
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের লক্ষ্য ইরান-সমর্থিত হুতিদের কাছ থেকে রাজধানী সানা পুনর্দখল করা। গতকাল সোমবার আল-বায়দা ও আল-জাওফ প্রদেশে লড়াই তীব্র হয়েছে। এই দুই এলাকা রাজধানী সানায় যাওয়ার প্রধান প্রবেশপথ হিসেবে বিবেচিত। এদিকে হুতিরা জানিয়েছে, আল-হাজম শহরের এক কারাগারে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর, ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বলেন—আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি আরব-সমর্থিত সরকার সানা ‘পুনর্দখলের’ সিদ্ধান্ত নিয়েছে।
ইয়েমেনের সরকারপন্থী বাহিনীর মুখপাত্র মাজিদ আল-নুজাইলি বলেন, এই অভিযানের লক্ষ্য হলো হুতিদের ‘কবজা থেকে ইয়েমেনকে মুক্ত করা’ এবং ‘সানাকে সব ইয়েমেনির রাজধানী হিসেবে পুনরুদ্ধার করা।’ তিনি বেসামরিক নাগরিকদের সানার দিকে যাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার সতর্কতা দিয়েছেন। এর মধ্যে রাজধানী সানার সঙ্গে মারিব ও আল-জাওফকে সংযোগকারী সড়ক রয়েছে। নিহম, সিরওয়াহ, মাহলিয়াহ ও আল-হাজম হয়ে যাওয়া সড়কগুলোর ক্ষেত্রেও এই সতর্কতা প্রযোজ্য বলে তিনি জানান।
এই লড়াই ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর উত্তেজনাগুলোর একটি। ওই যুদ্ধবিরতির মাধ্যমে বড় ধরনের লড়াই বন্ধ হয়েছিল। ইয়েমেনে যুদ্ধ শুরু হয় ২০১৪ সালে। ওই বছর হুতিরা রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে।
কূটনীতিকেরা আশা করেছিলেন, ২০২২ সালের যুদ্ধবিরতি শেষ পর্যন্ত একটি স্থায়ী রাজনৈতিক সমঝোতায় রূপ নেবে। কিন্তু ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
ইয়েমেনে আবার লড়াই শুরু হয় জুলাইয়ে। সে সময় সরকারপন্থী বাহিনী হুতিদের নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা চালায়। এর ফলে ইরান থেকে আসা একটি বিমান সেখানে অবতরণ করতে পারেনি। এরপর গত সপ্তাহে হুতিরা বড় ধরনের অভিযান শুরু করে। তারা পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদাহ হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের লক্ষ্য ছিল বন্দরনগরী আল-মাখা এবং লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়া।
এর আগে হুতিরা জলপথ দিয়ে যাতায়াতকারী সৌদি জাহাজের ওপর অবরোধ ঘোষণা করেছিল। লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে জাহাজ চলাচলের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর সময় হরমুজ প্রণালি দিয়ে চলাচল সীমিত করতে শুরু করার পর সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব প্রণালির গুরুত্ব আরও বেড়েছে।
আল জাজিরার ইয়েমেনবিষয়ক সম্পাদক আহমেদ আল-শালাফি বলেন, ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের সাম্প্রতিক অভিযানের ‘প্রাথমিক ধাক্কা সামলে উঠেছে’ বলে মনে হচ্ছে। এরপর তারা কয়েকটি ফ্রন্টে লড়াই ছড়িয়ে দিয়েছে। এর একটি উদ্দেশ্য হলো হুতি বাহিনীকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া এবং তাদের ওপর চাপ বাড়ানো। তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত মূলত তাইজের পশ্চিমে এবং হোদেইদাহর দক্ষিণে লড়াই চলছিল। কিন্তু এখন সংঘর্ষ আল-দালিয়া, মারিব, আল-জাওফ এবং আল-বায়দা প্রদেশেও ছড়িয়ে পড়েছে।
আল-শালাফি বলেন, ‘আল-জাওফ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সৌদি আরবের সীমান্তবর্তী এবং হুতিদের প্রধান ঘাঁটি সাদা প্রদেশের দিকে যাওয়ার পথের সঙ্গে যুক্ত।’ তিনি আরও বলেন, ‘আল-বায়দা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইয়েমেনের কেন্দ্রস্থলে অবস্থিত এবং আটটি গভর্নরেটকে সংযুক্ত করেছে। এর মধ্যে চারটি উত্তরাঞ্চলে এবং চারটি দক্ষিণাঞ্চলে।’

লড়াইয়ে ইতোমধ্যে শত শত মানুষ হতাহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল সোমবার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ইয়েমেনে প্রায় ৯০০ মানুষ নিহত বা আহত হয়েছেন। তাদের বেশিরভাগই তাইজ এবং দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় হতাহত হয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে, শুধু তাইজ থেকেই আনুমানিক ২১ হাজার মানুষ, অর্থাৎ প্রায় ৩ হাজার পরিবার, বাস্তুচ্যুত হয়েছে।
সানা থেকে আল জাজিরার প্রতিবেদক ইউসুফ মাওরি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ সোমবারের হতাহতের সংখ্যা এখনো ওই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, ‘সোমবার দুই পক্ষেরই শত শত মানুষ হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে আল-জাওফ গভর্নরেটে বিমান হামলা চালানোর খবর পাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি সোমবার হুতিদের বিরুদ্ধে ব্যাপক সাফল্যের দাবি করেছেন। তিনি বলেন, সরকারপন্থী বাহিনী আল-জাওফ, আল-বায়দা, তাইজ ও হোদেইদাহ প্রদেশে অগ্রগতি অর্জন করেছে। এক বিবৃতিতে আল-আলিমি বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এবং ইয়েমেনের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনী তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবে।’ তিনি হুতিদের বিরুদ্ধে শান্তির পরিবর্তে উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেওয়ার অভিযোগ করেন এবং সতর্ক করে বলেন, তাদের কর্মকাণ্ডের পরিণতির জন্য হুতিরাই পুরোপুরি দায়ী থাকবে।
সরকারপন্থী বাহিনীর মিডিয়া সেন্টার জানিয়েছে, সোমবার রাতে তাইজের পশ্চিমে হুতিদের অবস্থান লক্ষ্য করে তারা কয়েকটি বিমান হামলা চালিয়েছে।
এর আগে তারা আল-জাওফের ইয়াতমা এলাকায় হামলা চালানোর দাবি করেছিল। পাশাপাশি তারা জানিয়েছিল, ওই প্রদেশে হুতিদের সঙ্গে তাদের বাহিনীর ‘তীব্র লড়াই’ চলছে। মিডিয়া সেন্টার আরও জানিয়েছে, সরকারপন্থী বাহিনী আল-বায়দার ধি নাইম জেলার উপকণ্ঠ পর্যন্ত অগ্রসর হয়েছে।
অন্যদিকে হুতিরা দাবি করেছে, আল-জাওফে আল-লাবানাত পাহাড়ের দিকে সৌদি-সমর্থিত বাহিনীর বড় ধরনের অগ্রযাত্রা তারা প্রতিহত করেছে। হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, সরকারপন্থী বাহিনীর কয়েক ডজন যোদ্ধা নিহত বা আহত হয়েছে। তিনি আরও দাবি করেন, হুতি বাহিনী আল-জাওফে সরকারপন্থী বাহিনীর অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাঁর দাবি অনুযায়ী, এসব হামলায় কয়েক ডজন যানবাহন ও সাঁজোয়া যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে কয়েকজন কমান্ডারও রয়েছেন বলে তিনি দাবি করেন।
হুতিরা এমন একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যা তাদের দাবি অনুযায়ী সৌদি ভূখণ্ড থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাজরামাওত প্রদেশের আল-ওয়াদিয়াহ ক্যাম্পে সামরিক সরঞ্জাম বহনকারী ট্রাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য। তবে হুতিদের কিংবা ইয়েমেন সরকারের এসব দাবি আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইরানে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের বাড়তি জ্বালানি দামের পেছনে ইতোমধ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আর এই খরচ প্রতি দুই মিনিটে আরও প্রায় ১০ লাখ ডলার করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির রিয়েল-টাইম হিসাব অনুযায়ী, গতকাল সোমবার সকালে এই খরচের পরিমাণ এতটাই দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতীয় একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা আসবেন তাই আইফেল টাওয়ারের নারীকর্মীদের কর্মস্থল থেকে ‘সরিয়ে দেওয়া’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে ধর্মঘট করেছেন টাওয়ারের কর্মীরা। কয়েক দিন আগে ওই ধর্মীয় গোষ্ঠীর সফরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে কর্মী ও কর্তৃপক্ষ জানিয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিনের দুই মিত্র যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ক্রমেই ক্ষতিকর হয়ে ওঠা বাণিজ্যযুদ্ধ আরও এক ধাপ এগিয়েছে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর কানাডার নতুন শুল্ক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন শীতেই ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের উত্তেজনা কমাতে দুই দেশ কোনো পদক্ষেপ নিতে পারে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে। একই সঙ্গে বৃহত্তর শান্তিচুক্তির লক্ষ্যে আবারও আলোচনা শুরু করার চেষ্টা চলছে। গতকাল সোমবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৩ ঘণ্টা আগে