ফ্যাক্টচেক /গাজীপুরে পোশাকশ্রমিকদের কলোনিতে অগ্নিসংযোগ দাবিতে প্রচারিত ভিডিওটি কুমিল্লার

গাজীপুরে পোশাকশ্রমিকদের কলোনিতে সরকারদলীয় লোকজন আগুন ধরিয়ে দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘A S Joy’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, ‘এই মুহূর্তে আগুন গাজীপুরে পোশাকশ্রমিকদের কলোনিতে আগুন ধরিয়ে দিয়েছে সরকারদলীয় সন্ত্রাসী বাহিনী। অধিকার চাইতে গিয়ে সরকার যুদ্ধ ঘোষণা করেছে শ্রমিকদের বিরুদ্ধে।’
পোস্টগুলোতে কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অনেক ব্যবহারকারী ঘটনাটির জন্য সরকারকে দায়ী করছেন। কেউ কেউ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আবার একজন সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরে পোশাকশিল্প খাতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওটিতে বেশ কয়েকটি টিনের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় এবং পাশের রাস্তায় কয়েকজন মানুষকে দাঁড়িয়ে কথা বলতে শোনা যায়।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘Apukhan Chowdhury’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ নভেম্বর পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ১৪ নভেম্বর ভোর ৪টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভি ও মাছরাঙা টিভি-র ফেসবুক পেজেও ‘কুমিল্লার ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড’ ক্যাপশনে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধানে স্থানীয় সংবাদমাধ্যম কুমিল্লার কাগজ-এর অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ আগুন: পুড়ে ছাই ১২ দোকান, ক্ষতি ৮ কোটি টাকা’ শিরোনামের ওই প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মাণসামগ্রী ও টিনের দোকানসহ ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয় এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া জাতীয় পর্যায়ের আরও কিছু গণমাধ্যমেও কুমিল্লার এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
সিদ্ধান্ত
গাজীপুরে পোশাকশ্রমিকদের কলোনিতে সরকারদলীয় সন্ত্রাসী বাহিনী আগুন ধরিয়ে দিয়েছে—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি গাজীপুরের কোনো ঘটনার নয়। এটি গত ১৪ নভেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও, যা গাজীপুরে শ্রমিকদের কলোনিতে অগ্নিসংযোগের দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে।









