Ajker Patrika

ক্যানসারে আক্রান্তদের পেডিকিউর যেমন হবে

শোভন সাহা
ক্যানসারে আক্রান্তদের পেডিকিউর যেমন হবে

পরিবারের কেউ ক্যানসার বা কর্কট রোগে আক্রান্ত হলে জীবনযাপনের সবকিছুতেই বাড়তি সতর্কতা মেনে চলার ব্যাপার থাকে। প্রসাধনী বা ত্বকচর্চার উপকরণের বেলাতেও খুব বাছবিচার করে তবেই সেগুলো ব্যবহার করা চাই। আমাদের শরীরের সবচেয়ে অবহেলিত অংশ হচ্ছে পায়ের পাতা ও পায়ের নখ। কিন্তু রোগাক্রান্ত ব্যক্তির শরীরের এই অংশেরও নিখুঁত যত্ন নেওয়া প্রয়োজন। তবে কোন ধরনের প্রসাধনী ও যন্ত্রপাতি দিয়ে পায়ের যত্ন নিতে হবে, তা জানা খুব জরুরি।

যেসব বিষয়ে নজর রাখা আবশ্যক

হাত ও পায়ের নখ কাটার যন্ত্রপাতিগুলো ব্যক্তিগত থাকা অর্থাৎ অন্য কারও ব্যবহার না করা নিরাপদ। এটি শুধু ক্যানসারের রোগীদের জন্য নয়, সবার জন্যই। নেইল কাটার, পুশার, কিউটিকল কাটার, নেইল ফাইলার—এসব ধারালো জিনিস। এগুলোর কারণে ত্বক কেটে গিয়ে রক্তপাত হতে পারে। ফলে এমন উপকরণ ব্যক্তিগত থাকা উচিত। বাড়িতে বা স্যালনে যেখানেই নখ কাটুন বা পেডিকিউর-মেনিকিউর করুন না কেন, ব্যক্তিগত কিট ব্যবহার করুন। পুরোনো ও মরিচা পড়া কিট থাকলে সেগুলো বদলে নতুন কিনে ব্যবহারের পর স্যানিটাইজ করে শুষ্ক অবস্থায় আবার প্যাক করে রাখতে হবে।

জেনে রাখা ভালো

ক্যানসার রোগীদের বিভিন্ন ওষুধ সেবন বা কেমোথেরাপির কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এসবের কারণে পায়ের তলায় জ্বালাপোড়া করে। ত্বকের ক্যানসার হলে আরও নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। সে ক্ষেত্রে পেডিকিউর বা পায়ের যত্ন নিতে হবে চিকিৎসকের পরামর্শে। তবে যাঁরা অন্যান্য ক্যানসারে আক্রান্ত, তাঁরা পায়ের ত্বকের সুস্থতা ও পরিচ্ছন্নতার জন্য কিছু বিষয় মেনে চলতে পারেন। তাতেও পেডিকিউর সেট আলাদা রাখতে হবে। পেডিকিউরের সময় নখ ব্রাশ করতে গিয়ে যেন রক্তপাত না হয়, সেদিকে নজর দিতে হবে। কারণ, এই শারীরিক অবস্থার সঙ্গে কাটাছেঁড়া বা অন্য কোনো অসুবিধা যুক্ত হয়ে গেলে রোগীর কষ্ট দ্বিগুণ হতে পারে।

যেভাবে পেডিকিউর করতে হবে

ক্যানসারে আক্রান্ত রোগীর জন্য মাইল্ড স্ক্রাব ব্যবহার করতে হবে। স্যালনে গিয়ে পেডিকিউর করালে এই স্ক্রাব নিয়ে যেতে হবে। রাতে ফুট বাম, ময়শ্চারাইজার ও লোশন ব্যবহার করলে পা ফাটার ধরন বুঝে ব্যবহার করতে হবে। ফুট ম্যাসাজের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল মাইল্ড ম্যাসাজ ক্রিম ব্যবহার করা জরুরি। কসমেটিকসের দোকানে এগুলো কিনতে পাওয়া যায়। এগুলো দিয়ে রোগী ব্যক্তিগত পেডিকিউর কিট ব্যাগ তৈরি করে নিতে পারেন। এ ছাড়া মানসম্পন্ন পারলারগুলোয় এসব উপকরণ সংরক্ষিত থাকে। সে ক্ষেত্রে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তারপর তাদের কাছ থেকে সেবা নিতে হবে। এখন অনেক পারলার বা স্যালনে পেডিকিউরের জন্য ইনটেক পাউচ ব্যাগ থাকে। আলাদা আলাদা ক্লায়েন্টের জন্য ওয়ান টাইম আলাদা পাউচ ব্যাগ ব্যবহার হয়। সেগুলো এ ধরনের রোগীর জন্য নিরাপদ।

পায়ে ক্ষত থাকলে বাড়িতে পেডিকিউরের সময় পা ভেজানোর জন্য কুসুম গরম পানিতে অ্যান্টিসেপটিক লিকুইড ব্যবহার করতে হবে। এই পানিতে মাইল্ড শ্যাম্পুর সঙ্গে একটু গ্লিসারিন মিশিয়ে তারপর পা ভেজাতে পারেন। ক্ষত থাকলে তা সাবধানে পরিষ্কার করতে হবে। এরপর সাবধানে নখ কেটে সুন্দর করে ফাইল করে নিতে হবে। তারপর পায়ে বিভিন্ন ধরনের ফুট ক্রিম ব্যবহার করতে পারেন। পায়ে ফাটা থাকলে রিপেয়ারিং বাম ব্যবহার করতে পারেন। এগুলো সুপারশপ বা ভালো মানের বিউটি স্যালনে পাওয়া যায়।

পায়ের আরামের জন্য

ম্যাগনেশিয়াম সল্ট কুসুম গরম পানিতে দিয়ে তাতে পা ভিজিয়ে রাখতে পারেন। এতে পায়ে ব্যথা থাকলে তা প্রশমিত হবে ও শরীর আরাম পাবে। পায়ে নরম ও আরামদায়ক জুতা ব্যবহার করতে হবে। এতে পায়ের হাড় ও ত্বকের ক্ষতির আশঙ্কা কমে যাবে। একটু দাম দিয়ে হলেও আরামদায়ক ও সঠিক মাপের জুতা কেনা শরীরের পক্ষে ভালো।

ক্যানসারের ধরন বুঝে চিকিৎসকের সঙ্গে কথা বলে পায়ের যত্নের একটি ধরন জেনে নিতে হবে। সেই অনুযায়ী স্যালনে গিয়ে বা বাড়িতে নিজের পায়ের যত্নের একটি রুটিন তৈরি করে সেটি মেনে চলা জরুরি। এতে পা পরিচ্ছন্ন থাকবে, আরামবোধও হবে এবং পায়ের ত্বকও থাকবে সুস্থ।

লেখক: কসমেটোলজিস্ট, স্বত্বাধিকারী, শোভন মেকওভার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত