
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত জানুয়ারিতে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিয়েছিলেন দুই বোন। অভিযোগ রয়েছে, বিক্ষোভে অংশ নেওয়ার প্রায় এক মাস পর গভীর রাতে মুখোশধারী কয়েক ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে তুলে নিয়ে যায়। পরে জানা যায়, মুখোশধারী ওই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য ছিলেন।
প্রায় চার মাস ধরে হাসপাতাল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে খোঁজ করেও মেয়েদের কোনো সন্ধান পাননি তারানেহ ও রোমিনার মা মারজিয়েহ নুরমোহাম্মাদি। পরে তাঁকে জানানো হয়, তাঁর দুই মেয়েকে কারাগারে রাখা হয়েছে।
গত মে মাসে ইসফাহানের দৌলতাবাদ কারাগারে মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখেন মা। যুক্তরাষ্ট্রপ্রবাসী তাঁদের চাচাতো ভাই মাসউদ নুরমোহাম্মাদির দাবি, মারধরের কারণে দুই বোনের মুখ ফুলে গিয়েছিল, শরীরজুড়ে ছিল আঘাতের চিহ্ন। চুল ধরে টেনে এক সেল থেকে অন্য সেলে নেওয়ায় তাদের মাথার বিভিন্ন অংশে চুল উঠে গিয়েছিল। তাদের কনুই, আঙুলের গাঁট ও পায়েও গুরুতর আঘাত ছিল বলে পরিবারের দাবি।
তারানেহ আদালতে অভিযোগ করেন, নির্যাতনের মাধ্যমে তাঁর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এমনকি স্বীকারোক্তিতে সই না করলে তাঁর চোখের সামনে রোমিনাকে কারারক্ষীরা ধর্ষণ করবে—এমন হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন। তাঁদের বিচারে মা উপস্থিত থাকতে পারেননি। বিক্ষোভে সহিংসতায় জড়িত থাকার কোনো প্রমাণও পরিবার বা আইনজীবীদের সামনে উপস্থাপন করা হয়নি বলে দাবি করা হয়েছে।
দুই বোনের শাস্তির ব্যবধানের কারণও স্পষ্ট নয়। তাঁদের চাচাতো ভাইয়ের ভাষ্য, ইরানে সাম্প্রতিক মৃত্যুদণ্ডের অনেক মামলায় আপিলের সুযোগ গ্রহণের আগেই সাজা কার্যকর করা হচ্ছে।
এদিকে চলতি বছরে ইরানে ৫০০-এর বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২৯ জন রয়েছেন। অন্তত ১৬ জন নারীও মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন। ইসফাহানেই ৭০-এর বেশি বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের মুখোমুখি বলে জানা গেছে।
গত মাসে যুক্তরাজ্যসহ ৩১টি দেশ জানুয়ারির বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলোর মতে, এসব মৃত্যুদণ্ড ভিন্নমত দমনের উদ্দেশে দেওয়া হচ্ছে।
তারানেহ ও রোমিনার পরিবারের সদস্যদের দাবি, এই দুই বোনের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা শুধু তাদের শাস্তি নয়; বরং ইরানের সাধারণ মানুষকে ভয় দেখানোরও একটি কৌশল।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে একটি প্রচারণামূলক ভিডিও (প্রোমো) প্রকাশ করেছে। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই তা নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজ্যের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরার বদলে ৮০ সেকেন্ডের ভিডিওটিতে স্থান পেয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার...
২ ঘণ্টা আগে
বড় পরিসরে মাদক পাচার ও উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিসরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা ও আরও ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী সারাহ মিসরে অপরাধ ও নিরাপত্তাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার জন্য পরিচিত।
৩ ঘণ্টা আগে
হিমালয় কন্যা নেপালের বিদ্যুৎ খাতের প্রায় ১০০ শতাংশই আসে জলবিদ্যুৎ (হাইড্রো পাওয়ার) থেকে। দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী ভারত ও বাংলাদেশে রপ্তানি করে প্রতি বছর অন্তত ২০০ মিলিয়ন ডলার আয় করে কাঠমান্ডু। তবে যে হিমবাহ ও পাহাড়ি নদীগুলোকে কেন্দ্র করে নেপাল এই অর্থনৈতিক
৩ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার পর মৃত ভেবে পরিবারের সদস্যরা যখন শোকের আনুষ্ঠানিকতা শুরু করেছেন, তখনই ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাঁকে উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে