
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তাঁর পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দিতে ওয়াল স্ট্রিটের ট্রেডার ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সহজ ভাষায়, ট্রাম্প অগ্রিম পোস্টগুলো বিক্রি করার পরিকল্পনা করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের কাছে সূত্রগুলোর দাবি, তিন বছরের চুক্তি করলে মাসিক ৬০ হাজার ডলারে এই সেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি।
গত বৃহস্পতিবার টিএমটিজি ‘ট্রুথ এপিআই’ নামে নতুন একটি অর্থের বিনিময়ে ডেটা সেবা চালুর ঘোষণা দেয়। এর মাধ্যমে ব্যাংক ও ট্রেডিং প্রতিষ্ঠানগুলো ট্রুথ সোশ্যালে সবচেয়ে প্রভাবশালী ১০টি অ্যাকাউন্টের পোস্ট সবার আগে দেখতে পারবে। তবে এই সেবার মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
কোম্পানিটির ভাষ্য, ১ আগস্ট সেবা চালুর আগেই কিছু গ্রাহক নিবন্ধন করেছেন। নতুন এই সেবায় ২০২২ সাল থেকে প্রকাশিত পোস্টের আর্কাইভও থাকবে এবং ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ পোস্টের আপডেট পাওয়া যাবে।
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রায়ই শেয়ারবাজারে বড় প্রভাব ফেলে। উদাহরণ হিসেবে, ২০২৫ সালের ৯ এপ্রিল ট্রাম্প ট্রুথ সোশ্যালে নতুন শুল্কের অনেকগুলো ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিলে ওয়াল স্ট্রিটের প্রধান শেয়ারসূচক দ্রুত ঊর্ধ্বমুখী হয়।
বিশেষজ্ঞদের মতে, হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েক মিলিসেকেন্ড দ্রুত তথ্য পাওয়াও বড় অঙ্কের মুনাফা এনে দিতে পারে। তাই ট্রুথ এপিআই তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই উদ্যোগের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। সিনেট ফাইন্যান্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন বলেন, এই ব্যবস্থা ট্রাম্প পরিবারকে আর্থিকভাবে লাভবান করবে এবং ওয়াল স্ট্রিটের ট্রেডারদের আরও ধনী করে তুলবে।
সিনেট ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেনও এই উদ্যোগকে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে অর্থ উপার্জনের একটি অনৈতিক পরিকল্পনা বলে মন্তব্য করেছেন।
এদিকে নির্দলীয় নজরদারি সংস্থা সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটনে সভাপতি ডোনাল্ড শেরম্যান বলেন, প্রেসিডেন্টের পোস্ট আগে দেখার জন্য অর্থ নেওয়া ‘চরম অনৈতিক।’ তবে বর্তমান আইনে এটি অবৈধ কি না, তা স্পষ্ট নয় বলেও তিনি উল্লেখ করেন।
নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, ডোনাল্ড জে ট্রাম্প রিভোকেবল (Revocable) ট্রাস্টের কাছে টিএমটিজির প্রায় ৪১ শতাংশ শেয়ার রয়েছে। ট্রাম্পের সন্তানরা এই ট্রাস্ট পরিচালনা করলেও, এর আয়ের সুবিধাভোগী ট্রাম্প নিজেই। চলতি বছরে টিএমটিজি-এর শেয়ারের দাম প্রায় ২৭ শতাংশ কমেছে। শুক্রবার কোম্পানিটির শেয়ার ৯ দশমিক ৬৬ ডলারে লেনদেন শেষ করে। এতে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার।

ভারতের অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ক্রমেই বড় হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই আন্দোলনের পেছনে রয়েছে বেকারত্ব, সীমিত কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতির সুযোগ কমে যাওয়ার ক্ষোভ।
৪৪ মিনিট আগে
কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হওয়া হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১৮ জুলাই কৃষ্ণসাগর অতিক্রম করার সময় বাণিজ্যিক জাহাজ ‘এমভি ওমর্ফি’ হামলার শিকার হয়।
৪ ঘণ্টা আগে
১৯৭২ সালে ইসরায়েলের একটি বিমানবন্দরে প্রাণঘাতী হামলায় অংশ নেওয়া জাপানি অস্ত্রধারী কোজো ওকামাতো লেবাননের রাজধানী বৈরুতে মারা গেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।
৬ ঘণ্টা আগে
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি সংঘর্ষের ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার পর ওই এলাকায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।...
৬ ঘণ্টা আগে