
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশইন’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে শীর্ষ পর্যায় থেকে যেসব মন্তব্য এসেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৭ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় নিয়েই এসব মন্তব্য দেখা উচিত। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
পাশাপাশি তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে নদী-সংক্রান্ত দ্বিপক্ষীয় কাঠামোগুলো অনুসরণের কথা বলা হয়েছে।
পুশইন নিয়ে প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গত কয়েক দিনে এই ধরনের মন্তব্য তারা লক্ষ করেছেন। তবে মূল বিষয় হলো, ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
জয়সওয়াল জানান, বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে নাগরিকত্ব যাচাইয়ের ২ হাজার ৮৬০টির বেশি মামলা ঝুলে আছে। এর মধ্যে অনেক আবেদন পাঁচ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ‘দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সহজ ও সুশৃঙ্খলভাবে করা সম্ভব হবে।’
এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্তে সম্ভাব্য পুশইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বুধবার (৬ মে) সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর এমন কোনো ঘটনা ঘটবে বলে তিনি আশা করেন না। তবে সীমান্ত পরিস্থিতির দিকে নজর রাখতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও এই বিষয়ে মন্তব্য করেন। বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর যদি সীমান্তে ‘পুশ ইন’ বা জোরপূর্বক লোক ঢোকানোর ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনে। দলটি অভিযোগ করে, তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশে প্রশ্রয় দিচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে।
এদিকে তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি এবং এসব নদী-সংক্রান্ত সব ধরনের ইস্যু নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের মধ্যে সুসংগঠিত দ্বিপক্ষীয় কাঠামো রয়েছে। বৃহস্পতিবার তিনি জানান, পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনা বিষয়ে বিদ্যমান যৌথ প্রক্রিয়াগুলো নিয়মিত বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তবে তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো অগ্রগতি বা নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত মমতার এক্স প্রোফাইলে লেখা ছিল ‘অনারেবল চিফ মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গল’ (পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী)। তবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের ঠিক পরপরই তিনি তাঁর বায়ো পরিবর্তন করেন। সেখানে ‘প্রাক্তন’ বা ‘সাবেক’ শব্দটি এড়িয়ে লিখেছেন...
৩ ঘণ্টা আগে
২০২৬ সালের মে মাস ভারতের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হয়ে রইল। একদিকে পশ্চিমবঙ্গ পেয়েছে প্রথম বিজেপি সরকার। এর মধ্য দিয়ে কয়েক দশকের বাম ও তৃণমূল শাসনের অবসান ঘটল। অন্যদিকে, দক্ষিণ ভারতের রাজনীতিতে বইছে অস্থিরতার হাওয়া; যেখানে তামিলনাড়ুতে তীব্র রাজনৈতিক অচলাবস্থা এবং কেরালায় বাম
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জয়যাত্রা যখন সাফল্যের শিখরে, তখন তাঁর ব্যক্তিগত বৃত্তে ঘটে যাওয়া একগুচ্ছ অস্বাভাবিক মৃত্যু নিয়ে নতুন করে দানা বাঁধছে রহস্য। ২০১৩ থেকে ২০২৬— এই ১৩ বছরের ব্যবধানে শুভেন্দুর অত্যন্ত বিশ্বস্ত অন্তত চারজন ছায়াসঙ্গী বা দেহরক্ষীর মৃত্যু...
৬ ঘণ্টা আগে