ডেঙ্গুতে এক দিনে আরও ৯ মৃত্যু, ছয়জনই ঢাকা বিভাগের

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৮২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪০৯ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবরেই প্রাণ গেছে ১৬৪ জনের।
আজ বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের। একজন করে মারা গেছে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে।
২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি; ৮১৬ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৪ জন, চট্টগ্রামে ৩১৩ জন, খুলনায় ২১৪ জন, ময়মনসিংহে ৮৪, রাজশাহী ২১৭, রংপুরে ১১৬ এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২৮ জন ভর্তি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন রোগী হাসপাতাল ছেড়েছে। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।









