
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) কট্টর ডানপন্থী ও হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন থেকে জানা যায়, আজ রোববার সকালে ইনস্টিটিউটের মিলনায়তনে একটি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত হয়। সংঘর্ষের পর ক্যাম্পাসের ক্ষুব্ধ শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে হামলাকারীদের শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন।
জানা গেছে, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১৫ হাজার টাকা ভাড়ার বিনিময়ে মিলনায়তনটি বুক করেছিল কট্টর ডানপন্থী ও হিন্দুত্ববাদী সংগঠন এবিজিপি। সকাল ১০টার দিকে তাদের কার্যক্রম শুরু হলে ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী প্রাঙ্গণে বহিরাগতদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রতিবাদস্বরূপ মিলনায়তনের দেয়াল ও আশপাশে পোস্টার টানান। এরপর শিক্ষার্থীদের সঙ্গে আয়োজক সংগঠনের তর্কাতর্কি ও হাতাহাতি শুরু হয়।
শিক্ষার্থী সংসদ (স্টুডেন্টস ইউনিয়ন) এক বিবৃতিতে অভিযোগ করে জানায়, ওই অনুষ্ঠানের বক্তারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন এবং প্রতিবাদী শিক্ষার্থীদের দেশবিরোধী, নকশাল ও সন্ত্রাসী বলে গালাগাল করছিলেন। শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বহিরাগত হিন্দুত্ববাদীরা ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চার শিক্ষার্থী গুরুতর ও আরও একাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষ চলাকালে নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।
ইনস্টিটিউটের এক শিক্ষক জানান, তিনি ও তাঁর সহকর্মীরা পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতা করতে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। শিক্ষার্থীদের দাবি, সংঘর্ষের পর ক্যাম্পাসের বাইরে প্রায় ১৫০ জন বহিরাগত ব্যক্তি তাঁদের ঘিরে ধরে আতঙ্ক সৃষ্টি করেন এবং ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হলেও বাইরে থেকে মূল ফটকে ইটপাটকেল ছোড়া হয়।
অন্যদিকে, হিন্দুত্ববাদী সংগঠন এবিজিপি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির দাবি, তারা কোনো নিয়ম লঙ্ঘন করেনি। তাদের রাষ্ট্রীয় সভাপতি পঙ্কজ রায় জানান, জাতীয়তাবাদী চিন্তাধারা থেকে ভোক্তা অধিকার সচেতনতার জন্য তাঁরা এই সভার আয়োজন করেছিলেন।
সংগঠনটির অভিযোগ, শিক্ষার্থীরা জোরপূর্বক তাদের সভায় ঢুকে ‘ভারত মাতা’ ও ‘স্বামী বিবেকানন্দ’-এর ছবি ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলেন। শিক্ষার্থীদের হামলায় তাদের চারজন সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তাদের দাবি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর ও গ্রেপ্তারের দাবিতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন।
এসআরএফটিআই প্রশাসনের এক কর্মকর্তা জানান, পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের নামাঙ্কিত ইনস্টিটিউটটি ভারতের দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র শিক্ষা কেন্দ্র। সম্প্রতি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ডানপন্থী ছাত্রসংগঠন এবিভিপি ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

সুইজারল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক নিরপেক্ষতার নীতিকে আরও কঠোর করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির ভোটারেরা। সরকারি ফলাফলে দেখা গেছে, ৭০ শতাংশের বেশি ভোটার এমন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
১ ঘণ্টা আগে
চীনের ‘পান্ডা কূটনীতি’র দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছেছে দুটি জায়ান্ট পান্ডা। পুরুষ পান্ডাটির নাম পিং পিং আর স্ত্রীটির নাম ফু শুয়াং। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ফেডএক্সের একটি বিশেষ ফ্লাইটে প্রায় ১৬ ঘণ্টার যাত্
২ ঘণ্টা আগে
থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত শহর ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাবার, পানি ও চিকিৎসাসামগ্রীর অভাবে সেখানে থাকা প্রায় ২ হাজার বেসামরিক মানুষ (যাদের মধ্যে প্রায় ৫০টি শিশু) চরম অনাহারের মুখে পড়েছেন।
৩ ঘণ্টা আগে