বাড়ির কাজ করে না আনায় ছয় বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্কুলেই লুটিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়। ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিহত শিশুটির নাম প্রণয় তেজা। বিশাখাপত্তনমের ওয়ান টাউন এলাকার বেসরকারি প্রতিষ্ঠান লিটল গার্ডেন স্কুলের ছাত্র সে। পরিবারের অভিযোগ, বাড়ির কাজ না করায় এক শিক্ষক তাকে লাঠি দিয়ে মারধর করেন। এরপর সে লুটিয়ে পড়ে। তাকে কিং জর্জ হাসপাতাল (কেজিএইচ) নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাটির তদন্ত করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মৃত্যুর খবর পেয়ে শিশুটির পরিবারের সদস্য ও স্বজনেরা হাসপাতালে জড়ো হন। তাঁরা ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রণয় যখন স্কুলে যায় তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল। স্কুলে যাওয়ার ব্যাপারে প্রণয় নিজেই জোর করেছিল বলে জানান তার বাবা। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সকাল প্রায় ৮টার দিকে আমার ছেলে ঘুম থেকে উঠে বলল, সে স্কুলে যেতে চায়। সে স্কুলে যাওয়ার জন্য জোর করছিল।’
পরিবারের সদস্যরা শুরুতে তাকে সঙ্গে সঙ্গে স্কুলে পাঠাতে চাননি। তবে পরীক্ষা সামনে থাকায় শেষ পর্যন্ত তাঁরা রাজি হন। শিশুটির বাবা বলেন, ‘আমরা ভাবলাম, পরীক্ষা তো সামনে, তাই ওকে যেতে দিই। সে বলল, “ঠিক আছে বাবা, আমি যাচ্ছি”, তারপর স্কুলে চলে গেল।’
বাড়ি থেকে বের হওয়ার সময় শিশুটির মধ্যে অস্বাভাবিক কোনো লক্ষণ ছিল না বলে জানিয়েছে পরিবার। কিন্তু কয়েক ঘণ্টা পর তাঁরা এ খবর পান।
শিশুটির বাবা জানান, দুপুরের দিকে তিনি ফোনে জানতে পারেন, তাঁর ছেলের সঙ্গে কিছু একটা ঘটেছে। তবে ফোনটি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়নি।
তিনি বলেন, ‘স্কুল থেকে কেউ আমাকে ফোন করেনি। আমার ভগ্নিপতির বাড়ির কাছাকাছি কাজ করা স্থানীয় কয়েকজন রাঁধুনি ফোন করে বিষয়টি জানিয়েছিলেন।’
শিশুটিকে কিং জর্জ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়। পরে পরিবারের সদস্যরা স্কুলে গিয়ে ঘটনার বিষয়ে তথ্য জানতে চান। তাঁদের দাবি, স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিক্ষক শিশুটিকে আঘাত করছেন।
শিশুটির বাবা অভিযোগ করেন, ‘স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষক শিশুটিকে ভয় দেখাচ্ছিলেন। তিনি তাকে লাঠি দিয়ে আঘাত করেন এবং আতঙ্ক ও ভয়ের কারণে সে সেখানেই লুটিয়ে পড়ে।’
তিনি আরও বলেন, এক চিকিৎসক পরিবারকে জানিয়েছিলেন, হাসপাতালে পৌঁছানোর কিছু সময় আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। শিশুটির বাবা বলেন, ‘চিকিৎসক আমাদের জানান, হাসপাতালে পৌঁছানোর প্রায় আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছিল।’
এনডিটিভির হাতে আসা সিসিটিভি ফুটেজে শিক্ষককে শিশুটিকে আঘাত করতে দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর কিছুক্ষণ পর শিশুটি শিক্ষকের কোলে লুটিয়ে পড়ে।
স্কুলে যাওয়ার আগে তাঁর ছেলে অসুস্থ ছিল—এমন কোনো ধারণা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন শিশুটির বাবা।
ছেলের আগে থেকে কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একেবারেই কোনো সমস্যা ছিল না। আগের রাতে সে আনন্দের সঙ্গে খেলাধুলা করেছে এবং সকালে
সুস্থ অবস্থায় ঘুম থেকে উঠেছিল। তার ভাইরাল জ্বর বা অন্য কোনো স্বাস্থ্যসমস্যা ছিল না।’
পরিবারের অভিযোগ, এটি স্কুলে শারীরিক শাস্তি দেওয়ার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তাঁদের দাবি, অন্য শিশুদেরও মারধর করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।
ঘটনার খবর পেয়ে রাজস্ব বিভাগের ডিভিশনাল কর্মকর্তা (আরডিও) দিলীপ চক্রবর্তীও হাসপাতালে যান।
তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি, স্কুল থেকে ছয় বছরের একটি শিশুকে মৃত অবস্থায় কেজিএইচে আনা হয়েছে।’ তিনি আরও জানান, সরকারের সংশ্লিষ্ট বিভাগ ঘটনাটির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করছে।
অন্ধ্র প্রদেশের স্কুলশিক্ষা বিভাগ ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছে। বিভাগটি জানিয়েছে, সরকার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তারা তদন্ত করে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার প্রকৃত তথ্য যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে থাকবেন বিশাখাপত্তনমের আঞ্চলিক যুগ্ম পরিচালক (আরজেডি), জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) এবং রাজস্ব বিভাগের ডিভিশনাল কর্মকর্তা (আরডিও)।
শিক্ষা বিভাগ আরও জানিয়েছে, শিক্ষকেরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীলতা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে আচরণ করেন, সে জন্য প্রয়োজনীয় সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার উদ্যোগ চলছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিন সদস্যের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ একটি মামলা করে তদন্ত শুরু করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তুরস্কের এক শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। অভিযোগ ছিল, ওই শিক্ষার্থী ভিসার আবেদনে ব্যবহৃত বায়োমেট্রিক ছবিতে মাথায় স্কার্ফ পরা অবস্থায় ছিলেন। পরে তাঁকে মাথা অনাবৃত করে নতুন ছবি জমা দিতে বলা হয়।
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেকের ঝুঁকি মোকাবিলায় নিজের কণ্ঠকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) এ জন্য আবেদন করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
৫ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে