
‘গাইবান্ধার পলাশবাড়ী রাম মন্দিরে সেকুলাররা হামলা চালিয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রচারিত ভিডিওতে আরও দাবি করা হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা ব্যাহত করতে একদল ‘সেকুলার’ মন্দিরে গিয়ে পুরোহিতকে বেধড়ক মারধর করেছে।
এই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে।
গত ১৫ জুলাই ‘Mithila Bose’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজ ১৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি প্রায় ১ লাখ ৯ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ১ হাজারের ওপর শেয়ার রয়েছে।
শেয়ার করা ভিডিওগুলোর কমেন্ট ও রিয়েকশন পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই ভিডিওটিকে গাইবান্ধার পলাশবাড়ীর সাম্প্রতিক কোনো ঘটনা বলে ধরে নিয়েছেন এবং সাম্প্রদায়িক ঘৃণামূলক মন্তব্য করছেন।

ভিডিওটিতে দেখা যায়, মন্দিরের সামনে একদল ব্যক্তি লাঠি ও রড দিয়ে গেরুয়া পোশাক পরা এক বৃদ্ধকে বেধড়ক মারধর করছে। এ সময় ওই বৃদ্ধ হাতজোড় করে মারধর বন্ধের অনুরোধ করলেও হামলাকারীরা থামেনি।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘Republic World’-এর ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১৬ জুন শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের দেওরিয়া জেলার মাদনপুর থানাধীন বিখ্যাত বাবা মহেন্দ্রনাথ শিব মন্দিরের। সেখানে দানবাক্সের টাকা বণ্টনকে কেন্দ্র করে পুরোহিতদের দুই পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মন্দিরের নিয়ন্ত্রণ ও দানের অর্থ নিয়ে চলা বিরোধ একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মন্দিরের ব্যবস্থাপনা ও দানবাক্সের টাকা দীর্ঘদিন ধরে গোঁসাই পরিবারের সদস্যরা দেখভাল করে আসছিলেন। তবে ঘটনার প্রায় ১৫ দিন আগে থেকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যার নেতৃত্বে ছিলেন বশিষ্ঠ গিরি ও ত্রিপুরারি গিরি। সংঘর্ষের সময় সাধারণ ভক্তদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মাদনপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দ প্রসাদ।

আরও অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘Times of India’-এর ওয়েবসাইটে গত ১৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
পাশাপাশি, অনুসন্ধানে দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হলেও, এই উৎসবকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ীর রাম মন্দিরে পুরোহিতের ওপর হামলার কোনো প্রমাণ বা খবর পাওয়া যায়নি।

গাইবান্ধার পলাশবাড়ী রাম মন্দিরে রথযাত্রা ব্যাহত করতে সেকুলাররা গিয়ে পুরোহিতের ওপর হামলা করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। মূলত, ভারতের উত্তর প্রদেশে মন্দিরের দানবাক্সের টাকা ভাগাভাগি নিয়ে পুরোহিতদের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষের একটি পুরোনো ভিডিওকে পলাশবাড়ীতে মন্দিরে হামলা বলে ছড়ানো হচ্ছে।

আরাকান আর্মি বান্দরবানের থানচিতে ক্যাম্প স্থাপন করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে পোস্ট আছে ...
১০ ঘণ্টা আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুসলিমবিদ্বেষী বক্তব্যের জন্য এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রায় ৫০টিরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—কোটি টাকা খরচ করে মানুষের জীবন ছেড়ে কুকুর হলেন জাপানি যুবক। ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ভিডিওর ব্যক্তিটিকে জাপানের টোকো হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, প্রাণী হিসেবে জীবনযাপনের ইচ্ছে থেকে তিনি কোটি টাকা খর
১ দিন আগে
সম্প্রতি সাভারে আওয়ামী লীগ নেতা তুষারকে বিএনপির নেতা-কর্মীরা কুপিয়ে হত্যা করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে