
‘বাংলাদেশে কমিউনিটি-ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ারে প্রথম শিক্ষার্থী নেটওয়ার্ক গঠনে’র উদ্দেশ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের কোনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো ২০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাসে।
প্যালিয়েটিভ কেয়ার হলো এমন একটি সমন্বিত সেবাপদ্ধতি, যার মাধ্যমে নিরাময়-অযোগ্য রোগীদের শারীরিক কষ্ট, মানসিক অশান্তি এবং অন্যান্য ভোগান্তি লাঘব করে তাদের জীবনমান উন্নত করার পাশাপাশি রোগী ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সহায়তা নিশ্চিত করা হয়।
ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি-বাংলাদেশ (আইপিসিএস-বি), প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি), নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম এলামনাই অব নর্থ আমেরিকার (বিএনডিএএনএ) যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি ২১, ২২, ২৪ ও ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক ও প্যালিয়েটিভ কেয়ার-বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মসূচিতে প্যালিয়েটিভ কেয়ারের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ দক্ষতা, কমিউনিটি অংশগ্রহণ, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা, নার্সিং কেয়ার, আধ্যাত্মিক বিষয়াবলি, কেয়ারারদের চ্যালেঞ্জ, সামাজিক, অর্থনৈতিক ও আবেগগত বিষয়, মৃত্যু ও মৃত্যুপথযাত্রা, শোক এবং শোক-পরবর্তী সহায়তা বিষয়ে তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
ওই প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি, ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, ড. মো. শহীদুল কবীর, চেয়ারম্যান, মাইক্রোবায়োলজি বিভাগ প্রমুখ।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ড. নাঈম আহমেদ, অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, ডা. নূরজাহান বেগম, ডা. মাহবুবা জাফরিন আহমদ, ডা. নিশা মর্তুজা, লায়লাতুল ফেরদৌস, রাহিমা আক্তার, শাহানা শারমীন, খালিদ আরাফাত অব্যয়, ডা. তাসনিম জেরিন, ডা. ওয়াই ওয়াই ম্রয় জন, ডা. মো. আশরাফ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া।
ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি-বাংলাদেশের (আইপিসিএস-বি) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্যালিয়েটিভ কেয়ারের মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেছেন। রোগী ও তাদের পরিবারের প্রতি মানবিক, সহানুভূতিশীল এবং সমন্বিত সেবা প্রদানে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি-বাংলাদেশ (আইপিসিএস-বি) এবং প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের (পিসিএসবি) সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, “বাংলাদেশে শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী প্যালিয়েটিভ কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা সময়ের দাবি। বিশ্বের অষ্টম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে নিরাময়-অযোগ্য রোগীদের জন্য কমিউনিটি-ভিত্তিক সেবার কোনো বিকল্প নেই। এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করতে পারে।”
বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার সভাপতি ডা. মোহাম্মদ নকীবউদ্দিন বলেন, ‘আমরা দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশের মানুষের কল্যাণে অবদান রাখতে চাই। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ারের শিক্ষা ও কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে এবং একটি সহমর্মী ও মানবিক সমাজ গড়ে তুলতে সহায়ক হবে।’
চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে, ২৮ জুন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ২৩ জন অংশগ্রহণকারীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আয়োজকেরা অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানান এবং প্যালিয়েটিভ কেয়ারের মানবিক সেবাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সবার সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
লেখক: সদস্যসচিব, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬২৩ ও নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭১৬।
২১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা হলো, সুস্থ থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি রাতে আট ঘণ্টা ঘুম প্রয়োজন। ১৮১৭ সালে ওয়েলশ শিল্পপতি রবার্ট ওউয়েন ‘আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন ও আট ঘণ্টা বিশ্রাম’-এর ধারণা তুলে ধরেছিলেন। সময়ের সঙ্গে এই ধারণা প্রায় প্রতিষ্ঠিত সত্যে পরিণত হলেও সাম্প্রতিক গবেষণা...
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৮ জন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও আটজন নারী।
১ দিন আগে
ব্রিটেনে এক বছরে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়েছে ১০ লাখেরও বেশি শিশু। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে জানানো হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ভুগছে উৎকণ্ঠায় বা অ্যাংজাইটিতে।
১ দিন আগে