Ajker Patrika

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৯
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব
পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের পর শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে ভাঙচুর করে কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। ছবি: সংগৃহীত

এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও তাঁর আত্মহত্যার অভিযোগে উত্তাল ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)। বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভের পর শিক্ষার্থীদের একাংশ ভাঙচুর চালিয়ে কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ছাত্রী ধর্ষণের ঘটনাটি গুজব।

গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষার্থীদের স্লোগান দিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের কেউ কেউ ক্যাম্পাসের জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের ভবনের কিছু অংশসহ কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।

এ সময় একদল শিক্ষার্থী জালন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী দাবি করেন, ক্যাম্পাসে কর্মরত এক নির্মাণশ্রমিক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তাঁর রুমমেট অন্য শিক্ষার্থীদের জানান, ওই নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

ভিডিওতে ওই শিক্ষার্থী বলেন, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের ফটক খুলে দেওয়ার পর বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। এর পরও কর্তৃপক্ষ একটি বার্তা দিয়ে জানায়, পুরো বিষয়টি গুজব।

তবে কপুরথলা জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) গৌরব তুরা জানিয়েছেন, ধর্ষণের কোনো ঘটনার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।

গৌরব তুরা বলেন, ‘গত রাতে আমরা জানতে পারি, শিক্ষার্থীরা জালন্ধর মহাসড়ক অবরোধ করেছেন। আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তখন জানতে পারি, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন এবং ধর্ষণের একটি ঘটনা নিয়ে গুজব ছড়িয়েছে। এ ধরনের কোনো অপরাধের ঘটনা আমাদের জানানো হয়নি।’

গৌরব তুরা আরও জানান, তিনি শিক্ষার্থী সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাঁর ভাষায়, ‘মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে কোনো একটি বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা তাঁদের মধ্যে একটি বৈঠকের আয়োজনের চেষ্টা করব।’

গৌরব তুরা আরও জানান, ক্যাম্পাসে কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটিকে ‘গুজব’ হিসেবে উল্লেখ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এসব গুজব উপেক্ষা করার পরামর্শ দিয়েছে এবং ক্যাম্পাসে তাঁরা ‘নিরাপদ ও সুরক্ষিত’ আছেন বলে আশ্বস্ত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছড়াচ্ছে। শিক্ষার্থীদের কোনো ধরনের বিশৃঙ্খলায় অংশ না নিয়ে নিজ নিজ হোস্টেল, কক্ষ বা বাসস্থানে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উসকানিমূলক বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্যাম্পাস পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত