
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। একই সঙ্গে ফিলিপাইন, জাপান, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিন্দানাও দ্বীপের উপকূলীয় এলাকায়। পরে ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিজ্ঞান ইনস্টিটিউট (ফিভল্কস) জানায়, মূল কম্পনের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে একাধিক পরাঘাত অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিন্দানাওয়ের জেনারেল সান্তোস সিটিতে অবস্থিত জোলিবি রেস্তোরাঁর একটি তিনতলা ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। ধুলা ও ধ্বংসস্তূপে আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। এ ছাড়া বিভিন্ন স্থাপনায় ফাটল, জানালার কাচ ভেঙে যাওয়া এবং ছাদ ধসে পড়ার ঘটনাও ঘটেছে।
ফিভল্কস জানিয়েছে, সোকস্কসারজেন অঞ্চলের জেনারেল সান্তোস সিটিতে তাদের ভূমিকম্প তীব্রতা পরিমাপের স্কেলে ১০-এর মধ্যে ৭ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে, যা ‘খুব শক্তিশালী’ হিসেবে বিবেচিত। জেনারেল সান্তোসের নটর ডেম অব দাদিয়াঙ্গাস ইউনিভার্সিটির কর্মী ও ক্যাথলিক সন্ন্যাসিনী মেরি অ্যান ব্লাঙ্কো রুডি বলেন, ভূমিকম্পের সময় তিনি কলেজে যাওয়ার পথে ছিলেন।
আল জাজিরাকে তিনি বলেন, ‘সড়কে চলাচলরত গাড়িগুলো অনিয়ন্ত্রিতভাবে দুলছিল। সৌভাগ্যক্রমে কোনো সংঘর্ষ ঘটেনি। রাস্তার পাশের গাছগুলোও প্রচণ্ডভাবে কাঁপছিল।’ তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন আংশিকভাবে ধসে পড়েছে।
ভূমিকম্পের পরপরই জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। তিনি সিভিল ডিফেন্স অফিস এবং ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিবৃতিতে মার্কোস বলেন, ‘প্রভাবিত প্রদেশগুলোর বাসিন্দাদের প্রতি আহ্বান, সুনামি সতর্কতা মেনে চলুন। অবিলম্বে উঁচু স্থানে সরে যান। অপেক্ষা করবেন না। জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই।’
তিনি আরও জানান, মিন্দানাওয়ের কয়েকটি প্রদেশে দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। একই সময়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কিছু অংশে প্রথম সুনামি ঢেউ পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এরপর বেলা ১১টার দিকে দক্ষিণ জাপান ও তাইওয়ানে এবং পরে মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপপুঞ্জে ঢেউ আঘাত হানতে পারে।
প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ২ বলে ধারণা করা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৮ নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার। সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্প যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো হুমকি নয়। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সারাঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই, সুলুসহ মোট ৯টি প্রদেশের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে অথবা উপকূল থেকে দূরের এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ফিভল্কস জানিয়েছে, বন্দর, মোহনা এবং অগভীর উপকূলীয় এলাকায় অবস্থান করা নৌযানের মালিকদের নৌকা নিরাপদে বেঁধে রেখে উপকূল এলাকা ত্যাগ করতে হবে। আর যেসব নৌযান ইতিমধ্যে সমুদ্রে রয়েছে, সেগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করতে বলা হয়েছে।
অন্যদিকে ইন্দোনেশিয়া উত্তর সুলাওয়েসি, উত্তর গোরোনতালো প্রদেশ এবং সাংগিহে দ্বীপপুঞ্জের কিছু এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। জাপানের ওকিনাওয়াসহ দক্ষিণ উপকূলীয় এলাকাগুলোতেও সুনামি সতর্কতা বহাল রয়েছে। নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ ও গুয়ামে আগের সুনামি সতর্কতা প্রত্যাহার করা হলেও কর্মকর্তারা জানিয়েছেন, এখনো প্রবল স্রোত এবং বিপজ্জনক সমুদ্র পরিস্থিতির ঝুঁকি রয়েছে। ফলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
১ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল। এমনকি দাবি করেছিলে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেই দাবি উড়িয়ে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির...
৪ ঘণ্টা আগে