চেরনোবিল পারমাণবিক চুল্লির ক্ষতিগ্রস্ত অংশের বিকিরণ প্রতিরক্ষা স্তরে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। হামলার ফলে সেখানে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার বিবিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাস্থল হিসেবে পরিচিত চেরনোবিল। সেখানে হামলার পর শুক্রবার সকালে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে, চেরনোবিলের ভেতরে ও বাইরে বিকিরণ মাত্রা স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে।
রাশিয়া অবশ্য চেরনোবিলে হামলার অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর দাবি, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় না এবং এই ধরনের যে কোনো দাবি ‘বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়’।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বিস্ফোরণের পরপরই অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সংস্থাটি ‘উচ্চ সতর্কতা’ বজায় রেখেছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।’
১৯৮৬ সালে চেরনোবিলের পারমাণবিক চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ফলে বিশাল পরিমাণে বিকিরণ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছিল। বিস্ফোরণে চুল্লিটির ছাদ উড়ে গিয়েছিল। এ অবস্থায় যেন বিকিরণ না ছড়ায়, সে জন্য চুল্লির ক্ষতিগ্রস্ত অংশটির ওপর কংক্রিট এবং স্টিলের তৈরি একটি প্রতিরক্ষা স্তর সংযুক্ত করা হয়েছিল।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ওই বিশাল প্রতিরক্ষা স্তরের ক্ষতিগ্রস্ত অংশটি দেখিয়েছেন, যেখানে ড্রোন হামলার ঘটনাটি ঘটেছে।
যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিম স্মিথ ১৯৯০ সাল থেকে চেরনোবিলের পরিণতি নিয়ে গবেষণা করছেন। ড্রোন হামলার ঘটনাটিকে তিনি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ভয়াবহ হামলা’ বলে বর্ণনা করলেও বিকিরণ ঝুঁকি নিয়ে ততটা উদ্বিগ্ন নন।
বিবিসিকে স্মিথ জানান, চুল্লিটির প্রতিরক্ষা স্তরের নিচে পুরু কংক্রিটের একটি ‘সার্কোফেগাস’ রয়েছে, যা বিস্ফোরণের ফলে সৃষ্ট বিকিরণ কণাগুলো আটকে রাখে। তিনি বলেন, ‘একটি ড্রোন হামলা এই প্রতিরক্ষা স্তর ভেদ করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়।’
এদিকে জেলেনস্কি মত দিয়েছেন—এই হামলা প্রমাণ করে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার জন্য মোটেও প্রস্তুত নন।
হামলাটি এমন এক সময়ে ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন পুতিন।
জেলেনস্কি বলেন, ‘প্রতিদিন রাতে রাশিয়া ইউক্রেনের অবকাঠামো ও শহরগুলোতে এ ধরনের হামলা চালায়।’ তিনি মস্কোর বিরুদ্ধে ‘সম্মিলিত চাপ’ প্রয়োগের আহ্বান জানান।
প্রায় চার দশক আগে চেরনোবিল দুর্ঘটনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসাব অনুযায়ী, বিস্ফোরণে তৎক্ষণাৎ ৩১ জনের মৃত্যু হয়েছিল। তবে জাতিসংঘের হিসাব মতে, সরাসরি বিকিরণের কারণে ৫০ জন মারা গিয়েছিলেন।
২০০৫ সালে জাতিসংঘ অনুমান করেছিল, ভবিষ্যতে চেরনোবিলের বিকিরণজনিত কারণে আরও ৪ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন সেনাদের ওপর ইরান বড় ধরনের পাল্টা আঘাত হানতে পারে—এমন ‘আসন্ন হুমকি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইরানজুড়ে আগাম হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার ব্রিফিং শেষে সাংবাদিকদের কাছে এই চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী...
১ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভ চলাকালে মার্কিন মেরিন সেনারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি সপ্তাহে সংঘটিত এই সহিংসতায় অন্তত ১০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
তিন নারীকে ধর্ষণের অভিযোগে ইসলাম বিষয়ক বিশিষ্ট গবেষক ও সুইস বংশোদ্ভূত একাডেমিক তারিক রমাদানের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিচার শুরু হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
১০ ঘণ্টা আগে
বাহরাইনের একটি বন্দরে নিক্ষিপ্ত অজ্ঞাত দুটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরেটিভ’। স্থানীয় সময় সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।
১০ ঘণ্টা আগে