Ajker Patrika

ভারী বৃষ্টিতে নাজেহাল থাইল্যান্ড, সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৪৭
ভারী বৃষ্টিতে নাজেহাল থাইল্যান্ড, সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের তিনটি প্রদেশে সরকারি কর্মীদের জন্য দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা।

রোববার (২৭ সেপ্টেম্বর) থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ছুটির মধ্যেও গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম প্রয়োজন অনুযায়ী চালু রাখা যাবে। সংশ্লিষ্ট দপ্তরের প্রধানেরা পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছে সরকার।

এদিকে, সরকারি ছুটি ঘোষণার ফলে দেশটির সাংবিধানিক আদালতে আগামীকাল সোমবার নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ মামলার রায় পাঠে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। মামলাটি দেশটির সরকারি ন্যায়পাল দায়ের করেছে। এতে চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে ব্যবহৃত ব্যালট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মামলার রায়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত জানিয়েছেন, সরকারি ছুটি থাকলেও আগামীকাল নির্ধারিত সময়েই রায় পাঠ করা হবে।

এর আগে গতকাল শনিবার ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন রাজধানীকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করে। মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার (প্রায় ১২ ইঞ্চি) বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। প্রধান সড়কগুলোর অনেক অংশ পানিতে তলিয়ে যায় এবং বেশ কিছু গাড়ি আংশিকভাবে পানিতে ডুবে যায়।

ভারী বৃষ্টির কারণে ব্যাংকক ও আশপাশের এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারি কর্মীদের দুই দিনের ছুটি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সেবা চালু রাখার ব্যবস্থাও করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত