Ajker Patrika

অ্যাকাউন্ট স্থগিতের অভিযোগে হায়দরাবাদ ও মুম্বাইয়ে মেটার কার্যালয়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫: ৪৬
অ্যাকাউন্ট স্থগিতের অভিযোগে হায়দরাবাদ ও মুম্বাইয়ে মেটার কার্যালয়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর
মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা। ছবি: এনডিটিভি

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কয়েকটি অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ করেছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কার্যালয়ের করিডর ও ক্যাফেটেরিয়ার আশপাশে ছোটাছুটি করছেন। কয়েকজনকে ফুলের টব ভাঙতেও দেখা যায়।

শুক্রবার তেলেঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা হায়দরাবাদে মেটার কার্যালয়ে ফুলের টব ছুড়ে ভাঙচুর করেন। সংগঠনটির দুই পদধারীর অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় রাজ্য যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে কর্মীরা মেটা ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তাঁরা কয়েকটি পোস্ট প্রকাশের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

যুব কংগ্রেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেটাকে ‘মেরুদণ্ড সোজা করতে’ বলে। একই সঙ্গে বিধিনিষেধ আরোপ করা অ্যাকাউন্ট ও পোস্টগুলো পুনরায় চালু করতে সাত দিনের সময়সীমা বেঁধে দেয় সংগঠনটি।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছিল মেটা।

একই সময়ে মুম্বাই যুব কংগ্রেসও মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমালোচনাকারীদের কণ্ঠরোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) ওয়ার্ল্ড ওয়ান ভবনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মুম্বাই যুব কংগ্রেসের সভাপতি জিনাত সাবরিনের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি পোস্টারও পোড়ানো হয়। বৈষ্ণব তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি—দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

বিক্ষোভকারীরা মেটার বিরুদ্ধে বিজেপির পক্ষ নেওয়ার অভিযোগ তুলে স্লোগান দেন। তাঁদের দাবি, ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার অ্যাকাউন্ট স্থগিত করা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশের কণ্ঠরোধের চেষ্টা।

মেটার কাছে চারটি দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁরা বলেন—

১. গত ছয় মাসে সরকারের নির্দেশে কতগুলো ভারতীয় অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত করা হয়েছে এবং এর মধ্যে কতগুলো এখনো বন্ধ রয়েছে, তা প্রকাশ করতে হবে।

২. রাহুল গান্ধীর নাম উল্লেখ করা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনা করা পোস্টগুলো স্বয়ংক্রিয়ভাবে কেন আটকে দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দিতে হবে।

৩. বিরোধী দলের নেতা, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের ওপর আরোপ করা সব বেআইনি বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে।

৪. ভারতের সংবিধানকে সম্মান করতে হবে, ‘বিজেপির রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নয়’।

দাবিগুলো পূরণ না হলে ‘আদালতে, রাজপথে এবং কার্যালয়েও’ আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এক্সে দেওয়া পোস্টে মেটার এ পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে ব্যবসা করবে, রাজনীতি নয়। সবাইকে সমানভাবে বিবেচনা করাই একটি ভালো ও অন্তর্ভুক্তিমূলক কোম্পানির বৈশিষ্ট্য। সরকারেরও উচিত নয়, অযথা চাপ সৃষ্টি করে বিদেশি কোম্পানির ব্যবসায় রাজনীতির অনুপ্রবেশ ঘটানো।’

এদিকে হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় যুব কংগ্রেস কর্মীদের সমালোচনা করেছে বিজেপি। দলটি কংগ্রেসকে ‘গুণ্ডাদের দল’ বলে আখ্যা দিয়েছে।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, ‘ভারতীয় যুব কংগ্রেসের গুণ্ডারা শুধু হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালায়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে গর্বও করছে! বিশ্ব এআই সম্মেলনে ঢুকে নগ্ন হয়ে তারা যেভাবে ভারতের সম্মানহানি করেছিল, সেটিও মনে আছে। রাহুল গান্ধীর দল কংগ্রেস গুণ্ডাদের দল! বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর করাই কংগ্রেসের মডেল।’

মানুষকে এ ধরনের ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে ভান্ডারি আরও বলেন, ‘কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন এ কারণেই ভারত ভঙ্গুর পাঁচ অর্থনীতির একটি ছিল।’

ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে টি রামা রাওও কংগ্রেস কর্মীদের ‘গুণ্ডা’ বলে আখ্যা দিয়েছেন। ভারতে কোম্পানি আনার ক্ষেত্রে রাহুল গান্ধী কি ‘গুণ্ডামি’কেই পথ হিসেবে বেছে নিয়েছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

রামা রাও বলেন, ‘হায়দরাবাদের সুনাম বা ব্র্যান্ড ইমেজ সারা দেশের লাখ লাখ পরিবারের জীবিকার সঙ্গে যুক্ত। ব্যবসাবান্ধব নানা নীতির মাধ্যমে কয়েক দশকের প্রচেষ্টায় এ সুনাম গড়ে উঠেছে। কংগ্রেসের গুণ্ডারা ভেবেছে, হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর করা খুব বাহাদুরির কাজ। এসব নির্বোধ আবার নিজেদের কর্মকাণ্ড নিয়ে গর্বও করছে।’

তিনি আরও বলেন, ‘ভারতে মেটার সবচেয়ে বড় ক্যাম্পাস এখানে। নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা দিয়েছিলাম বলেই তারা আমাদের শহরকে বেছে নিয়েছিল। গতকালের ঘটনায় শুধু কাচ ভাঙেনি, হায়দরাবাদের ব্র্যান্ড ইমেজের প্রতি তাদের আস্থাও ভেঙেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত