Ajker Patrika

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টিভি উপস্থাপিকা—কে এই সারাহ খলিফা

আজকের পত্রিকা ডেস্ক­
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টিভি উপস্থাপিকা—কে এই সারাহ খলিফা
সারাহ খলিফা। ছবি: সংগৃহীত

বড় পরিসরে মাদক পাচার ও উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিসরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা ও আরও ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী সারাহ মিসরে অপরাধ ও নিরাপত্তাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার জন্য পরিচিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সারাহর বিরুদ্ধে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য হিসেবে মাদক উৎপাদন ও পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের তথ্য অনুযায়ী, চক্রটি বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল আমদানি করে সিনথেটিক মাদক উৎপাদন ও বাজারজাত করত। চক্রটির বিভিন্ন সদস্য কাঁচামাল আমদানি, মাদক উৎপাদন এবং বিতরণের কাজে যুক্ত ছিলেন বলে প্রসিকিউশন দাবি করেছে।

তদন্তের সময় আইনশৃঙ্খলা বাহিনী ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির উপকরণ জব্দ করেছে বলে জানা গেছে। এ ছাড়া দুটি অ্যাপার্টমেন্টে মাদক তৈরির পরীক্ষাগার থাকার অভিযোগ পাওয়া যায়। সেখান থেকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।

এই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাতজনকে খালাস দিয়েছেন আদালত। সারাহর আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। গত মাসে রায় ঘোষণা করা হলেও মৃত্যুদণ্ডের মামলায় মিসরের গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেওয়ার প্রক্রিয়া শেষে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

তবে সারাহ শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। গত বছরের সেপ্টেম্বরে আদালতে তিনি দাবি করেন, মাদকবিরোধী কর্তৃপক্ষের কার্যালয়ে ছবি তোলার আগে তিনি কখনো মাদক দেখেননি। এমনকি জীবনে কখনো সিগারেটও পান করেননি বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি।

আদালতে সারাহ কান্নায় ভেঙে পড়ে করুণার আবেদন করেন। তিনি বিচারককে বলেন, তাঁর বাবা-মা তাকে ভালোভাবে মানুষ করেছেন এবং তাঁরা নিয়মিত নামাজ পড়েন; মাদকের অর্থের তাঁর কোনো প্রয়োজন নেই।

প্রসিকিউশন ২০ জন সাক্ষীর জবানবন্দির পাশাপাশি বার্তা, ছবি ও ভিডিওসহ বিভিন্ন ডিজিটাল ও কারিগরি প্রমাণ আদালতে উপস্থাপন করেছে।

২০২৫ সালের এপ্রিলে কায়রোতে সারাহকে গ্রেপ্তার করা হয়। মিসরে মাদক পাচারসহ কয়েকটি গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দেশটির মাদকসংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ডের প্রয়োগের সমালোচনা করে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মিসরে ৪৯২টি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত