
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিবপোর্টে পারিবারিক সহিংসতার ঘটনায় আটজন শিশু প্রাণ হারিয়েছে। ঘাতক ব্যক্তি নিজের সাত সন্তানসহ মোট আটটি শিশুকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ২০২৪ সালের জানুয়ারির পর এটিই যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সবচেয়ে রক্তক্ষয়ী ‘নির্বিচার হত্যা’-এর ঘটনা।
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার ভোরে শ্রিবপোর্টের সিডার গ্রোভ এলাকার তিনটি আলাদা বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে এবং পাঁচজন মেয়ে, যাদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। স্থানীয় ক্যাডো প্যারিশ করোনার অফিস নিহতদের পরিচয় শনাক্ত করেছে। এরা হলো— জায়লা এলকিন্স (৩), শায়লা এলকিন্স (৫), কায়লা পিউ (৬), লায়লা পিউ (৭), মার্কাইডন পিউ (১০), সারিয়াহ স্নো (১১), খেদারিয়ান স্নো (৬) এবং ব্রেলন স্নো (৫)। এদের মধ্যে সাতজন আপন ভাই-বোন এবং একজন তাদের কাজিন।
রোববার স্থানীয় সময় সকাল ৬টার কিছুক্ষণ পর শ্রিবপোর্ট পুলিশ সিডার গ্রোভ এলাকায় গোলাগুলির খবর পায়। পুলিশ কর্মকর্তা ক্রিস বোর্ডেলন জানান, ওয়েস্ট ৭৯ স্ট্রিট এবং হ্যারিসন স্ট্রিটের তিনটি বাড়িতে শিশুদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। শ্রিবপোর্ট পুলিশ প্রধান ওয়েন স্মিথ আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এটি একটি বিশাল ক্রাইম সিন যেখানে অসংখ্য শিশুর মরদেহ পাওয়া গেছে। আমি ভাষা হারিয়ে ফেলেছি, এটি কল্পনা করাও অসম্ভব।’
লিজা ডেমিং নামে এক প্রতিবেশী জানান, তিনি তাঁর সিকিউরিটি ক্যামেরায় ঘাতককে বাড়ি থেকে দৌড়ে পালাতে দেখেছেন। তিনি আরও জানান, পরে তিনি বাড়ির ছাদে একটি শিশুর মরদেহ কাপড় দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন। হামলার সময় ১৩ বছর বয়সী এক কিশোর ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও তার শরীরের হাড় ভেঙে গেছে। আরও কিছু শিশু পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিল বলে রাজ্য প্রতিনিধি ট্যামি ফেল্পস জানিয়েছেন।
শ্রিবপোর্ট পুলিশ ঘাতক ব্যক্তিকে ৩১ বছর বয়সী শামার এলকিন্স হিসেবে শনাক্ত করেছে। তদন্তে জানা গেছে, এলকিন্স প্রথমে তাঁর স্ত্রীকে (নিহত শিশুদের মা) গুলি করে গুরুতর আহত করেন। এরপর তিনি পাশের বাড়িতে গিয়ে নিজের সন্তান ও তাদের এক কাজিনকে গুলি করেন। এ ছাড়া অষ্টম শিশুটির মাকে লক্ষ্য করেও গুলি ছড়েন। বর্তমানে দুই নারীই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।
এলকিন্সের অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে একটি আগ্নেয়াস্ত্র মামলা ছিল। এ ছাড়া তিনি লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে সাত বছর চাকরি করেছেন, যদিও তিনি কখনোই যুদ্ধক্ষেত্রে নিয়োজিত ছিলেন না।
হত্যাকাণ্ডের পর এলকিন্স একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকে ধাওয়া করলে পার্শ্ববর্তী একটি প্যারিশে পুলিশের গুলিতে তিনি নিহত হন। বর্তমানে লুইজিয়ানা স্টেট পুলিশ এই পুলিশি গুলিবর্ষণের ঘটনাটি তদন্ত করছে।
এই ঘটনায় শ্রিবপোর্টের মেয়র টম আর্সেনো গভীর শোক প্রকাশ করে বলেন, ‘এটি কেবল একটি অপরাধ নয়, এটি এমন একটি ক্ষত যা পুরো শহরের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাবে। শ্রিবপোর্টের ইতিহাসে এটিই হয়তো সবচেয়ে ভয়াবহতম ট্র্যাজেডি।’
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন, যিনি শ্রিবপোর্ট এলাকার প্রতিনিধিত্ব করেন, এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। সিটি কাউন্সিলর তাবাথা এইচ টেইলর কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘এই পরিবার এবং এই কমিউনিটির এখন আমাদের সবাইকে প্রয়োজন। আমরা কীভাবে এই শোক কাটিয়ে উঠব?’
‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত অন্তত ১১৪টি ‘ম্যাস শুটিং’-এর ঘটনা ঘটেছে। শ্রিবপোর্ট শহরে মোট হত্যাকাণ্ডের ৩০ শতাংশেরও বেশি মূলত পারিবারিক বিরোধ বা ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে ঘটে থাকে বলে জানিয়েছেন সিটি কাউন্সিলম্যান গ্রেসন বাউচার।

গত মাসে এক পূর্ণ কর্মদিবসের সন্ধ্যায় মুম্বাইয়ের দক্ষিণগামী অ্যাকোয়া লাইন মেট্রো ট্রেনটি শেষ স্টেশনের অনেক আগেই খালি হয়ে যায়। যাত্রা শুরুর কয়েকটি স্টপেজ পার হওয়ার আগেই এই অবস্থা দেখা যায়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তাঁর প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। এবং আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার এই আলোচনা হতে পারে বলে খবর ছিল। কিন্তু ইরান তাদের দুটি দাবিতে অনড়।
৩ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পার হয়ে গেছে। এই সংঘাত ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশুখ্রিষ্টের মূর্তি ভাঙচুর করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এক্স প্ল্যাটফর্মে ছবিটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছে।
৪ ঘণ্টা আগে