
হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় আজ বুধবার ভোরে এই বন্যা আঘাত হানে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
রাসুয়া জেলার পাহাড়ি এলাকার শ্যাফ্রুবেসি ও তিমুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ বসবাসকারী এই অঞ্চলের বাসিন্দাদের, বিশেষ করে ভোতে কোশি নদীর তীরের মানুষদের দ্রুত নিরাপদ ও উঁচু এলাকায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাসুয়া নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে অবস্থিত। জেলার একদিকে হিমালয়ের তিব্বত অঞ্চল এবং অন্যদিকে চীনের সঙ্গে নেপালের প্রধান বাণিজ্যপথ। ফলে বন্যায় স্থানীয় মানুষের পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।
কর্তৃপক্ষের ধারণা, তিব্বত থেকে নেপালে প্রবাহিত ভোতে কোশি নদীতে জমে থাকা বরফ বা তুষার গলে যাওয়ার কারণে এই আকস্মিক বন্যা হয়ে থাকতে পারে। তবে বন্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাসুয়া জেলার ভাটির দিকে অবস্থিত কয়েকটি জেলাকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে বলে ধারণা করা হলেও এখনই এর মাত্রা নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন রাসুয়ার প্রধান জেলা কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার।
এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। কাঠমান্ডুভিত্তিক এক চীনা ব্যবসায়ী ইয়ে লিয়াং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের সাতটি কনটেইনার ট্রাক ওই এলাকায় ছিল। ট্রাকগুলোতে নেপালি কর্মীরা কাজ করছিলেন। কিন্তু বন্যার পর থেকে তাদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি বলেন, সেখানে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে তিনি জানেন না। বর্ষাকালে ওই এলাকায় মাঝে মাঝে কাদা ধস ও ভূমিধস হলেও এবারের ঘটনা অনেক বেশি ভয়াবহ বলে মনে হচ্ছে।
জেলা প্রশাসক নরেন্দ্র পারিয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বেশ কয়েকটি গ্রাম এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের এলাকা বন্যার পানিতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো হিসাব পাওয়া যায়নি। তিনি সতর্ক করে বলেন, এই ঘটনায় ব্যাপক প্রাণহানি বা সম্পদের বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
ভোতে কোশি নদীতে এই আকস্মিক বন্যার কারণও এখনো পরিষ্কার নয়। তবে গত বছর একই নদীতে ভয়াবহ বন্যার ঘটনা ঘটেছিল। পরে জানা যায়, তিব্বতের একটি হিমবাহ-হ্রদের পানি বেরিয়ে যাওয়ার কারণেই সেই বন্যা হয়েছিল।
নেপালের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও সেতুও ক্ষতির শিকার হয়েছে। এসব ক্ষয়ক্ষতির কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণকর্মীদের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর আশপাশে বসবাসকারী মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বন করে পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোতে কোশি নদীর উৎপত্তি তিব্বতে। নদীটি নেপালের ত্রিশূলী নদীতে গিয়ে মিশেছে। পরে ত্রিশূলী নদী ভারতের ভূখণ্ডে প্রবেশ করে গণ্ডক নদী হিসেবে প্রবাহিত হয়েছে। গত বছর ভোতে কোশির বন্যায় অন্তত ৯ জন নিহত এবং ২৪ জন নিখোঁজ হয়েছিল। ওই বন্যায় নেপাল ও চীনের মধ্যে সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ ভেসে যায়। এর ফলে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।
একটি আঞ্চলিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের ওই বন্যার পেছনেও তিব্বতের একটি সুপ্রাগ্লেশিয়াল হ্রদের (সুপ্রাগ্লেশিয়াল হ্রদ হলো হিমবাহের পৃষ্ঠদেশে বা ওপরের অংশে জমে থাকা তরল জলের পুকুর বা জলাশয়) পানি বেরিয়ে যাওয়ার ঘটনা ছিল।

২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
১৪ মিনিট আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলে এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সিদের হামলা বন্ধ করলে ওয়াশিংটন সদ্য শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাতিল করবে, ইরানের...
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বিজেপি বিধায়ক রামনিবাস শাহের ব্যক্তিগত গাড়ি ধুয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি। এমনই এক ভিডিও ভাইরাল হয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে বিধায়কের সরকারি বাসভবনের বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ব্যবহার করে তাঁর টয়োটা ইনোভা গাড়ি ধুতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে