Ajker Patrika

ফ্যাক্টচেক /‘বোনের ধর্ষককে গুলি করে হত্যা করল চাঁদপুরের শিশু’— ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
‘বোনের ধর্ষককে গুলি করে হত্যা করল চাঁদপুরের শিশু’— ভাইরাল ফটোকার্ডটি ভুয়া
চাঁদপুরে বোনের ধর্ষককে গুলি করে হত্যা দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

চাঁদপুরে বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে চার রাউন্ড গুলি করে বোনের ধর্ষণকারীকে হত্যা করেছে ১১ বছরের এক কিশোর—এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে সামাজিক মাধ্যমে পোস্ট রয়েছে এখানে, এখানে, এখানে এবং এখানে

‘Inside Bangla’ নামের একটি পেজ থেকে ১২ এপ্রিল বেলা ১২টার দিকে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। পোস্টটিতে দাবি করা হয়, শিশুটি বোনের ধর্ষণের প্রতিশোধ নিতে অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পোস্টের ক্যাপশনে শিশুটিকে শাস্তি না দিয়ে পুরস্কৃত করার আহ্বানও জানানো হয়।

শেয়ার করা পোস্টটির কমেন্ট বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী ঘটনাটিকে সত্য বলে মনে করেছেন এবং অভিযুক্তের পক্ষে মত দিয়েছেন।

আলোচিত পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট
আলোচিত পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, একটি ছবিতে হাতকড়া পরা এক কিশোরকে কয়েকজন পুলিশ মিলে ধরে নিয়ে যেতে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে একটি আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, তথ্যটি জাতীয় দৈনিক ইত্তেফাক থেকে নেওয়া।

সংশ্লিষ্ট সূত্র ধরে অনুসন্ধানে ইত্তেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ বিষয়ে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড পাওয়া যায়নি। কি-ওয়ার্ড সার্চেও অন্য কোনো গণমাধ্যমে এমন ঘটনার তথ্য মেলেনি।

আরও অনুসন্ধানে ‘Ariful Islam’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ১২ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে থাকা হাতকড়া পরা ছেলেটির চেহারার সঙ্গে ভাইরাল দাবিতে ছড়ানো ছবির কিশোরের কিছুটা অমিল থাকলেও, তাঁর পরিহিত পোশাক, ব্যাকগ্রাউন্ড, হাতের অবস্থান এবং সামনে-পেছনে থাকা পুলিশের অবস্থান ও চেহারার সঙ্গে ফটোকার্ডটির হুবহু মিল পাওয়া যায়।

প্রচারিত ছবির সঙ্গে Ariful Islam-এর প্রচারিত ভিডিওর সাদৃশ্য। স্ক্রিনশট
প্রচারিত ছবির সঙ্গে Ariful Islam-এর প্রচারিত ভিডিওর সাদৃশ্য। স্ক্রিনশট

ভিডিওটির বর্ণনা ও পোস্টকারীর কমেন্টে বলা হয়েছে, আটক ব্যক্তির নাম মো. বিজয়, বয়স ১৮ বছর। অভিযোগ অনুযায়ী, তিনি মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চাইলে না পেয়ে ঘরের শোকেস ভেঙে ২৫ হাজার টাকা চুরি করেন। এ ঘটনায় তাঁর মা মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

এর আগে ওই ভিডিওটি ১৩ বছরের শিশু ও রাজনৈতিক প্রেক্ষাপটে — মিথ্যা তথ্য দিয়ে ছড়ানো হয়েছিল।

অন্যদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে একই দাবিতে ছড়ানো পোস্ট বিশ্লেষণে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত।

সব মিলিয়ে বিশ্লেষণে দেখা যায়, ভাইরাল ফটোকার্ডে ব্যবহৃত মূল ছবিটি একটি ভিন্ন ঘটনার—যেখানে চুরির অভিযোগে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে সেই ছবির সঙ্গে এআই বা ডিজিটাল সম্পাদনার মাধ্যমে ভিন্ন মুখ যুক্ত করে বিভ্রান্তিকর গল্প তৈরি করা হয়েছে।

সিদ্ধান্ত

চাঁদপুরে ১১ বছরের এক শিশু বাবার পিস্তল দিয়ে বোনের ধর্ষককে গুলি করে হত্যা করেছে—এমন দাবি সম্পূর্ণ ভুয়া। ভাইরাল ফটোকার্ডে ব্যবহৃত ছবি ভিন্ন ঘটনার এবং তা কৃত্রিমভাবে সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত