
ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো বস্তুর আঘাতে ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১৩ ভারতীয় নাগরিকসহ মোট ১৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে ভারতীয় নাবিকদের জন্য তৃতীয় একটি সামুদ্রিক ফ্রন্টে সরাসরি বিপদের সৃষ্টি হলো। এর আগে হরমুজ প্রণালি এবং কৃষ্ণসাগর ঘিরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিকেরা ঝুঁকির মুখে পড়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজ এমএসভি ফাইজ নূর ওলিয়া গতকাল মঙ্গলবার ইয়েমেনের উপকূলের কাছে লোহিত সাগরে হামলার শিকার হয়ে ডুবে যায়।
মন্ত্রণালয় বলেছে, ‘২০২৬ সালের ৪ আগস্ট ইয়েমেনের উপকূলের কাছে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমএসভি ফাইজ নূর ওলিয়ায় হামলার আমরা নিন্দা জানাই। জাহাজে থাকা ১৩ ভারতীয় নাগরিককেই উদ্ধার করা হয়েছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাবিকদের নিরাপত্তার বিষয়ে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। এ সময় সহযোগিতার জন্য ইয়েমেনের কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে নয়াদিল্লি।
অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ আখ্যা দিয়ে মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ‘অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে অঞ্চলটির আন্তর্জাতিক জলপথে অবাধ ও বাধাহীন নৌচলাচল এবং বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনঃস্থাপন করতে হবে।’
ভারতের কেন্দ্রীয় নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ইয়েমেনের জলসীমার কাছে জাহাজটিতে একটি প্রক্ষেপ্য বস্তু আঘাত হানে। এতে জাহাজটি কাত হয়ে যায় এবং পরে ডুবে যায়। দুই বিবৃতির কোনোটিতেই হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করা হয়নি। তবে হামলাটি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোনোয়াল ঘটনাটিকে ‘নিরস্ত্র ও আত্মরক্ষায় অক্ষম যান্ত্রিক পালতোলা জাহাজের ওপর বিনা উসকানিতে হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জাহাজে থাকা মোট ১৪ জন নাবিকের সবাইকে ইয়েমেনের কোস্ট গার্ড উদ্ধার করেছে এবং তাদের মোখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয়। সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘অঞ্চলে ভারতীয় নাবিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে আমি ডিরেক্টর জেনারেল, মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে সব সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।’
এদিকে পৃথক ঘটনায়, জুলাই মাসে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলায় অন্তত পাঁচ ভারতীয় নাবিক নিহত হন। এর মধ্যে ১৯ জুলাই ওদেসার কাছে বাল্ক ক্যারিয়ার এমভি গোল্ডেন লিওতে থাকা চার ভারতীয় নাবিক এবং নভোরোসিস্কে এমভি ওমরফির প্রধান কর্মকর্তা ছিলেন। এ ছাড়া ২৫ জুলাই এমভি এজিএন র্যাগনার হামলার পর আরও দুই ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। জুলাইয়ের শেষ দিকে এমভি আমির–১ এ থাকা ১৩ ভারতীয় নাবিক চর্নোমর্স্কে আটকা পড়েছেন বলেও খবর পাওয়া যায়।
যদিও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় এখনও ব্যাপকভাবে কম, তারপরও শিপিং কোম্পানিগুলো বিকল্প পথ হিসেবে ক্রমবর্ধমান হারে লোহিত সাগর ব্যবহার করছে। কিন্তু সেই বিকল্প পথও এখন বাড়তে থাকা চাপের মুখে পড়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি আন্দোলন গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে তারা যে “নৌ অবরোধ” ঘোষণা করেছে বলে দাবি করে, তার পর সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলা বাড়িয়েছে। এর ফলে আঞ্চলিক সংঘাতে একটি নতুন সামুদ্রিক ফ্রন্টেরও সৃষ্টি হয়েছে।
হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। এই উপকূল বাব আল-মান্দেব প্রণালির দিকে মুখ করে রয়েছে। বাব আল-মান্দেব হলো লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করা সরু জলপথ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকটপথ হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত বাণিজ্যের আনুমানিক ১২ থেকে ১৫ শতাংশ চলাচল করে। একই সঙ্গে এটি সুয়েজ খালমুখী নৌপথের দক্ষিণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে।
শিপিং গোয়েন্দা ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি এবং লোহিত সাগর উভয় জলপথে হামলা এখন উপসাগরীয় জ্বালানি উৎপাদক দেশগুলোর সঙ্গে এশিয়া ও ইউরোপের বাজারকে সংযুক্তকারী দুটি প্রধান সামুদ্রিক নৌপথকেই হুমকির মুখে ফেলেছে। সাম্প্রতিক জাহাজ চলাচলের তথ্যেও দেখা গেছে, উভয় সংকটপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক জাহাজ উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের সময় তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) ট্রান্সপন্ডার বন্ধ করে দিচ্ছে। অন্য অনেক জাহাজ আবার আফ্রিকা ঘুরে দীর্ঘতর বিকল্প নৌপথে যাচ্ছে, ফলে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।
রয়টার্সের প্রকাশিত শিপিং তথ্য অনুযায়ী, ভারতীয় পতাকাবাহী ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) দেশ বৈভব সপ্তাহান্তে লোহিত সাগর অতিক্রম করেছে। ওই সময় জাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ ছিল। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল ছিল, যার গন্তব্য ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিক্কা বন্দর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গতকাল মঙ্গলবার দিনভর ইরানের সঙ্গে তাঁর প্রশাসনের ‘খুবই ভালো আলোচনা’ হয়েছে। তাঁর এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে প্রত্যাশা জোরালো হয়েছে। তবে একইসঙ্গে হুমকি দিয়ে তিনি বলেছেন, হরমুজ খুলে না দিলে ইরানকে ‘খুব মার দেওয়া হবে।’
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি দক্ষ কর্মীদের এইচ-১বি এবং এল-১ ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি আরও ব্যয়বহুল করার পরিকল্পনা করছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেদেশে কর্মরত হাজার হাজার ভারতীয় পেশাদার এবং তাদের ওপর নির্ভরশীল প্রযুক্তি...
২ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৩ জুলাইয়ের একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার প্রধান মার্ক জাকারবার্গকে ক্ষমা চাইতে বলেছে দেশটির পার্লামেন্টারি কমিটি। এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেটা প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের সময়সীমা দিয়েছে...
৩ ঘণ্টা আগে
বন্ধুর কাছে ধার দেওয়া টাকা ফেরত চাওয়া এবং সাইবার জালিয়াতিতে জড়ানোর চাপের মুখে পড়ে মানসিক যন্ত্রণায় সুরতের এক টেক্সটাইল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘ফ্রেন্ডশিপ ডে’ বা আন্তর্জাতিক বন্ধু দিবসের দিনই তাঁর তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহর পুলিশ।
৩ ঘণ্টা আগে