
পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বৈরিতা বা সমস্যা হিসেবে না দেখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে দেশটি বলেছে, ইসলামাবাদের প্রতি তাদের সমর্থন যেন ভারত ও তুরস্কের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোকে আড়াল না করে। গত বুধবার সিঙ্গাপুরের র্যাফেলস হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) আয়োজিত এক বক্তৃতায় এ কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, হাকান ফিদান বলেছেন, তুরস্ক ও ভারতের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে এবং উভয় দেশই পারস্পরিক লাভের জন্য কাজ করতে পারে। তিনি বলেন, ‘তুরস্ক ও ভারতের মধ্যে যা করা প্রয়োজন, সেটিই করা উচিত। কারণ, আমাদের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে, পারস্পরিক লাভের অনেক সুযোগ রয়েছে এবং আমরা সেই পথে এগিয়ে যাওয়ার মতো যথেষ্ট পরিপক্ব। তুরস্কই একমাত্র দেশ নয়, যার পাকিস্তানের সঙ্গে ভালো এবং ভ্রাতৃসুলভ সম্পর্ক রয়েছে। আরও অনেক দেশ রয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ল্যাশ রিপোর্টের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফিদান বলছেন, ‘ভারত যদি পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখা এবং পাকিস্তানকে সমর্থন দেওয়া দেশগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায় বা ক্ষুব্ধ হতে চায় তাহলে হতে পারে। আমার কিছু করার নেই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমি যেমনটা বলেছি—ভারতের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় পর্যায়ে কোনো সমস্যা নেই। আমরা ভারতকে অনুরোধ করছি, বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে না দেখতে। এটি দুই দেশের মধ্যে যা করা প্রয়োজন, সেটিই।’
হাকান ফিদানের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগকে কেন্দ্র করে ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। দীর্ঘদিন ধরে তুরস্ক ইসলামাবাদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তুরস্ক ও পাকিস্তান কয়েক দশক ধরে ঘনিষ্ঠ রাজনৈতিক, কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আঙ্কারা নিয়মিতভাবে ইসলামাবাদের পক্ষে অবস্থান নিয়েছে।
বিশেষ করে কাশ্মীর প্রশ্নে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুরস্ক বারবার পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে। এ কারণে ভারতের পক্ষ থেকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে দেশটিকে। তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত ও তুরস্কের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান রয়েছে। যদিও কাশ্মীর ইস্যুতে তুরস্কের অবস্থান এবং পাকিস্তানের সঙ্গে এর ঘনিষ্ঠতার কারণে দুই দেশের সম্পর্ক বিভিন্ন সময়ে টানাপোড়েনের মুখে পড়েছে।
গত বছরের মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের পরও পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছিল তুরস্ক। ২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা সন্ত্রাসীরা ২৬ জনকে হত্যা করে। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে সামরিক হামলা চালায়।
সেই সামরিক উত্তেজনার সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘পাকিস্তান ও ভারতের মধ্যকার ঘটনাপ্রবাহ আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। ভারত গত রাতে যে হামলা চালিয়েছে, তা পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আমরা এ ধরনের উসকানিমূলক পদক্ষেপের নিন্দা জানাই, একই সঙ্গে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলারও নিন্দা জানাই।’

জাপানে পারিবারিক ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ২০ বছর বয়সী তরুণ জেমস ওয়েস্টন হিগিনবোথাম। গত ২৯ মে জাপানের কিয়োটো শহরে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
৩ মিনিট আগে
ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরি লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে...
৩১ মিনিট আগে
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের লক্ষ্যে ৭০ বিলিয়ন ডলারের একটি বিশাল তহবিল অনুমোদন করেছে। দীর্ঘ সময় ধরে একাধিক সংশোধনীর ওপর ভোটাভুটি এবং প্রেসিডেন্টের অন্যান্য বিতর্কিত নীতি নিয়ে...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক চীনের হয়ে অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন। ৫০ বছর বয়সী থমাস ওয়েইর পকেন (দ্বিতীয়) দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চীনে বসবাস করেছেন এবং কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে