
হরমুজ প্রণালিকে গুরুত্বহীন করে তুলতে ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্র মোট ৪৮টি চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ), সহযোগিতা চুক্তি ও অংশীদারিত্ব ঘোষণাপত্রে সই করেছে। দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদির যুক্তরাষ্ট্র সফরে হওয়া এসব চুক্তির মধ্যে রয়েছে জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং ইরাক-সিরিয়া তেল পাইপলাইন পুনর্নির্মাণের মতো বড় প্রকল্প।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার ইরাকি প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস জানায়—ইরাক ও যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৮টি চুক্তি, সমঝোতা স্মারক, সহযোগিতা চুক্তি এবং অংশীদারিত্ব ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে।
এসব চুক্তির মধ্যে ইরাকের তেল ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক্সনমোবিল, কেবিআর, জিই ভার্নোভা, শেল এবং হ্যালিবার্টনের সহযোগিতা ও অংশীদারিত্ব রয়েছে। পাশাপাশি ইরাক ও সিরিয়ার মধ্যে একটি বড় অপরিশোধিত তেল পাইপলাইন নির্মাণসংক্রান্ত একাধিক চুক্তিও হয়েছে।
এছাড়া বৈশ্বিক স্যাটেলাইট যোগাযোগ খাতে প্রভাবশালী প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি করেছে ইরাক। এর মাধ্যমে দেশটিতে স্টারলিংকের সেবা চালু করা হবে। প্রাথমিক এসব চুক্তি শুক্রবার ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক ব্যবসায়িক সম্মেলনে স্বাক্ষরিত হয়।
এমন সময় এসব চুক্তি হলো, যখন বাগদাদ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং তেল রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই লক্ষ্যেই ইরাক ও সিরিয়া দীর্ঘদিন ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন পুনর্নির্মাণে একটি সহযোগিতা চুক্তি করেছে। পাইপলাইনটি উত্তর ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, চুক্তি অনুসারে এই প্রকল্প বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি শেভরন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইরাক ও সিরিয়ার পাইপলাইন পুনর্বাসন পরিকল্পনাকে স্বাগত জানায়। দপ্তরের ভাষ্য অনুযায়ী, একটি ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়াম’ এই প্রকল্পের কারিগরি ও আর্থিক দিকগুলো বাস্তবায়ন করবে।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, পাইপলাইন পুনর্বাসন সম্পন্ন হলে প্রাথমিকভাবে প্রতিদিন ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা তৈরি হবে। তারা এই পাইপলাইনকে ইরাকের তেল উৎপাদনকে ভূমধ্যসাগরীয় রপ্তানি বাজার এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হিসেবে বর্ণনা করেছে।
তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, ইরাকের সর্বশেষ তেল পাইপলাইন চুক্তিগুলো এমন একটি কর্মসূচির পথ তৈরি করবে, যা ‘হরমুজ প্রণালিকে গুরুত্বহীন করে তুলবে।’
সিরিয়া পাইপলাইন প্রকল্পের পাশাপাশি শেভরন ইরাকের সঙ্গে তেল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আরও দুটি চুক্তি করেছে বলে কোম্পানিটির করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রেসিডেন্ট জেক স্পিয়ারিং জানিয়েছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ইরাকের এই প্রাথমিক চুক্তিগুলোর মোট মূল্য ৬০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেন, ‘আমরা উন্মুক্ত দরজার নীতি অনুসরণ করছি। যারই কোনো প্রকল্প থাকবে, সে আমাদের সঙ্গে এসে কথা বলতে পারবে। আমরা কারও জন্য বিষয়টিকে কঠিন করে তুলব না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক বছরে ন্যাটোভুক্ত কোনো দেশে সীমিত পরিসরের হামলা চালাতে পারেন। এর লক্ষ্য হবে মূলত জোটের দৃঢ়তা পরীক্ষা করা। নতুন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে, যার মধ্যে সাইবার হামলা থেকে শুরু করে ছোট আকারের স্থল অভিযান পর্যন্ত রয়েছে।
৩৩ মিনিট আগে
বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রাথমিক কাঠামো ও ভিত্তিমূলক ব্যবস্থাপনা বাস্তবায়নের ধারাবাহিকতায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল–শেহরিকে জোটটির কমান্ডার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। সদ্য প্রতিষ্ঠিত এই সৌদি নেতৃত্বাধীন জোটের লক্ষ্য হলো লোহিত সাগর...
২ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। একই সঙ্গে এটিকে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে ...
২ ঘণ্টা আগে
ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র অন্যতম পরিচিত ও বিতর্কিত টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি ত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে