Ajker Patrika

পেশিতে টান থেকে মুক্তির উপায়

ফিচার ডেস্ক
পেশিতে টান থেকে মুক্তির উপায়

গভীর রাতে আরামের ঘুমে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ পায়ের পেশিতে তীব্র টান বা ক্র্যাম্প ধরার যন্ত্রণা কমবেশি আমরা অনেকে টের পেয়েছি। গোড়ালির ওপর বা পায়ের মাংসপেশিতে হঠাৎ এই মোচড় দিয়ে ওঠার অনুভূতি ভীষণ বিরক্তিকর ও কষ্টদায়ক। সমস্যাটি শীতের সময়ে বা ঠান্ডার দিনে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তবে স্বস্তির বিষয় হলো, এই ধরনের নাইটটাইম ক্র্যাম্প সাধারণত ক্ষতিকর নয় এবং কোনো বড় স্বাস্থ্যঝুঁকির লক্ষণ নয়।

কেন রাতে বেশি হয় এই সমস্যা

বাল্টিমোরের জনস হপকিন্স মেডিসিনের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদের মতে, এর পেছনে মূল কারণ হলো ঘুমের সময় পায়ের ভুল পজিশন ও দীর্ঘক্ষণ নড়াচড়া না থাকা। সারা দিন হাঁটাচলার ফলে পেশি সংকুচিত ও প্রসারিত হলেও রাতে ঘুমানোর সময় আমরা যখন পা সোজা করে গোড়ালি বা আঙুল নিচের দিকে পয়েন্ট করে রাখি, তখন কাফ মাসল দীর্ঘ সময় ধরে সংকুচিত অবস্থায় থাকে। এ ছাড়া দিনের বেলা অতিরিক্ত পরিশ্রম বা নতুন ধরনের ভারী কাজও এর জন্য দায়ী হতে পারে।

ঠান্ডা দিনে কেন হয়

ঠান্ডা আবহাওয়ায় আমাদের শরীর তাপমাত্রা ধরে রাখার জন্য রক্তনালি সংকুচিত করে। এর ফলে পেশিগুলোও স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত বা সংকুচিত হয়ে থাকে। ফলে সামান্য নড়াচড়াতেই পেশিতে হুট করে টান বা ক্র্যাম্প ধরার প্রবণতা বাড়ে। শীতে ঠান্ডার কারণে অনেকেরই পানি পানের পরিমাণ কমে যায়। শরীরে সামান্য ডিহাইড্রেশন বা পানির ঘাটতি হলেও পেশিগুলো খুব সহজে খিটখিটে হয়ে ওঠে এবং রাতে ক্র্যাম্প দেখা দেয়। আবার শীতের সময় ভারী কম্বলের ওজনে ঘুমের মধ্যে পায়ের পাতা নিচের দিকে কুঁকড়ে থাকতে বাধ্য হয়। আগেই যেমন বলা হয়েছে, পায়ের পেশি দীর্ঘক্ষণ এই সংকুচিত অবস্থায় থাকলে রাতে হুট করে ক্র্যাম্প ধরার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি

  • মাঝেমধ্যে পায়ের টান ধরা স্বাভাবিক হলেও কিছু রেড ফ্ল্যাগ বা লক্ষণ দেখলে সতর্ক হতে হবে।
  • প্রায় প্রতি রাতেই ক্র্যাম্প হওয়া এবং ঘুম নষ্ট হওয়া।
  • পা ফুলে যাওয়া, লালচে হয়ে যাওয়া বা গরম অনুভূত হওয়া।
  • পায়ে অবশ ভাব, ঝিনঝিন করা বা দুর্বলতা দেখা দেওয়া।
  • নতুন কোনো ওষুধ শুরু করার পর থেকে সমস্যা বেড়ে যাওয়া।

প্রতিকার ও প্রতিরোধে করণীয়

স্ট্রেচিং: পা সোজা করে পায়ের আঙুল ও পাতা শিনের দিকে ওপরে লম্বালম্বি টানুন অথবা বিছানা ছেড়ে হালকা হেঁটে নিন।

ম্যাসাজ ও তাপ: পেশি শিথিল করতে হালকা হাতে মাংসপেশি ম্যাসাজ করুন বা গরম পানির সেঁক বা হিটিং প্যাড ব্যবহার করুন।

প্রতিরোধের জন্য যা করা উচিত

  • নিয়মিত জীবনযাত্রায় একটু সচেতনতা এবং ঘুমের পজিশনে পরিবর্তন এনে এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে অনেকটাই স্বস্তি পাওয়া সম্ভব।
  • ঘুমানোর আগে ১ থেকে ২ মিনিট কাফ ও হ্যামস্ট্রিংয়ের হালকা স্ট্রেচিং করুন।
  • ঘুমানোর সময় পায়ের পাতা যেন নিচের দিকে ঝুলে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে বালিশ ব্যবহার করতে পারেন।
  • পর্যাপ্ত পানি পান করুন।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, ডেইলি মেইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত