Ajker Patrika

ফ্যাক্টচেক /পাকিস্তানের ঘটনাকে বাংলাদেশে হিন্দু নারীকে নির্যাতন বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
পাকিস্তানের ঘটনাকে বাংলাদেশে হিন্দু নারীকে নির্যাতন বলে প্রচার
বাংলাদেশে হিন্দু নারী নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

‘Sakina Khan’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ নারী হওয়া সত্ত্বেও তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। দেশটির সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব ৩ শতাংশের কাছাকাছি উল্লেখ করে পোস্টে প্রশ্ন তোলা হয়, তাহলে নারীদের অধিকার সুরক্ষায় আইন প্রণয়ন করবে কারা? বিশ্বের উচিত বাংলাদেশের বাস্তব পরিস্থিতি দেখা।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ভিডিওতে এক নারীকে মাথার চুল ধরে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়। এ সময় কয়েকজন নারী ও পুরুষ মিলে তাঁকে মারধর করে। আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে দেশের কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এ ঘটনার সমর্থনে তথ্য পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘SSG of Pti’ নামের একটি এক্স অ্যাকাউন্টে হুবহু একই ভিডিও পাওয়া যায়। ২০২৪ সালের ১ এপ্রিল উর্দু ভাষায় পোস্ট করা ওই পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, কাজে যোগ না দেওয়ার শাস্তি হিসেবে এক নারীকে নির্যাতন করা হচ্ছে। ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর নির্বাচনী এলাকার। সেখানে এক প্রভাবশালী জমির মালিকের লোকজন ওই নারীকে টেনেহিঁচড়ে নিয়ে নির্যাতন করেন।

তবে ওই পোস্টের কমেন্টে পাকিস্তানি পাঞ্জাব পুলিশের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের একটি কমেন্ট পাওয়া যায়। ওই কমেন্টে তারা জানান, এই ঘটনাটি ২০২২ সালের জানুয়ারিতে শিয়ালকোটে ঘটে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়। অনুগ্রহ করে পুরনো খবরে মিথ্যা ক্যাপশন জুড়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।

পাঞ্জাব পুলিশের কমেন্ট। ছবি: স্ক্রিনশট
পাঞ্জাব পুলিশের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া, ২০২২ সালে অন্য একটি অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওর মিল রয়েছে। ৯ জানুয়ারি শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাকিস্তানের শিয়ালকোটে প্রভাবশালী ব্যক্তিদের হাতে মুনাওয়ার নামে এক বৃদ্ধা নারী চরম নির্যাতনের শিকার হয়েছেন। চুল ধরে টেনেহিঁচড়ে তাঁকে নিয়ে যাওয়ার এই লজ্জাজনক ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। ঘটনাটি শিয়ালকোটের কোটলি সৈয়দ আমির থানার পালুরা কালান এলাকায় ঘটেছে, যা সমাজে জুলুম ও অবিচারের চরম চিত্রকে সামনে নিয়ে এসেছে।

২০২২ সালের পোস্ট। ছবি: স্ক্রিনশট
২০২২ সালের পোস্ট। ছবি: স্ক্রিনশট

এ বিষয়ে অনুসন্ধানে ‘Nine arrested for torture of woman in Sialkot’ শিরোনামে পাকিস্তানি গণমাধ্যম ডনের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের শিয়ালকোট জেলার পালুরা কালান গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে নির্যাতনের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আগেও দুই পক্ষের সদস্যদের মধ্যে একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়। গত শনিবার বিরোধী পক্ষের দুই নারী মুনাওয়ার কানওয়াল ও নাসরিন বিবির মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাসরিন তাঁর স্বজনদের নিয়ে মুনাওয়ারের ওপর নির্যাতন চালান। নাসরিনের এক চাচাতো ভাই মুনাওয়ারের চুল ধরে গ্রামের রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যান। এ সময় নারীসহ অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে চড়, ঘুষি ও লাথি মারেন এবং লোহার রড দিয়েও আঘাত করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শক রাও সরদার আলী খান গুজরানওয়ালার আঞ্চলিক পুলিশ কর্মকর্তার কাছে প্রতিবেদন চান এবং শিয়ালকোট পুলিশকে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে মুনাওয়ারের অভিযোগের ভিত্তিতে কোটলি সৈয়দ আমির থানার পুলিশ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে। তাঁদের মধ্যে আরিফ, তিমুর কাসিম, নূর হোসেন, হায়দার আলী, মুবাশির আলী, জিশান আলী, আসাদ আলী, সাজ্জাদ হোসেন ও ইয়াসমিন বিবিসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। আরও কিছু পাকিস্তানি গণমাধ্যমেও একই তথ্য সংবলিত প্রতিবেদন পাওয়া যায়।

আজকের পত্রিকার তুলনাচিত্র।
আজকের পত্রিকার তুলনাচিত্র।

সিদ্ধান্ত

বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২০২২ সালের জানুয়ারিতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মুনাওয়ার কানওয়াল নামের এক নারীকে নির্যাতনের।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত