
ব্রিটেনের রাজনীতিতে অ্যাঞ্জেলা রেইনারকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী নারীদের একজন হিসেবে বিবেচনা করা হতো। গত সপ্তাহ পর্যন্ত তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী ও হাউজিং সেক্রেটারি। অনেকে মনে করতেন, ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম সম্ভাব্য প্রার্থী। কিন্তু অস্বাভাবিক দ্রুত উত্থানের পর হঠাৎ করেই এল পতন।
নতুন বাড়ি কেনার সময় যথাযথ কর না দেওয়ার স্বীকারোক্তির পর তিনি সরকার ও দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে লেবার পার্টির এই হাই-প্রোফাইল এমপিকে এখন সংসদের পেছনের সারিতে ফিরে যেতে হচ্ছে।
দারিদ্র্য থেকে রাজনীতির শীর্ষে
১৯৮০ সালে গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্টে জন্ম রেইনারের। শৈশব কেটেছে দারিদ্র্য আর কষ্টে। বাবা-মা দুজনই বেকার ছিলেন। মায়ের ছিল মানসিক অসুস্থতা। ১০ বছর বয়সে আত্মহত্যাপ্রবণ মাকে পাশে শুয়ে পাহারা দেওয়ার অভিজ্ঞতার কথা একাধিকবার তিনি জানিয়েছেন। আর্থিক কষ্টের কারণে বাড়িতে গরম পানির ব্যবস্থাও ছিল না—প্রতি রোববার দাদির বাড়ি গিয়ে গোসল করতে হতো।
১৬ বছর বয়সে স্কুল ছাড়তে বাধ্য হলেও পরে পার্টটাইম পড়াশোনা করে সোশ্যাল কেয়ার বিষয়ে যোগ্যতা অর্জন করেন রেইনার। কেয়ারওয়ার্কার হিসেবে কাজের পাশাপাশি ইউনিসন নামের ট্রেড ইউনিয়নে দ্রুত নেতৃত্বের পর্যায়ে উঠে আসেন। এখানেই তিনি নিজের রাজনৈতিক যাত্রার প্রেরণা খুঁজে পান। ২০১৫ সালে ‘অ্যাশটন-আন্ডার-লাইন’ শহর থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করেন।
দ্রুত উত্থান ও প্রভাব
জেরেমি করবিনের নেতৃত্বে তিনি দ্রুত ছায়া মন্ত্রণালয়ে জায়গা করে নিয়েছিলেন। ২০২০ সালে লেবারের ভরাডুবির পর তিনি উপনেতা নির্বাচিত হন। কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় তিনি কার্যত শ্রমজীবী শ্রেণি ও দলের মূলধারার মধ্যে সেতুবন্ধ তৈরিতে ভূমিকা রাখেন। স্পষ্টভাষী ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগের ক্ষমতা তাঁকে দলীয় রাজনীতিতে বিশেষ মর্যাদা দেয়।
তবে সমালোচনাও কম আসেনি। কখনো কনজারভেটিভদের তীব্র ভাষায় আক্রমণ, আবার কখনো ব্যক্তিগত জীবনের কারণে তিনি আলোচনায় ছিলেন। ২০২১ সালে তখনকার প্রধানমন্ত্রী বরিস জনসনকে বিভ্রান্ত করতে সংসদে ইচ্ছাকৃতভাবে আচরণ করেছেন বলে এক সংবাদে তাঁকে নারীবিদ্বেষের শিকার হতে হয়।
পতনের কারণ
২০২৪ সালে নিজের কাউন্সিল হাউস বিক্রির সময় করসংক্রান্ত জটিলতায় তিনি তদন্তের মুখে পড়েন। যদিও কোনো অপরাধে অভিযুক্ত হননি, তবে সম্প্রতি নতুন ফ্ল্যাট কেনার সময় পর্যাপ্ত কর না দেওয়ার অভিযোগে আবারও প্রশ্ন ওঠে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নৈতিকতাবিষয়ক উপদেষ্টা জানান, তিনি ইচ্ছাকৃতভাবে ভুল করেননি। কিন্তু মন্ত্রিসভার আচরণবিধির সর্বোচ্চ মান রক্ষা করতে পারেননি। এই অবস্থায় রেইনার পদত্যাগ করেন।
অকাল সমাপ্তি
৪৫ বছর বয়সে রেইনারের এমন রাজনৈতিক পতন লেবার পার্টির জন্য বড় ধাক্কা। গৃহনির্মাণে ১৫ লাখ নতুন বাড়ির অঙ্গীকার বাস্তবায়নে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী। তাঁর প্রভাব ও জনপ্রিয়তা দলের জন্য মূল্যবান সম্পদ ছিল। কিয়ার স্টারমার স্বীকার করেছেন, রেইনার সামাজিক অগ্রগতির জীবন্ত প্রতীক ছিলেন।
দারিদ্র্য আর প্রতিকূলতা অতিক্রম করে লেবারের দ্বিতীয় নারী উপপ্রধানমন্ত্রী হওয়া অ্যাঞ্জেলা রেইনারের যাত্রা ব্রিটিশ রাজনীতির এক অনন্য গল্প। কিন্তু সেই গল্প আপাতত থেমে গেল অকালেই।

হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্
১ ঘণ্টা আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
৩ ঘণ্টা আগে