
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম ইরাকে একটি মার্কিন সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। তারা দাবি করেছে, এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছে, বিমানটি কোনো শত্রুপক্ষীয় হামলায় বিধ্বস্ত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরানি সংবাদমাধ্যমের দাবি, পশ্চিম ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ এরিয়াল রিফুয়েলিং (আকাশে জ্বালানি সরবরাহকারী) বিমান বিধ্বস্ত হয়েছে, তবে এই ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের কেন্দ্রীয় সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র বৃহস্পতিবার রাতে জানান, পশ্চিম ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমানটি ভূপাতিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন।
ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) জনসংযোগ বিভাগও একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, প্রতিরোধ ফ্রন্টের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে একটি বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকারকে লক্ষ্যবস্তু করেছে। হামলার সময় এটি একটি ‘আক্রমণকারী যুদ্ধবিমানে’ জ্বালানি সরবরাহ করছিল। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় ছয়জন ক্রু সদস্য মারা গেছেন।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মোর্চা ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই হামলার দায় স্বীকার করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে যে তারা ‘দেশের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষায়’ কেসি-১৩৫ বিমানটি গুলি করে ভূপাতিত করেছে।
১৯৫০ এবং ১৯৬০-এর দশকের শুরুতে বোয়িংয়ের তৈরি কেসি·১৩৫ বিমানটি মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দূরপাল্লার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কিন বিমানবাহিনীর মতে, ৬০ বছরের বেশি সময় ধরে সচল থাকা এই বিমানগুলোতে সাধারণত তিনজন ক্রু থাকে—একজন পাইলট, একজন কো-পাইলট এবং একজন বুম অপারেটর (যিনি অন্য বিমানে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করেন)।
যুক্তরাষ্ট্র ইরান ও ইরাকি গোষ্ঠীগুলোর এই দাবি জোরালোভাবে অস্বীকার করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তারা কেসি-১৩৫ বিমানটি হারানোর বিষয়ে অবগত আছে, তবে তারা স্পষ্ট করেছে যে এই ঘটনা কোনো শত্রুপক্ষ বা ভুলবশত নিজেদের (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় ঘটেনি।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এই অঞ্চলে সংঘাত চরম আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ৬ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র বর্তমানে সমুদ্রে আটকে থাকা রুশ তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই ঘোষণা দেন—ইরানের সঙ্গে যুদ্ধের ফলে বাড়তে থাকা জ্বালানির দাম নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের এটি সর্বশেষ...
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তাঁর দেশ ‘আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে।’ ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। তাঁর দাবি, গত প্রায় দুই সপ্তাহের হামলায় ইরান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, ‘ইরান আর আগের ইরান নেই।’
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
৯ ঘণ্টা আগে