আইসিডিডিআরবি ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা

খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী মানুষের প্রায় প্রতি পাঁচজনে একজনের আগামী ১০ বছরে মাঝারি থেকে উচ্চমাত্রার হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি রয়েছে। এর সঙ্গে উপকূলীয় জনপদগুলোর খাওয়ার পানিতে বাড়তি লবণাক্ততার সম্পর্ক থাকতে পারে বলে এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এ যৌথ গবেষণার প্রাথমিক ফলাফলে এই তথ্য উঠে এসেছে।
আজ সোমবার রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে ‘পানীয় জলের লবণাক্ততা ও স্বাস্থ্যের ওপর প্রভাব: বাংলাদেশের প্রমাণ ও নীতিগত সুপারিশ’ শীর্ষক নীতি ও ফলাফল প্রকাশের সেমিনারে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিয়া নাহিদ গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন করেন।
গবেষণার আওতায় খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭১টি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন ১৭২টি গ্রামে খাওয়ার পানির উৎসের লবণাক্ততা পরীক্ষা করা হয়। মোট ২৭ হাজার ৬৯৭টি পানির উৎস জরিপ করা হয়। এগুলোর মধ্যে ৬ হাজার ৭০৩টি বা ২৪ দশমিক ২ শতাংশ উৎসের পানি পান করার জন্য ব্যবহৃত হচ্ছিল। খাওয়ার পানির উৎসগুলোর মধ্যে কয়রায় ৫৫ দশমিক ৩ শতাংশ এবং আশাশুনিতে ২৩ দশমিক ৩ শতাংশ উৎসে লবণাক্ততা পাওয়া গেছে।
গবেষণার আরেকটি অংশে কয়রা ও আশাশুনির ৪০ বছর বা তার বেশি বয়সী ১৫ হাজার ৪৭১ জন মানুষের হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি মূল্যায়ন করা হয়। তাঁদের মধ্যে ২১ দশমিক ৬ শতাংশের আগামী ১০ বছরে মাঝারি থেকে উচ্চমাত্রার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি রয়েছে বলে অনুমান করা হয়েছে। গবেষণায় কমপক্ষে ১০ শতাংশ ঝুঁকি থাকাকে মাঝারি থেকে উচ্চমাত্রার ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে। কয়রায় ঝুঁকির হার ১৯ দশমিক ৭ শতাংশ এবং আশাশুনিতে ২৩ দশমিক ৬ শতাংশ।
গবেষণার ফলাফল উপস্থাপনকারী আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিয়া নাহিদ বলেন, ‘উপকূলীয় বাংলাদেশের লাখো মানুষের দৈনন্দিন জীবনের জন্য যে পানির ওপর নির্ভর করতে হয়, সেই পানিই ক্রমশ স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠছে। খাওয়ার পানির লবণাক্ততা এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়। পানির মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম (লবণ) গ্রহণ উচ্চ রক্তচাপের পাশাপাশি হৃদ্রোগ ও কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে। গর্ভাবস্থায় নারীরাও বাড়তি স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।’
সেমিনারে বলা হয়, প্রায় দুই দশক ধরে উপকূলীয় বাংলাদেশে পরিচালিত গবেষণায় খাওয়ার পানিতে লবণাক্ততার সঙ্গে রক্তচাপ বৃদ্ধির যোগসূত্র পাওয়া গেছে। তবে খাওয়ার পানির লবণাক্ততার ক্ষেত্রে এখনো সুনির্দিষ্ট কোনো স্বাস্থ্যভিত্তিক মাত্রা নির্ধারিত হয়নি। সোডিয়াম ও অন্যান্য খনিজ উপাদান স্বাস্থ্যের ওপর কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা চলমান।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক পাওলো ভিইনেইস বলেন, খাওয়ার পানির লবণাক্ততার জন্য এখনো সুনির্দিষ্ট কোনো স্বাস্থ্যভিত্তিক মাত্রা নির্ধারিত হয়নি। তিনি পানীয় জলের স্বাস্থ্যভিত্তিক মানদণ্ড নির্ধারণে উপযুক্ত নির্দেশিকা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।
এই গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে পানি ও প্রাথমিক স্বাস্থ্যসেবার সমন্বয়ে একটি সমন্বিত ‘ইন্টারভেনশন প্যাকেজ’ তৈরি করেছে গবেষণা দল। এর আওতায় কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, পানির উৎসের সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সুশাসন ও নজরদারি জোরদারের মাধ্যমে নিরাপদ খাওয়ার পানির প্রাপ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
কর্মসূচির আওতায় কমিউনিটি রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম (বৃষ্টির পানি সংগ্রহ), বালুর ফিল্টার ও নলকূপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খাওয়ার পানির উৎসের তথ্য সংরক্ষণ এবং তদারকির জন্য একটি ডিজিটাল রেজিস্ট্রি ও মনিটরিং ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে।
প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে কমিউনিটি মোবিলাইজেশন ও স্বাস্থ্যশিক্ষার পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের স্ক্রিনিং, রেফারেল, চিকিৎসা ও ফলোআপে অ্যালগরিদমভিত্তিক ‘ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম’ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক অ্যাড্রিয়ান বাটলার বলেন, ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস পুকুর ও অগভীর ভূগর্ভস্থ পানিতে দীর্ঘমেয়াদি লবণাক্ততা তৈরি করতে পারে। জলোচ্ছ্বাসের পর পানির উৎস দ্রুত পরিষ্কার ও পুনরুদ্ধারের পাশাপাশি উপকূলীয় পোল্ডার বা বাঁধের রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজন হলে তা আরও উঁচু করার ওপর গুরুত্ব দেন তিনি।
আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্যের প্রভাব-সম্পর্কিত তথ্য-প্রমাণ এখনো সীমিত। নিরাপদ খাওয়ার পানি, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও কমিউনিটির অংশগ্রহণকে যুক্ত করে তথ্য-প্রমাণ তৈরি ও সমাধান পরীক্ষা করার মাধ্যমে আইসিডিডিআরবি কাজ করছে।’
পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম বলেন, ‘উপকূলীয় জনগোষ্ঠীর জন্য লবণাক্ততা এরই মধ্যে বড় ধরনের স্বাস্থ্যসমস্যা। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততার অনুপ্রবেশ আরও বাড়বে। এটি মোকাবিলায় গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি।
সেমিনারে পানির গুণগত মান পর্যবেক্ষণ ও তথ্য আদান-প্রদান জোরদার, খাওয়ার পানিতে লবণের মাত্রার স্বাস্থ্যভিত্তিক নির্দেশিকা প্রণয়ন, আন্তমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি, পানির উৎসের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানির কার্যক্রমকে অসংক্রামক রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে একীভূত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডলারের দাম, কাঁচামাল, বিদ্যুৎ-জ্বালানি, মান নিয়ন্ত্রণ ও উৎপাদন ব্যয় বাড়লেও সে অনুযায়ী ওষুধের দাম সমন্বয় করা হচ্ছে না বলে দাবি করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বিএপিআই)। সংগঠনটির নেতারা বলছেন, বিশেষ করে অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়মিত পর্যালোচনা ও সমন্বয়ের ব্যবস্থা না থাকলে...
৫ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৯৪ জন।
৭ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
৯ ঘণ্টা আগে
সকালের নাশতা-সংক্রান্ত বেশির ভাগ পরামর্শে সাধারণত প্লেটে কী খাবার থাকবে, সেটাই বেশি গুরুত্ব পায়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ওপর করা একটি বড় গবেষণা বলছে, খাবার খাওয়ার সময়টাও গুরুত্বপূর্ণ হতে পারে। দিনের প্রথম ও শেষ ক্যালরি কখন গ্রহণ করা হচ্ছে, তার সঙ্গে একজন মানুষ কতদিন বাঁচবেন...
৯ ঘণ্টা আগে