কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না।
২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথম কোনো মার্কিন বিমান ইরানের সরাসরি হামলার শিকার হলো। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশই এই যুদ্ধে এফ-৩৫ ব্যবহার করছে। একেকটি এফ-৩৫ যুদ্ধবিমানের নির্মাণ ব্যয় ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
২ ঘণ্টা আগে
গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর আগের অঙ্গীকার থেকে সরে এসেছে জার্মানি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা মামলা করার সময় যে অবস্থান নিয়েছিল, এটি তার থেকে বড় নীতিগত পরিবর্তন। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে