Ajker Patrika

পেট্রলপাম্পে মানুষের রাতযাপনের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্টচেক ডেস্ক  
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৮: ৫৬
পেট্রলপাম্পে মানুষের রাতযাপনের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি
পেট্রল পাম্পে মানুষের রাত্রিযাপন দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রল পাম্পে মোটরসাইকেলের সারি এবং মানুষের রাতযাপনের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে এটিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হিসেবে দাবি করা হচ্ছে। বেশকিছু অ্যাকাউন্ট ও পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেল (অকটেন, পেট্রল ও ডিজেল) ও গ্যাস বিক্রির পাম্পগুলোতে যানবাহনের ভিড় ও দীর্ঘ সারি দেখা গেছে। অনেক জায়গায় যানবাহনের সারি রাস্তায় ছড়িয়ে গেছে। কিছু পাম্পে আবার জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। এমন সময়ে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি মুহূর্তেই সবার নজর কাড়ে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে

ইনস্টাগ্রামে পোস্ট আছে এখানে। এক্স-এ পোস্ট আছে এখানে

Golam Maula Rony নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল (২৮ মার্চ) রাতে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টটি আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়ানো পোস্টের একটি। ‘এই দৃশ্য কি বাংলাদেশের! পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা কি সরকার বাহাদুর টের পাচ্ছে!’—ক্যাপশনে শেয়ার করা পোস্টটিতে আজ (২৯ মার্চ) বেলা ১২টা পর্যন্ত ৩ হাজার ৫০০ রিয়েকশন পড়েছে। এ ছাড়া পোস্টটিতে ৮৭১টি কমেন্ট এবং ৬৪৭টি শেয়ার রয়েছে।

FC TV24 নামের একটি পেজ থেকেও আলোচিত দাবিতে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, গভীর রাতে তেল আসার সংবাদ পেয়ে শত শত বাইকের সিরিয়াল, কর্তৃপক্ষ বলেছে তেল আসতে এখনো ৩-৪ ঘণ্টা সময় লাগবে। তাই ফিলিং স্টেশনেই অনেকেই ঘুমিয়ে পড়েছে। ২০০ টাকার তেলের জন্য কতটা স্যাক্রিফাইস, ঘর-সংসার ফেলে রেখে ফিলিং স্টেশনেই রাতযাপন করছে তারা।

আলোচিত দাবিতে এসব পোস্টের কমেন্ট যাচাইয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছবিটি যাচাইয়ে বেশ কিছু অসংগতি পাওয়া যায়। ভাইরাল ছবিতে দেখা যায়, বেশ কয়েকজন পেট্রল পাম্পের সামনে মাটিতে শুয়ে ঘুমাচ্ছেন এবং চারপাশে অসংখ্য মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা আছে। বাস্তবে এমন পরিস্থিতি বিরল হওয়ায় এটি সন্দেহ তৈরি করে।

ছবিটি পর্যবেক্ষণে মোটরসাইকেলগুলোর গঠন ও বিন্যাসে অস্বাভাবিকতা চোখে পড়ে। অনেক বাইক প্রায় একই ডিজাইনের এবং অস্বাভাবিক ঘনিষ্ঠভাবে সাজানো, যা এআই ছবিতে সাধারণত দেখা যায়। ছবির বাম পাশে থাকা পেট্রল পাম্পের সাইনবোর্ডে ‘পেট্রল পাম্প বন্ধ’ লেখা চোখে পড়লেও, নিচের ছোট লেখা ও নীল অংশের লেখা অস্পষ্ট। কাছ থেকে লক্ষ্য করলে দেখা যায়, অক্ষরগুলো পুরোপুরি পাঠযোগ্য নয়, যা এআই ছবির একটি সাধারণ বৈশিষ্ট্য।

এ ছাড়া মানুষগুলোর অবস্থানেও অসংগতি রয়েছে। মাটিতে শুয়ে থাকা ব্যক্তিদের শরীরের অনুপাত এবং অবস্থান স্বাভাবিক মনে হয় না। অনেক ক্ষেত্রে একই ভঙ্গির পুনরাবৃত্তি দেখা যায়। পাশাপাশি ছায়ার দিকে তাকালেও ত্রুটি চোখে পড়ে।

সবকিছু মিলিয়ে ছবিটিতে একাধিক ভিজ্যুয়াল অসংগতি থাকায় এটি এআই দিয়ে তৈরি বা ম্যানিপুলেটেড হওয়ার সম্ভাবনাই বেশি। এ ছাড়া অনুসন্ধানে আলোচিত দাবিতে গণমাধ্যমে কোনো প্রতিবেদন কিংবা ভিন্ন দাবিতে একই ছবি ব্যবহারের নজির পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত হতে ফ্যাক্টচেক টিম এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation (হাইভ মডারেশন)-এর সহায়তা নেয়। পরীক্ষায় দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

ভাইরাল ছবির এআই টেস্ট। ছবি: স্ক্রিনশট
ভাইরাল ছবির এআই টেস্ট। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

পেট্রল পাম্পে মানুষের রাত্রিযাপনের দাবিতে ভাইরাল ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত