
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নতুন কমিটিতে সভাপতি হিসেবে আমান উল্লাহ আমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আবিদুল ইসলাম খানের নাম ঘোষণা করা হয়েছে।
এই দাবিতে ফেসবুকে একাধিক (১ ,২ ,৩) পোস্ট ছড়িয়ে পড়েছে এবং অনেক ব্যবহারকারী সেটিকে সত্য ধরে নিয়ে শেয়ার ও প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু পোস্টে নতুন নেতৃত্বের নাম উল্লেখ করে সেটিকে ‘ঘোষিত কমিটি’ হিসেবে দাবি করা হয়েছে।
মো. মনির নামের একটি অ্যাকাউন্ট থেকে আজ (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে ‘বিএনপি মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক গ্রুপে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। পোস্টটিতে বিকেল ৩টা ৩২ মিনিট পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ রিয়েকশন পড়েছে। এ ছাড়া এতে ৫৬৯টি কমেন্ট এবং ১৭৬টি শেয়ার রয়েছে।
পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, কেউ বিষয়টিকে সত্য মনে করে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ বলেছেন এটি ‘ভুয়া নিউজ’।
আজকের পত্রিকার অনুসন্ধান
বিষয়টি যাচাই করতে আলোচিত দাবির সঙ্গে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে দেশীয় গণমাধ্যমে অনুসন্ধান চালানো হয়। এতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট নেতাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট (১,২ ) থেকেও এমন কোনো ঘোষণা পাওয়া যায়নি। সাধারণত ছাত্রদলের মতো বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের নতুন কমিটি হলে তা মূলধারার সংবাদমাধ্যম এবং সংগঠনের অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে তেমন কোনো উৎস পাওয়া যায়নি।
আরও যাচাই করে দেখা যায়, ভাইরাল পোস্টগুলোতে কোনো নির্দিষ্ট সূত্র, বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক ঘোষণার উল্লেখ নেই। একই ধরনের লেখা বা ডিজাইনের পোস্ট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা ভুয়া বা অনুমাননির্ভর তথ্য প্রচারের একটি সাধারণ কৌশল।
এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে আজ দুপুর ১টার দিকে এক পোস্টে লেখেন, ‘প্রশিক্ষিত কর্মীরাই রাজনৈতিক দলের প্রাণ। আমাদের রাজনৈতিক পথচলার প্রতিটি মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই অমর উক্তি প্রযোজ্য। সংগঠনের কোনো সিদ্ধান্ত ছাড়া দায়িত্বজ্ঞানহীন ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছেন। পাশাপাশি কেউ কেউ সমালোচিত করার জন্য ইনটেনশনালি নামসর্বস্ব পেইজ থেকে পোস্ট দিচ্ছেন। আপনারা দয়া করে এসব বন্ধ করুন।’
প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আদিদুল ইসলাম খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সামাজিক যোগাযোাগমাধ্যমে অযথা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না।’

মূলত গত ১ মার্চ বর্তমান নেতৃত্বাধীন রাকিব-নাসির কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন কমিটি নিয়ে নানা আলোচনা চলছে। আসন্ন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নাম সামনে এলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সিদ্ধান্ত
ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ‘আমান’ ও সাধারণ সম্পাদক ‘আবিদুল ইসলাম খান’—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং এখনো ছাত্রদলের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আলোচিত দাবিটি ভিত্তিহীন।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও তাঁর পরিবার মুসলিমদের ধর্মীয় পোশাক পরে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন—এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সত্য মনে করে শেয়ার করছেন।
৫ দিন আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইরানি নারীরা তাঁদের মূল্যবান স্বর্ণালংকার দান করে সরকারকে যুদ্ধের সরঞ্জাম তৈরির কাজে সহায়তা করছেন।
৬ দিন আগে
চেলসি নারী ফুটবল দলের গোলকিপার ছিলেন জাইমা রহমান—ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এমন মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। জাইমা রহমানকে নিয়ে এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৬ দিন আগে
পূর্ণিমার রাতে মানুষের আচরণ বদলে যায়, মেজাজ খিটখিটে হয়, এমনকি অপরাধ প্রবণতাও বাড়ে—এমন ধারণা বহুদিন ধরে প্রচলিত। এই বিশ্বাসকে ‘লুনাসি ইফেক্ট’ বা ‘লুনার ইফেক্ট’ বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা জায়গায় প্রায়ই দাবি করা হয়, পূর্ণিমার প্রভাবে মানুষ বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে, এ সময় ঝগড়া-বিবাদ...
৭ দিন আগে