
আয়ারল্যান্ডের কথিত সংঘবদ্ধ অপরাধচক্রের শীর্ষ নেতা ডেনিয়েল কিনাহানকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গুরুতর সংঘবদ্ধ অপরাধ, মাদক ও আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগে আইরিশ আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে গত এপ্রিলে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।
কিনাহানের প্রত্যর্পণকে কেন্দ্র করে আয়ারল্যান্ডে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, তাকে আদালতে হাজির করার সময় ভবনের ছাদে স্নাইপার, বোমা প্রতিরোধী গাড়ি, ছদ্মবেশী ভ্যান এবং কারাগারের ছাদে সিগন্যাল জ্যামার মোতায়েনের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। এটিকে আয়ারল্যান্ড সরকারের অন্যতম বড় নিরাপত্তা অভিযান হিসেবে দেখা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) ইউএই-র রাষ্ট্রীয় গণমাধ্যম কিনাহানের প্রত্যর্পণের খবর প্রকাশ করে। এর আগে শনিবার সকালে ডাবলিনের উপকণ্ঠের ক্যাসমেন্ট অ্যারোড্রোম থেকে আইরিশ সরকারের একটি বিশেষ বিমান রওনা হয়। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি রোববার ৯টা ২০ মিনিটে (জিএমটি) আয়ারল্যান্ডের উদ্দেশে যাত্রা করে।
আইরিশ সংবাদমাধ্যম ‘আইরিশ টাইমস’ জানিয়েছে, আয়ারল্যান্ডে পৌঁছানোর পরই কিনাহানকে গ্রেপ্তার করা হবে। পরে তাকে ডাবলিনের স্পেশাল ক্রিমিনাল কোর্টে সংঘবদ্ধ অপরাধ পরিচালনার অভিযোগে হাজির করার কথা রয়েছে।
কিনাহান দীর্ঘ প্রায় এক দশক ধরে দুবাইয়ে প্রকাশ্যেই বসবাস করছিলেন। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাকে ‘কিনাহান’ অর্গানাইজড ক্রাইম গ্রুপের তিন নেতার একজন হিসেবে চিহ্নিত করে। তাদের গ্রেপ্তারে তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিল। ডাবলিনের হাইকোর্টেও কিনাহানকে ওই অপরাধচক্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছিল, যিনি সংগঠনটির কর্মকাণ্ড ‘নিয়ন্ত্রণ ও পরিচালনা’ করতেন।
তবে কিনাহান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। ২০২১ সালে তার একজন আইনজীবী বিবিসিকে বলেছিলেন, কিনাহানের কোনো অপরাধের রেকর্ড বা দণ্ড নেই এবং তাকে অপরাধচক্রের নেতা হিসেবে উপস্থাপন করার অভিযোগগুলো মিথ্যা।
প্রত্যর্পণের আগে দেওয়া এক ভয়েস বার্তায় কিনাহান বলেছিলেন—দেশে ফেরার অপেক্ষায় আছেন তিনি। তিনি স্বীকার করেন, তাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা ‘পাগলাটে’ রকমের হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, জীবনে যা ঘটেছে তা নিয়ে তিনি ভাবছেন এবং আয়ারল্যান্ডে ফিরে যেতে পারাকে তার কাছে ‘তিক্ত-মধুর’ অনুভূতি মনে হচ্ছে।
২০১৬ সালে ডাবলিনের রিজেন্সি হোটেলে একটি বক্সিং ইভেন্টে কিনাহানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এরপর তিনি আয়ারল্যান্ড ছেড়ে প্রথমে স্পেনের কোস্টা দেল সলে এবং পরে দুবাইয়ে চলে যান।
কিনাহান চক্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হাচ অপরাধচক্রের দীর্ঘ সংঘাত ২০১৫ সালে শুরু হয়। ওই সংঘাতে আয়ারল্যান্ডে অন্তত ১৮ জন নিহত হন।

ইতালির সিসিলি দ্বীপের উপকূলে ২ হাজার বছরেরও বেশি পুরোনো একটি প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। জাহাজটিতে অক্ষত অবস্থায় থাকা শত শত মাটির পাত্র বা অ্যাম্ফোরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব পাত্রে প্রাচীনকালে মদ, জলপাই তেল ও শস্য পরিবহন করা হতো।
৭ ঘণ্টা আগে
চীনের দ্রুত সম্প্রসারিত অর্থনীতি ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দেশটির ক্রমবর্ধমান ভূমিকা বিদেশি তরুণ পেশাজীবীদের আকৃষ্ট করছে। তবে চীনে চাকরি পাওয়া গেলেও সেটিকে বৈধভাবে করার অনুমতি বা ওয়ার্ক ভিসা পাওয়া অনেকের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
বসফরাস প্রণালি ও হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে ভারত মহাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলেছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন...
৮ ঘণ্টা আগে
মেক্সিকোয় মাদক কার্টেলগুলোর সহিংসতার নতুন শিকার হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা। অনুসারী ও জনপ্রিয়তার কারণে একদিকে যেমন এসব ইনফ্লুয়েন্সার অপরাধী চক্রগুলোর প্রচার ও প্রভাব বিস্তারের হাতিয়ার হয়ে উঠছেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কার্টেল কিংবা নিজ গোষ্ঠীর বিরোধের জেরেই তাঁরা হত্যাকাণ্ডের
৮ ঘণ্টা আগে