
দেশে ক্রমেই বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা। সে তুলনায় চিকিৎসাব্যবস্থা খুবই সীমিত। এরপরও বিদ্যমান চিকিৎসাব্যবস্থার সবগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগানো যাচ্ছে না। পুরান ঢাকার সরকারি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল এর একটি উদাহরণ। এখানে ২৯ বছর আগে রেডিওথেরাপি বিভাগ (ক্যানসারের চিকিৎসা) চালু করা হলেও তা নামসর্বস্ব বিভাগে পরিণত হয়েছে।
মিটফোর্ড দেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ হাসপাতাল। ১৯৯৬ সালে এখানে চালু করা হয় রেডিওথেরাপি বিভাগ। তবে চালুর পর থেকে বিভাগটির আর কোনো উন্নয়ন করা হয়নি। এখানে নেই রেডিওথেরাপি মেশিন। বস্তুত কেমোথেরাপি ছাড়া আর কোনো চিকিৎসার ব্যবস্থা নেই এখানে। অথচ ক্যানসারের রোগীদের অনেককেই রেডিওথেরাপি দিতে হয়। নেই চিকিৎসকসহ পর্যাপ্ত লোকবল। সেদিক থেকে রেডিওথেরাপি বিভাগটি সাইনবোর্ডসর্বস্ব বললে বাড়িয়ে বলা হবে না।
ক্যানসার বিভাগে কর্মরতরা জানান, বর্তমানে রাজধানী ঢাকা ছাড়াও পাশের কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার এবং ফরিদপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন জেলার অনেক মানুষ এ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। ঢাকা সদরঘাটের অদূরে অবস্থান হওয়ায় নৌপথে দেশের দক্ষিণাঞ্চলের অনেক রোগী মিটফোর্ডে আসেন। মাসে এখানে তিনশর মতো ক্যানসার রোগী আসেন। কিন্তু এর চিকিৎসার যথেষ্ট সুবিধা না থাকায় তাঁদের হতাশ হতে হয়।
বিভাগের কর্মীরা জানান, শুধু কেমোথেরাপি ও কলেজের শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা সহযোগিতা করা হয়। কাজ না থাকায় বেশির ভাগ সময় তাঁদের অলস বসে সময় কাটাতে হয়।
মিটফোর্ডের ক্যানসার বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও রেডিওথেরাপিস্ট রয়েছেন। দরকার দুজন অধ্যাপক, চারজন সহযোগী অধ্যাপক, আটজন সহকারী অধ্যাপক, ১৬ জন মেডিকেল অফিসার বা সমমানের চিকিৎসক। এ ছাড়া আটজন টেকনোলজিস্ট এবং নার্স, ওয়ার্ড বয়, আয়াসহ ৩০ জন জনবল দরকার।
এ বিষয়ে বক্তব্য জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলামের মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। সহকারী পরিচালক ডা. মফিজুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ক্যানসার বিভাগের যন্ত্রপাতির দাম অনেক বেশি। বর্তমানে যেখানে ক্যানসার বিভাগ রয়েছে, সেখানে যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব নয়। নতুন ভবন করেই মেশিন স্থাপন করতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে মিটফোর্ডের ক্যানসার বিভাগে সব ধরনের সেবা চালু করা খুবই জরুরি। বিভাগটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ক্যানসারে আক্রান্ত হচ্ছে ১১৪ জন। বিশেষজ্ঞরা বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ক্যানসারের প্রাদুর্ভাব বেশি।
গবেষণায় আরও দেখা গেছে, পুরুষদের মধ্যে ৭৩ শতাংশ ধূমপানে অভ্যস্ত। ৪১ শতাংশ পুরুষ ও ৬১ শতাংশ নারী সাদাপাতা, তামাক ও জর্দায় অভ্যস্ত। পাশাপাশি ৬৫ শতাংশ পুরুষ ও ৭৫ শতাংশ নারীর পান-সুপারি খাওয়ার অভ্যাস রয়েছে। এসব কারণে তাঁদের ক্যানসারের ঝুঁকি বাড়ছে।

বাংলাদেশে বর্ষা মৌসুমে বন্যা একটি পরিচিত দুর্যোগ। বন্যার সময় দূষিত পানি, কাদা, জীবাণু, রাসায়নিক পদার্থ এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে চোখের বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে। অনেকে সামান্য চোখ লাল হওয়া কিংবা জ্বালাপোড়াকে গুরুত্ব দেন না, কিন্তু সময়মতো চিকিৎসা না করালে তা গুরুতর....
৪৩ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ২৪৪ জন। একই সময়ে ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
১৫ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩০৬ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে তা প্রত্যাশিত সুফল না এনে বরং অনাকাঙ্ক্ষিত ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই ধরনের নীতিমালা সমস্যার মূল কারণ সমাধান না করে তরুণদের আরও কঠিনভাবে পর্যবেক্ষণযোগ্য অনলাইন প্ল্যাটফর্মে ঠেলে দিতে পারে।
২ দিন আগে