Ajker Patrika

সেমিফাইনালে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামালের উদ্‌যাপনের ভিডিওটি এআই নির্মিত

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৭: ৩৭
সেমিফাইনালে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামালের উদ্‌যাপনের ভিডিওটি এআই নির্মিত
ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামালের উদযাপনের দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের ফাইনালে ওঠার পর তারকা ফুটবলার লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে উদযাপন করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে

গত ১৫ জুলাই ‘Soyod Nur’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজ ১৯ জুলাই দুপুর ১টা পর্যন্ত ভিডিওটি প্রায় ১ লাখ ৭৭ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ১৩ হাজার রিয়েকশন, ২০৪ কমেন্ট ও ৭৩৮ শেয়ার রয়েছে।

শেয়ার করা ভিডিওগুলোর কমেন্ট ও রিয়েকশন পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই ভিডিওটিকে সত্য মনে করেছেন। একজন কমেন্ট করেন, ‘এই জয়টা মনে হচ্ছে যেনো স্পেনের জয় না জেনো মুসলমান দেশের জয়।’ অপর একজন লিখেছেন, ‘ফাইনালে আমেরিকা জিততে দিবেনা। মিশরের মত।’ আরেকজন আবার বলেন, ‘আল্লাহ সবার মনের আশা পূরণ করুক আমিন।’

আজকের পত্রিকার অনুসন্ধান

ভিডিওতে দেখা যায়, ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দৌড়াচ্ছেন, অন্য খেলোয়াড়রা তাঁর পেছনে দৌড়াচ্ছেন। তবে ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে বেশকিছু অসঙ্গতি চোখে পড়ে।

ভিডিওতে ইয়ামালসহ একাধিক খেলোায়াড়ের জার্সি নম্বর ১৯ ও ২৪ দেখা যায়। লামিন ছাড়া অন্য কোনো খেলোয়াড়ের হাতে পতাকা না থাকলেও হঠাৎ ২৪ নম্বর জার্সি পরিহিত এক খেলোয়াড়ের হাতে ফিলিস্তিনের পতাকা দৃশ্যমান হয়। এ ছাড়া, ১৯ নম্বর জার্সি পরিহিত লামিন ইয়ামালের জার্সির পেছনে তাঁর নামের স্থলে ‘RRHENY’ লেখা দেখা যায়।

পাশাপাশি, ভিডিওটিতে একই ভঙ্গিতে খেলোয়াড়দের দৌড়ানো, একই চেহারার একাধিক খেলোয়াড় এবং দর্শক সারিতে পতাকা ওড়ানো ও দর্শকদের হাততালির দৃশ্যগুলোও অস্বাভাবিক এবং সন্দেহ তৈরি করে।

বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’-এর সাহায্য নেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

এআই বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট
এআই বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, গত ১৫ জুলাই অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে জায়গা নিশ্চিত করে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনাল নিশ্চিত করে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

সিদ্ধান্ত

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ের পর স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে উদযাপনের দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত